পরোয়ানা ব্যতিরেকে তল্লাশী ইত্যাদির ক্ষমতা
৩৬৷ (১) মহা-পরিচালক বা তাঁহার নিকট হইতে এতদুদ্দেশ্যে সাধারণ বা বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা বা [পুলিশের উপ-পরিদর্শক] বা তদূর্ধ্ব কোন কর্মকর্তা বা কাষ্টমসের পরিদর্শক বা সমমান সম্পন্ন বা তদূর্ধ্ব কোন কর্মকর্তা, বা [বাংলাদেশ রাইফেলস্ এর অধঃস্তন বা তদূর্ধ্ব কোন কর্মকর্তা বা কোষ্ট গার্ড বাহিনীর কোন সদস্যের] এইরূপ বিশ্বাস করিবার কারণ থাকে যে, এই [আইনের] অধীন কোন অপরাধ কোন স্থানে সংঘটিত হইয়াছে, হইতেছে বা হওয়ার সম্ভাবনা আছে, তাহা হইলে অনুরূপ বিশ্বাসের কারণ লিপিবদ্ধ করিয়া, তিনি যে কোন সময়-
(ক) উক্ত স্থানে প্রবেশ করিয়া তল্লাশী করিতে পারিবেন এবং প্রবেশে বাধাপ্রাপ্ত হইলে, বাধা অপসারণের জন্য দরজা-জানালা ভাংগাসহ যে কোন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে পারিবেন;
(খ) উক্ত স্থানে তল্লাশীকালে প্রাপ্ত অপরাধ সংঘটনে ব্যবহার্য মাদকদ্রব্য বা বস্তু, এই [আইনের] অধীন আটক বা বাজেয়াপ্তযোগ্য বস্তু এবং এই [আইনের] অধীন কোন অপরাধ প্রমাণে সহায়ক কোন কোন দলিল, দস্তাবেজ বা জিনিষপত্র আটক করিতে পারিবেন;
(গ) উক্ত স্থানে উপস্থিত যে কোন ব্যক্তির দেহ তল্লাশী করিতে পারিবেন;
(ঘ) উক্ত স্থানে উপস্থিত কোন ব্যক্তিকে এই [আইনের] অধীন কোন অপরাধ করিয়াছেন বা করিতেছেন বলিয়া সন্দেহে গ্রেফতার করিতে পারিবেন৷
(২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, সূর্যাস্ত হইতে সূর্যোদয় পর্যন্ত সময়ের মধ্যে কোন স্থানে প্রবেশ করিয়া তল্লাশী পরিচালনা না করিলে অপরাধ সম্পর্কীয় কোন বস্তু নষ্ট বা লুপ্ত হইবার বা অপরাধী পালাইয়া যাইবার সম্ভাবনা আছে বলিয়া উক্ত উপ-ধারায় উল্লিখিত কোন কর্মকর্তার বিশ্বাস করিবার সংগত কারণ থাকিলে অনুরূপ বিশ্বাসের কারণ লিপিবদ্ধ করিয়া তিনি উক্ত সময়ের মধ্যে উক্ত স্থানে প্রবেশ ও তল্লাশী করিতে পারিবেন৷