নির্দিষ্ট ক্ষমতা ও সম্মতি দান এবং নির্দিষ্ট বিধি-নিষেধ আরোপ
৩২৷ (১) আপাততঃ বলবত্ অন্য কোন আইন অথবা কোন চুক্তি বা অন্য কোন দলিল দস্তাবেজে যাহা কিছুই থাকুক না কেন, ফাউন্ডেশন প্রতিষ্ঠার সংগে সংগে-
(ক) ধারা ৩১ এর দফা (ঘ) তে উল্লিখিত প্রকল্পসমূহের সহিত কাজ-কারবার বা অন্য কোন লেন-দেন সম্পাদনের ব্যাপারে টিবিসিসিএ সমূহ, উহাদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ বা এজেন্টগণ কর্তৃক ক্ষমতা প্রয়োগ অথবা অনুমোদন ও সম্মতি প্রদানের অধিকারসমূহ, টিবিসিসিএ সমূহ, উহাদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ বা এজেন্টগণের অথবা অন্য কোন ব্যক্তির নামে ব্যাংক হিসাবসমূহ পরিচালনার অধিকারসহ, ফাউন্ডেশনের কার্যাবলীর সুষ্ঠু পরিচালনা এবং এই আইনের বিধানাবলীকে পূর্ণভাবে কার্যকর করার উদ্দেশ্যে, ফাউন্ডেশনের নিকট হস্তান্তরিত বা ন্যস্ত হইয়াছে বলিয়া গণ্য হইবে এবং এইরূপ হস্তান্তরিত ও ন্যস্ত অধিকার সংশ্লিষ্ট ব্যাংক ও অন্যান্য ব্যক্তিসহ সংশ্লিষ্ট সকল কর্তৃক স্বীকৃত হইবে এবং ফাউন্ডেশন যেইরূপ নির্ধারণ করিবে সেইরূপে উক্ত অধিকার, কর্তৃত্ব বা সুবিধাসমূহ প্রয়োগ করিবে;
(খ) ফাউন্ডেশন প্রতিষ্ঠার পূর্বে যে কোন সময় আরডি-১২, আর, বি, পি অথবা আর, বি, আই, পি প্রকল্পসমূহের কর্মকাণ্ডে অংশগ্রহণকারী অথবা উহাদের সহিত নিবন্ধনকৃত প্রাথমিক সমিতিসমূহের সদস্যদের সহিত যে কোন কাজ-কারবার সম্পাদন বা সেবা প্রদানের যে অধিকার অথবা কর্তৃত্ব অথবা সুবিধা টিবিসিসিএ সমূহের ছিল তাহার অবসান হইবে এবং সেই অধিকার অথবা কর্তৃত্ব অথবা সুবিধা ফাউন্ডেশনের নিকট ন্যস্ত হইয়াছে বলিয়া গণ্য হইবে এবং ফাউন্ডেশন যেইরূপ নির্ধারণ করিবে সেইরূপে উক্ত অধিকার, কর্তৃত্ব বা সুবিধাসমূহ প্রয়োগ করিতে পারিবে;
(গ) প্রাথমিক সমবায় সমিতিসমূহ অথবা উহাদের সদস্যদের উপর টিবিসিসিএসমূহের, উহাদের কর্মচারী এবং এজেন্টদের এইরূপ কোন কর্তৃত্ব, এখতিয়ার, নিয়ন্ত্রণ অথবা প্রভাব থাকিবে না যাহা উপরোক্ত সমিতিসমূহ বা উহাদের সদস্যদের সহিত ফাউন্ডেশন, উহার কর্মকর্তা ও কর্মচারী কর্তৃক কাজ-কারবার অথবা অন্য কোন লেনদেন সম্পাদনের ক্ষেত্রে নিষিদ্ধকরণ, প্রতিবন্ধকতা অথবা হস্তক্ষেপমূলক প্রভাব ফেলিতে পারে;
(ঘ) টিবিসিসিএ সমূহ, উহাদের কর্মকর্তা এবং এজেন্টগণ প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে এইরূপ কোন কাজ করিবেন না বা এমন কোন কাজে নিয়োজিত হইবেন না যাহা যে কোনভাবে ফাউন্ডেশনের কাজে বিঘ্ন ঘটাইতে অথবা হস্তক্ষেপ করিতে পারে অথবা বিঘ্ন ঘটানোর বা হস্তক্ষেপমূলক প্রভাব ফেলিতে পারে;
(২) টিবিসিসিএ সমূহ, উহাদের কর্মকর্তা এবং এজেন্টগণ উপধারা (১) এর দফা (খ) তে উল্লিখিত প্রাথমিক সমবায় সমিতির সদস্যদের সহিত এইরূপ কোন কাজ-কারবার সম্পাদন বা সেবা প্রদান করিবেন না অথবা এইরূপ কোন কাজ-কারবার সম্পাদনে বা সেবা প্রদানে নিয়োজিত হইবেন না যাহা ফাউন্ডেশন কর্তৃক উহাদের সহিত সম্পাদিত কাজ-কারবার বা উহাদিগকে প্রদত্ত সেবার মত বা অনুরূপ হইবে৷