সম্পত্তি হস্তান্তর ইত্যাদি নিষিদ্ধ
৪৭৷ (১) এই আইনের অধীন কোন অপরাধের তদন্তকালে যদি তদন্তকারী কর্মকর্তার এইরূপ বিশ্বাস করিবার যথেষ্ট কারণ থাকে যে, কোন ব্যক্তির নিকট উক্ত অপরাধের মাধ্যমে উপার্জিত সম্পত্তি রহিয়াছে, তাহা হইলে অনুরূপ বিশ্বাসের কারণ লিপিবদ্ধ করিয়া, উক্ত সম্পত্তির বিক্রয়, বন্ধক, হস্তান্তর বা অন্য কোন প্রকার লেনদেন, তদন্ত কার্য সমাপ্ত না হওয়া পর্যন্ত, নিষিদ্ধ করিবার আদেশ প্রদানের জন্য তিনি সেসন জজের নিকট আবেদন করিতে পারিবেন৷
(২) উপ-ধারা (১) এর অধীন পেশকৃত আবেদন পর্যালোচনা করিয়া, এবং আবদেনকারী ও যাহার বিরুদ্ধে আবেদন করা হইয়াছে তাঁহাকে শুনানীর যুক্তি সংগত সুযোগ দিয়া, সেসন জজ আবেদনটি নিষ্পত্তি করিবেন এবং যদি তিনি প্রার্থীত আদেশ প্রদান যুক্তিসংগত বলিয়া মনে করেন, তাহা হইলে তিনি প্রার্থীত আদেশ প্রদান করিবেন:
তবে শর্ত থাকে যে, তিন মাসের মধ্যে তদন্ত কার্য সম্পন্ন না হইলে সেসন জজ, আবেদনকারী কর্মকর্তার আবেদনের ভিত্তিতে, উক্ত সময় অনূর্দ্ধ তিন মাস পর্যন্ত বর্ধিত করিতে পারিবেন:
তবে আরও শর্ত থাকে যে, উভয় পক্ষের শুনানীর পর আবেদনটির নিষ্পত্তি সাপেক্ষে, বিশেষ কারণে কেবলমাত্র আবেদনকারীকে শুনানী প্রদান করিয়া সেসন জজ আবেদনটির ব্যাপারে সাময়িক আদেশ জারি করিতে পারিবেন৷
(৩) এই আইনের অধীন কোন অপরাধের জন্য দায়েরকৃত কোন মামলা চলাকালীন সময়ে অভিযোগকারী যদি আদালতের নিকট এই মর্মে আবেদন করেন যে, অভিযুক্ত ব্যক্তির অপরাধ প্রমাণিত হইলে তাঁহার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রয়োজন হইবে এবং সেই কারণে তাঁহার সম্পত্তির বিক্রয়, বন্ধক, হস্তান্তর বা অন্য কোন প্রকার লেনদেন মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত, নিষিদ্ধ করার আদেশ প্রদান প্রয়োজন, তাহা হইলে আদালত উভয় পক্ষকে যুক্তিসংগত শুনানীর সুযোগ দিয়া প্রয়োজনবোধে উক্তরূপে আদেশ প্রদান করিবেন৷