ব্যাংক-হিসাব ইত্যাদি পরীক্ষা-নিরীক্ষা
৪৬৷ (১) যদি মহা-পরিচালক বা তদধীন কোন কর্মকর্তার এইরূপ বিশ্বাস করিবার যথেষ্ট কারণ থাকে যে, কোন ব্যক্তি এই আইনের অধীন কোন অপরাধের সহিত জড়িত থাকিয়া অবৈধ অর্থ ও সম্পদ সংগ্রহে লিপ্ত আছেন এবং উক্ত ব্যক্তির বিরুদ্ধে এই আইনের বিধান অনুসারে কার্যক্রম গ্রহণের জন্য তাঁহার ব্যাংক হিসাব বা আয়কর বা সম্পদকর সম্পর্কীয় রেকর্ডপত্র পরীক্ষা-নিরীক্ষা করা প্রয়োজন তাহা হইলে অনুরূপ বিশ্বাসের কারণ লিপিবদ্ধ করিয়া তিনি উক্ত হিসাব বা রেকর্ডপত্র পরীক্ষা-নিরীক্ষা করার [এবং, প্রয়োজন মনে করিলে, সংশ্লিষ্ট ব্যাংক হিসাব নিষ্ক্রিয়করণের (Freezing এর)] অনুমতি প্রদানের জন্য সেসন জজের নিকট আবেদন করিতে পারিবেন:
তবে শর্ত থাকে যে, মহা-পরিচালকের অধঃস্তন কোন কর্মকর্তা উক্তরূপ আবেদন করিবার পূর্বে মহা-পরিচালকের নিকট হইতে লিখিত অনুমতি গ্রহণ করিবেন৷
(২) উপ-ধারা (১) এর অধীন পেশকৃত আবেদন পর্যালোচনা করিয়া, এবং আবেদনকারীকে শুনানীর সুযোগ দিয়া, সেসন জজ আবেদনটি নিষ্পত্তি করিবেন এবং যদি তিনি প্রার্থীত অনুমতি যুক্তিসংগত বলিয়া মনে করেন, তাহা হইলে অনুমতি প্রদান করিবেন এবং উহার একটি অনুলিপি সংশ্লিষ্ট ব্যাংক ও কর কর্মকর্তার নিকট প্রেরণ করিবেন৷
(৩) উপ-ধারা (২) এর অধীন অনুমতি প্রাপ্ত কোন কর্মকর্তা তাঁহার পরীক্ষা-নিরীক্ষার অগ্রগতি ও ফলাফল সম্পর্কে সেসন জজকে, তত্কর্তৃক নির্ধারিত সময়ে, অবহিত করিবেন৷
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs