প্রিন্ট ভিউ

বিমান-নিরাপত্তা বিরোধী অপরাধ দমন আইন, ১৯৯৭

( ১৯৯৭ সনের ১৭ নং আইন )

চতুর্থ অধ্যায়

বিবিধ

কনভেনশনভুক্ত দেশ
২০৷ সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, কনভেনশনভুক্ত দেশসমূহের নাম এবং উক্ত দেশসমূহ কনভেনশনের কতটুকু গ্রহণ করিয়াছে তাহা প্রকাশ করিবে এবং উক্ত প্রজ্ঞাপন, উহাতে অন্তর্ভুক্ত বিষয়াদি সম্পর্কে, চূড়ান্ত সাক্ষ্য হইবে৷
কতিপয় বিমানকে কনভেনশনভুক্ত দেশে নিবন্ধনকৃত গণ্য করার ক্ষমতা
২১৷ সরকার এই মর্মে সন্তুষ্ট হয় যে, টোকিও কনভেনশনের আর্টিকেল ১৮ বা হেগ কনভেনশনের আর্টিকেল ৫ বা মন্ট্রিল কনভেনশনের আর্টিকেল ৯ এর শর্তাবলী কোন বিমানের ক্ষেত্রে পূরণ করা হইয়াছে, তাহা হইলে সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা এবং উহাতে উক্ত বিমান এবং সংশ্লিষ্ট কনভেনশনভুক্ত দেশের নাম উল্লেখক্রমে, এইরূপ নির্দেশ দিতে পারিবে যে, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, বিমানটিকে উক্ত দেশে নিবন্ধনকৃত একটি বিমান গণ্য করিতে হইবে৷
অপরাধীকে বহিঃসমর্পণ (Extradition) সংক্রান্ত বিধানাবলী
 
২২৷ Extradition Act, 1974 (LVIII of 1974), অতঃপর উক্ত Act বলিয়া উল্লিখিত, এর উদ্দেশ্য পূরণকল্পে এতদ্বারা ঘোষণা করা যাইতেছে যে,-
 
(ক) এই আইনের ধারা ১১, ১২, ১৩ এবং ১৪ এর অধীন অপরাধসমূহ উক্ত Act এর section 2(1)(a) তে প্রদত্ত সংজ্ঞাধীনে æExtradition Offence”;
 
(খ) হেগ বা মন্ট্রিল কনভেনশনভুক্ত কোন দেশের সহিত বহিঃসমর্পণ চুক্তি (Extradition Treaty) সম্পাদিত হইলে-
 
(অ) হেগ কনভেনশনভুক্ত দেশের সহিত সম্পাদিত চুক্তির ক্ষেত্রে, ধারা ১১ এবং ১২ এর অধীন অপরাধ, এবং
 
(আ) মন্ট্রিল কনভেনশনভুক্ত দেশের সহিত সম্পাদিত চুক্তি ক্ষেত্রে, ধারা ১৩ এবং ১৪ এর অধীন অপরাধ,
 
চুক্তিতে সুনির্দিষ্টভাবে উল্লিখিত না থাকিলেও, চুক্তিটির আওতাভুক্ত বলিয়া এবং অপরাধসমূহের ব্যাপারে চুক্তিটি আইনানুগভাবে সম্পাদিত বলিয়া গণ্য হইবে এবং সে অনুসারে উহা বাংলাদেশের উপর বাধ্যতামূলক হইবে;
 
(গ) টোকিও কনভেনশনভুক্ত দেশে নিবন্ধনকৃত কোন বিমান উড্ডয়নে থাকাকালে উহাতে উক্ত দেশের আইন অনুসারে কোন অপরাধ সংঘটিত হইলে, বিমানটি উক্ত দেশের অধিক্ষেত্রে থাকা বা না থাকা বা উহা একই সংগে অপর কোন রাষ্ট্রের অধিক্ষেত্রে থাকা নির্বিশেষে, অপরাধটি টোকিও কনভেনশনভুক্ত দেশের অধিক্ষেত্রে সংঘটিত হইয়াছে বলিয়া গণ্য হইবে;
 
(ঘ) হেগ কনভেনশনভুক্ত দেশে নিবন্ধনকৃত কোন বিমানের ক্ষেত্রে, ধারা ১১ বা ১২ এর অধীন কোন অপরাধ সংঘটিত হইলে, অথবা মন্ট্রিল কনভেনশনভুক্ত দেশে নিবন্ধনকৃত কোন বিমানের ক্ষেত্রে, ধারা ১৩ বা ১৪ এর অধীন কোন অপরাধ সংঘটিত হইলে, বিমানটি উক্ত কনভেনশনভুক্ত দেশের অধিক্ষেত্রে থাকা বা না থাকা বা একই সংগে অপর কোন দেশের অধিক্ষেত্রে থাকা নির্বিশেষে, অপরাধটি উক্ত কনভেনশনভুক্ত দেশের অধিক্ষেত্রে সংঘটিত হইয়াছে বলিয়া গণ্য হইবে৷
অপরাধের ব্যাপারে আইনগত কার্যধারা শুরুর ক্ষেত্রে বাধা নিষেধ
২৩৷ সরকারের বা তত্কর্তৃক ক্ষমতা প্রদত্ত ব্যক্তির পূর্ব অনুমোদন ব্যতীত এই আইনের অধীন কোন অপরাধের ব্যাপারে কোন বিচার কার্যক্রম শুরু করা যাইবে না৷
কতিপয় বিমানের ক্ষেত্রে সংশোধনসহ এই আইন প্রয়োগের ক্ষমতা
২৪৷ সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, নির্দেশ দিতে পারিবে যে, ধারা ২(১)(গ) এর দফা (আ) তে বর্ণিত বিমানের ক্ষেত্রে, এই আইনের সকল বা যে কোন বিধান প্রজ্ঞাপনে উল্লেখিত সংশোধন বা পরিবর্তনসহ প্রযোজ্য হইবে৷
দায়মুক্তি
২৫৷ এই আইনের বিধান বা তদধীন জারীকৃত প্রজ্ঞাপন, প্রদত্ত কোন ক্ষমতা বা আদেশ বা কৃত অনুরোধ মোতাবেক সরল বিশ্বাসে কৃত কোন কিছুর জন্য সরকার বা অন্য কোন ব্যক্তির বিরুদ্ধে কোন প্রকার মামলা বা অন্য কোন আইনগত কার্যধারা চলিবে না৷
ইংরেজীতে অনূদিত পাঠ প্রকাশ
২৬৷ এই আইন প্রবর্তনের পর সরকার সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইনের ইংরেজীতে অনূদিত একটি পাঠ প্রকাশ করিবে, যাহা এই আইনের অনুমোদিত ইংরেজী পাঠ নামে অভিহিত হইবে:
 
 
 
 
তবে শর্ত থাকে যে, এই আইনের বাংলা এবং ইংরেজী পাঠের মধ্যে কোন বিরোধের ক্ষেত্রে বাংলা পাঠ প্রাধান্য পাইবে৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs