পরিষদের গঠন
৫৷ (১) এই ধারার অন্যান্য বিধান সাপেক্ষে পরিষদ নিম্নরূপ সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:-
(ক) চেয়ারম্যান;
(খ) বার জন উপ-জাতীয় সদস্য;
(গ) ছয় জন অ-উপজাতীয় সদস্য;
(ঘ) দুইজন উপ-জাতীয় মহিলা সদস্য;
(ঙ) একজন অ-উপজাতীয় মহিলা সদস্য;
(চ) তিনটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান, পদাধিকারবলে৷
(২) চেয়ারম্যান উপ-জাতীয়গণের মধ্য হইতে নির্বাচিত হইবেন৷
(৩) উপ-ধারা (১)(খ) তে উল্লিখিত উপ-জাতীয় সদস্যগণের মধ্যে-
(ক) পাঁচজন নির্বাচিত হইবেন চাকমা উপজাতি হইতে;
(খ) তিনজন নির্বাচিত হইবেন মারমা উপজাতি হইতে;
(গ) দুইজন নির্বাচিত হইবেন ত্রিপুরা উপজাতি হইতে;
(ঘ) একজন নির্বাচিত হইবেন ম্রো ও তনৈচংগা উপজাতি হইতে;
(ঙ) একজন নির্বাচিত হইবেন লুসাই, বোম, পাংখো, খুমী, চাক ও খিয়াং উপজাতি হইতে৷
(৪) উপ-ধারা ১(গ) তে উল্লিখিত অ-উপজাতীয় সদস্যগণ প্রতিটি পার্বত্য জেলা হইতে দুইজন করিয়া নির্বাচিত হইবেন৷
(৫) উপ-ধারা ১(ঘ) তে উল্লিখিত দুইজন উপ-জাতীয় মহিলা সদস্যগণের একজন নির্বাচিত হইবেন চাকমা উপজাতির মহিলাগণের মধ্য হইতে এবং অপর একজন নির্বাচিত হইবেন অন্যান্য উপজাতির মহিলাগণের মধ্য হইতে৷
(৬) উপ-ধারা ১(ঙ) তে উল্লিখিত একজন অ-উপজাতীয় মহিলা সদস্য পার্বত্য জেলা তিনটির অ-উপজাতীয় মহিলাগণের মধ্য হইতে নির্বাচিত হইবেন৷
(৭) উপ-ধারা ১(চ) তে উল্লিখিত পরিষদের সদস্যগণের ভোটাধিকার থাকিবে৷
(৮) কোন ব্যক্তি অ-উপজাতীয় কিনা এবং হইলে তিনি কোন সম্প্রদায়ের সদস্য তাহা সংশ্লিষ্ট মৌজার হেডম্যান বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা ক্ষেত্রমত পৌরসভার চেয়ারম্যান কর্তৃক এতদুদ্দেশ্যে প্রদত্ত সার্টিফিকেটের ভিত্তিতে সার্কেল চীফ স্থির করিবেন এবং এতদ্সম্পর্কে সার্কেল চীফের নিকট হইতে প্রাপ্ত সার্টিফিকেট ব্যতীত কোন ব্যক্তি কোন অ-উপজাতীয় সদস্য পদের জন্য প্রার্থী হইতে পারিবেন না৷
(৯) কোন ব্যক্তি উপ-জাতীয় কিনা এবং হইলে তিনি কোন উপজাতির সদস্য তাহা সার্কেল চীফ স্থির করিবেন এবং এতদ্সম্পর্কে সার্কেল চীফের নিকট হইতে প্রাপ্ত সার্টিফিকেট ব্যতীত কোন ব্যক্তি উপ-জাতীয় হিসাবে চেয়ারম্যান বা কোন উপ-জাতীয় সদস্য পদের জন্য প্রার্থী হইতে পারিবেন না৷