রহিতকরণ ও হেফাজত
৫৬৷ (১) এই আইন প্রবর্তনের সংগে সংগে Opium Act, 1857 (Ben. Act XIII of 1857), Opium Act, 1878 (I of 1878), Excise Act, 1909 (Ben. Act V of 1909), Dangerous Drugs Act, 1930 (II of 1930) এবং Opium Smoking Act, 1932 (Ben. Act X of 1932), অতঃপর উক্ত আইনগুলি বলিয়া উল্লিখিত, রহিত হইবে৷
(২) উক্ত আইনগুলি উক্তরূপে রহিত হইবার সঙ্গে সঙ্গে-
(ক) Department of Narcotics and Liquar, অতঃপর বিলুপ্ত ডিপার্টমেন্ট বলিয়া উল্লিখিত, বিলুপ্ত হইবে;
(খ) বিলুপ্ত ডিপার্টমেন্টের সকল সম্পদ, অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব ও সন্নিবদ্ধ এবং স্থাবর ও অস্থাবর সম্পত্তি অধিদপ্তরে হস্তান্তরিত ও ন্যস্ত হইবে;
(গ) বিলুপ্ত ডিপার্টমেন্টের সকল কর্মকর্তা ও কর্মচারী অধিদপ্তরে বদলী হইবেন এবং উহার কর্মকর্তা ও কর্মচারী হইবেন এবং তাঁহারা উক্তরূপ বদলীর পূর্বে যে শর্তে চাকুরীতে ছিলেন, সরকার কর্তৃক যথাযথভাবে পরিবর্তিত না হওয়া পর্যন্ত সেই একই শর্তে উহার অধীনে চাকুরীতে থাকিবেন;
(ঘ) উক্ত আইনগুলির অধীন প্রণীত সকল বিধি, প্রদত্ত সকল আদেশ, জারীকৃত সকল প্রজ্ঞাপন বা নোটিশ এবং মঞ্জুরীকৃত সকল লাইসেন্স, পারমিট, পাস ও অনুমতি, এই আইনের বিধানাবলীর সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে, রহিত বা সংশোধিত না হওয়া পর্যন্ত, বলবত্ থাকিবে এবং এই আইনের অধীন প্রণীত, প্রদত্ত, জারীকৃত বা মঞ্জুরীকৃত হইয়াছে বলিয়া গণ্য হইবে;
(ঙ) বিলুপ্ত ডিপার্টমেন্ট কর্তৃক বা উহার বিরুদ্ধে দায়েরকৃত মামলা বা মোকদ্দমা অধিদপ্তর কর্তৃক বা উহার বিরুদ্ধে দায়েরকৃত মামলা বা মোকদ্দমা বলিয়া গণ্য হইবে৷
(৩) উক্ত আইনগুলির কোন একটির দ্বারা বা উহার অধীন আরোপিত কোন কর, শুল্ক বা ফিস বা অন্য কোন পাওনা, এই আইন প্রবর্তনের অব্যবহিত পূর্বে, অনাদায়ী থাকিলে উহা উক্ত আইন অনুযায়ী আদায় করা হইবে যেন উক্ত আইন রহিত হয় নাই৷
(৪) Excise Act, 1909 (Ben. Act V of 1909) এর অধীন প্রণীত আবগারী শুল্ক (Excise duty) সংক্রান্ত বিধিমালা এই আইনের অধীন আরোপিত মাদক শুল্ক সংক্রান্ত বিধিমালা বলিয়া গণ্য হইবে এবং মাদক শুল্ক সংক্রান্ত স্বতন্ত্র বিধিমালা প্রণীত না হওয়া পর্যন্ত উক্ত বিধিমালা, প্রয়োজনীয় সংশোধন সাপেক্ষে, বহাল থাকিবে এবং উহাতে যেখানে যেখানে “আবগারী শুল্ক” শব্দগুলি রহিয়াছে, সেখানে, অসংগতি না হইলে, “মাদক শুল্ক” পড়িতে হইবে৷
(৫) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ, ১৯৮৯ (অধ্যাদেশ নং ১৯, ১৯৮৯) এতদ্বারা রহিত করা হইল৷
(৬) উপ-ধারা (৫) এর অধীন রহিতকরণ সত্ত্বেও, রহিত অধ্যাদেশের অধীন কৃত কাজকর্ম বা গৃহীত ব্যবস্থা এই আইনের অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে৷