বাজেয়াপ্তকরণ পদ্ধতি
৩৪৷ (১) এই আইনের অধীন কোন অপরাধ বিচারকালে আদালত যদি এই সিদ্ধান্তে উপনীত হন যে, আটককৃত কোন বস্তু ধারা ৩৩ এর অধীন বাজেয়াপ্তযোগ্য, তাহা হইলে, আদালত, অপরাধ প্রমাণিত হউক বা না হউক,-
(ক) বস্তুটি মাদকদ্রব্য হইলে বাজেয়াপ্ত করার আদেশ দিবেন;
(খ) বস্তুটি মাদকদ্রব্য না হইলে বাজেয়াপ্ত করার আদেশ দিতে পারিবেন৷
(২) যদি কোন ক্ষেত্রে ধারা ৩৩ এর অধীন বাজেয়াপ্তযোগ্য কোন বস্তু আটক করা হয় কিন্তু উহার সহিত সংশ্লিষ্ট অপরাধীকে পাওয়া না যায় তাহা হইলে মহা-পরিচালক বা তাঁহার নিকট হইতে এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা, যিনি বস্তুটি আটককারী কর্মকর্তার ঊর্ধতন কর্মকর্তা হইবেন, লিখিত আদেশ দ্বারা উহা বাজেয়াপ্ত করিতে পারিবেন:
তবে শর্ত থাকে যে, উক্তরূপ বাজেয়াপ্তির আদেশ প্রদানের পূর্বে বাজেয়াপ্তির বিরুদ্ধে আপত্তি উত্থাপনের সুযোগ দেওয়ার জন্য বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে নোটিশ জারি করিতে হইবে এবং নোটিশে উল্লিখিত সময়ের মধ্যে, যাহা নোটিশ জারির তারিখ হইতে অন্যুন পনের দিন হইতে হইবে, আপত্তি উত্থাপনকারীকে শুনানীর যুক্তিসংগত সুযোগ দিতে হইবে৷
(৩) কোন ব্যক্তি উপ-ধারা (২) এর অধীন প্রদত্ত কোন আদেশের দ্বারা সংক্ষুব্ধ হইলে, তিনি আদেশপ্রাপ্তির তারিখ হইতে ত্রিশ দিনের মধ্যে-
(ক) আদেশটি যদি মহা-পরিচালকের অধঃস্তন কোন কর্মকর্তা কর্তৃক প্রদত্ত হইয়া থাকে, মহা-পরিচালকের নিকট;
(খ) আদেশটি যদি মহা-পরিচালক কর্তৃক প্রদত্ত হইয়া থাকে, সরকারের নিকট আপীল করিতে পারিবেন৷
(৪) উপ-ধারা (৩) এ উল্লিখিত আপীল কর্তৃপক্ষের রায় চূড়ান্ত হইবে এবং উহার বিরুদ্ধে আদালতে কোন মামলা দায়ের করা যাইবে না৷