অধিদপ্তর, ইত্যাদি বিলোপ
২৭৷ (১) এই আইন বলবত্ হইবার সঙ্গে সঙ্গে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনস্থ গৃহ সংস্থান অধিদপ্তর এবং কমিশনার (পত্তন) কার্যালয়, অতঃপর উক্ত অধিদপ্তর ও কার্যালয় বলিয়া উল্লিখিত, বিলুপ্ত হইবে এবং বিলুপ্ত হইবার অব্যবহিত পূর্বে বিলুপ্ত অধিদপ্তর ও কার্যালয়-
(ক) এর সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তি, নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ এবং এতদসংক্রান্ত সকল দাবী ও অধিকার কর্তৃপক্ষের নিকট হস্তান্তর হইবে এবং কর্তৃপক্ষ উহার অধিকারী হইবে;
(খ) এর সকল ঋণ, দায় ও দায়িত্ব কর্তৃপক্ষের ঋণ, দায় ও দায়িত্ব বলিয়া গণ্য হইবে;
(গ) এর কর্তৃক দায়েরকৃত মামলা-মোকদ্দমা কর্তৃপক্ষ কর্তৃক দায়েরকৃত মামলা-মোকদ্দমা বলিয়া গণ্য হইবে;
(ঘ) এর বিরুদ্ধে দায়েরকৃত মামলা-মোকদ্দমা কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়েরকৃত মামলা-মোকদ্দমা বলিয়া গণ্য হইবে;
(ঙ) এর সকল কর্মকর্তা ও কর্মচারী, কোন চুক্তি, দলিল বা চাকুরীর শর্তে যাহা কিছু থাকুক না কেন, উপ-ধারা (২) এর বিধানাবলী সাপেক্ষে, কর্তৃপক্ষের কর্মকর্তা ও কর্মচারী হিসাবে কর্তৃপক্ষের চাকুরীতে নিয়োজিত থাকিবেন৷
(২) উপ-ধারা (১) (ঙ) এ উল্লেখিত কর্মকর্তা ও কর্মচারী কর্তৃপক্ষের চাকুরীতে নিয়োজিত থাকিতে না চাহিলে তিনি, এই আইন বলবত্ হইবার ছয় মাসের মধ্যে, সেইমর্মে লিখিতভাবে চেয়ারম্যানের নিকট তাহার ইচ্ছা ব্যক্ত করিতে পারিবেন৷
(৩) যদি উক্ত অধিদপ্তর ও কার্যালয়ের কোন কর্মকর্তা বা কর্মচারী উপ-ধারা (২) এর অধীন কর্তৃপক্ষের চাকুরীতে নিয়োজিত না থাকার ইচ্ছা ব্যক্ত করেন এবং সরকারী চাকুরীতে বহাল থাকিতে চাহেন, তাহা হইলে উক্ত কর্মকর্তা বা কর্মচারীর ক্ষেত্রে সরকারী চাকুরীর ধারাবাহিকতা, জ্যেষ্ঠতা, শর্তাবলী এবং সুযোগ-সুবিধা বহাল থাকিবে৷