এ্যালকোহল উত্পাদন ইত্যাদি সম্পর্কে বিধান
১০৷ (১) এই আইনের অধীন প্রদত্ত লাইসেন্স ব্যতিরেকে কোন ব্যক্তি-
(ক) কোন ডিষ্টিলারী বা ব্রিউয়ারী স্থাপন করিতে পারিবেন না;
(খ) কোন এ্যালকোহল উত্পাদন, প্রক্রিয়াজাতকরণ, বহন, পরিবহন, আমদানী, রপ্তানী, সরবরাহ, ক্রয়, বিক্রয়, ধারণ, সংরক্ষণ, গুদামজাতকরণ, প্রদর্শন ও ব্যবহার করিতে পারিবেন না;
(গ) কোন এ্যালকোহল ঔষধ তৈরীর উপাদান হিসাবে ব্যবহার করিতে পারিবেন না৷
(২) এই আইনের অধীন প্রদত্ত পারমিট ব্যতীত কোন ব্যক্তি এ্যালকোহল পান করিতে পারিবেন না; এবং চিকিত্সার প্রয়োজনে অন্যুন সিভিল সার্জন বা মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের কোন সহযোগী অধ্যাপকের লিখিত ব্যবস্থাপত্রের ভিত্তি ছাড়া কোন মুসলমানকে এ্যালকোহল পান করার জন্য পারমিট দেওয়া যাইবে না [:
তবে শর্ত থাকে যে,-
(ক) মুচি, মেথর, ডোম, চা বাগানের কুলি ও উপ-জাতীয়গণ কর্তৃক তাড়ী ও পঁচুই পান করার ক্ষেত্রে, এবং
(খ) রাংগামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলাসমূহের উপ-জাতীয়গণ কর্তৃক ঐতিহ্যগতভাবে প্রস্তুতকৃত মদ উক্ত জেলাসমূহের উপ-জাতীয়গণ কর্তৃক পান করার ক্ষেত্রে, এই উপ-ধারার কোন কিছুই প্রযোজ্য হইবে না৷]
(৩) উপ-ধারা (২) এর অধীন প্রদত্ত ব্যবস্থাপত্রে যে রোগের চিকিত্সার জন্য এ্যালকোহল ব্যবহার করা আবশ্যিক সেই রোগের নাম উল্লেখ করিতে হইবে এবং উক্তরূপ আবশ্যকতা সম্পর্কে ব্যবস্থাপত্রে চিকিত্সকের প্রত্যয়ন থাকিতে হইবে৷
(৪) এই ধারায় যাহা কিছুই থাকুক না কেন, কোন বিদেশী নাগরিক লাইসেন্স প্রাপ্ত বার এ বসিয়া এ্যালকোহল পান করিতে পারিবেন৷
(৫) কুটনৈতিক পাসপোর্টধারী বিদেশী নাগরিক বা শুল্ক কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত পাসবইধারী বা প্রচলিত ব্যাগেজ রুলস এর দ্বারা স্বীকৃত ব্যক্তির ক্ষেত্রে ক্ষেত্রমত এ্যালকোহল আমদানী, রপ্তানী, ক্রয়, বহন, সংরক্ষণ বা পানের ব্যাপারে এই ধারার কোন কিছুই প্রযোজ্য হইবে না৷