লাইসেন্স ইত্যাদি সাময়িকভাবে স্থগিতকরণ
২৮৷ (১) ধারা ২৭ এ যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের অধীন লাইসেন্স, পারমিট বা পাস প্রদানকারী কোন কর্মকর্তার নিকট যদি ইহা প্রতীয়মান হয় যে, তত্কর্তৃক প্রদত্ত কোন লাইসেন্স, পারমিট বা পাসের শর্তাবলী যথাযথভাবে পালন করা হইতেছে না বা উহার শর্তাবলী লঙ্ঘন করা হইতেছে, তাহা হইলে উক্ত কর্মকর্তা, লিখিত আদেশ দ্বারা, এই অধ্যাদেশের অধীন অন্যান্য ব্যবস্থা গ্রহণ সাপেক্ষে, লাইসেন্স, পারমিট বা পাসটি অনূর্ধ্ব ষাট দিনের জন্য, সাময়িকভাবে স্থগিত করিতে পারিবেন৷
(২) কোন ব্যক্তি উপ-ধারা (১) এর অধীন প্রদত্ত কোন আদেশের দ্বারা সংক্ষুব্ধ হইলে তিনি আদেশ প্রাপ্তির তারিখ হইতে ত্রিশ দিনের মধ্যে-
(ক) আদেশটি যদি মহা-পরিচালকের অধঃস্তন কোন কর্মকর্তা কর্তৃক প্রদত্ত হইয়া থাকে, মহা-পরিচালকের নিকট;
(খ) আদেশটি যদি মহা-পরিচালক কর্তৃক প্রদত্ত হইয়া থাকে, সরকারের নিকট আপীল করিতে পারিবেন৷
(৩) উপ-ধারা (২) এ উল্লিখিত আপীল কর্তৃপক্ষের রায় চূড়ান্ত হইবে এবং উহার বিরুদ্ধে কোন আদালতে মামলা দায়ের করা যাইবে না৷