প্রিন্ট ভিউ

কপিরাইট আইন, ২০০০

( ২০০০ সনের ২৮ নং আইন )

এই আইন কপিরাইট আইন, ২০২৩ ( ২০২৩ সনের ৩৪ নং আইন ) দ্বারা রহিত করা হইয়াছে।

অধ্যায়-৭

প্রকাশিত কর্মের সংস্করণের অধিকার

মুদ্রণশৈলী সংরক্ষণ এবং সংরক্ষণের মেয়াদ
1[৩৮। (১) কোন কর্মের কোন সংস্করণের প্রকাশক বাণিজ্যিক ভিত্তিতে বিক্রয়ের উদ্দেশ্যে, ফটোগ্রাফিক বা অনুরূপ কোন প্রক্রিয়ায় ঐ সংস্করণের মুদ্রণশৈলীগত বিন্যাসের কপি তৈরী করিবার ক্ষমতা প্রদানের অধিকার ভোগ করিবেন এবং এইরূপ অধিকার যে বৎসর সংস্করণটি প্রথম প্রকাশিত হইয়াছে উহার পরবতর্ী পঞ্জিকা-বর্ষের শুরু হইতে পঁচিশ বৎসর পর্যন্ত বিদ্যমান থাকিবে:
 
 
 
 
তবে শর্ত থাকে যে, সাহিত্য কর্মের ক্ষেত্রে, প্রথম স্বত্বাধিকারীর সহিত নিয়োগপ্রাপ্ত স্বত্বাধিকারীর চুক্তি মোতাবেক সম্পাদিত প্রথম স্বত্বাধিকার যে কোন সময় নিয়োগপ্রাপ্ত স্বত্বাধিকারীর নিকট হইতে স্বত্ব প্রত্যাহার করিলেও প্রকাশক মুদ্রণশৈলীগত বিন্যাস এবং প্রচ্ছদসহ অন্যান্য চিত্রাঙ্কন, যদি না প্রথম স্বত্বাধিকারী উহার মালিক হন, স্বত্বপ্রাপ্ত হইবেন না।
 
 
 
 
(২) চলচ্চিত্রের স্বত্বাধিকারীগণ কর্তৃক বাধ্যতামূলকভাবে তাহাদের নির্মিত পূর্ণদৈর্ঘ্য, স্বল্পদৈর্ঘ্য অথবা যে কোন দৈর্ঘ্যের চলচ্চিত্রের কমপক্ষে একটি কপি বাংলাদেশ ফিল্ম আর্কাইভে দীর্ঘমেয়াদী সংরক্ষণের, ভবিষ্যতে গবেষণার বা অন্য কোন প্রয়োজনে জমা দেওয়ার ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্ত প্রযোজ্য হইবে, যথা:-
 
 
 
 
(ক) সরবরাহকৃত ফিল্মের কপিটি মূল চলচ্চিত্র কর্মের হুবহু অনুরূপ, নিখূঁত এবং সবের্াত্তম মানের হইতে হইবে;
 
 
 
 
(খ) চলচ্চিত্র কর্মের যে কোন নূতন সংস্করণের ক্ষেত্রে, উপ-ধারা (১) এর বিধান প্রযোজ্য হইবে এবং ইহা প্রকাশিত হইবার ষাট দিনের মধ্যে নিজ খরচে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে জমা দিতে হইবে;
 
 
 
 
(গ) সরবরাহকৃত চলচ্চিত্রের কপিটির জন্য বাংলাদেশ ফিল্ম আর্কাইভ কর্তৃপক্ষ চলচ্চিত্রের নাম, স্থিতিকাল, প্রকাশের তারিখ, স্বত্বাধিকারীর নাম ও অন্যান্য তথ্যসম্বলিত লিখিত প্রাপ্তি রশিদ প্রদান করিবে।]
শাস্তি
2[৩৮ক। ধারা ৩৮ এর উপ-ধারা (২) এর দফা (খ) এ নির্ধারিত সময়ের মধ্যে কোন ব্যক্তি যদি চলচ্চিত্রের কপি বাংলাদেশ ফিল্ম আর্কাইভে জমাদানে ব্যর্থ হন, তাহা হইলে তিনি অনূধর্্ব ছয় মাসের কারাদণ্ড অথবা অনূধর্্ব পঞ্চাশ হাজার টাকা জরিমানা অথবা উভয়দণ্ডে দণ্ডনীয় হইবেন।
এই অধ্যায়ে বর্ণিত অপরাধ বিচারার্থ গ্রহণ
৩৮খ। ফৌজদারী কার্যবিধিতে যাহা কিছুই থাকুক না কেন, সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা সরকার হইতে এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার অভিযোগ ব্যতীত কোন আদালত এই অধ্যায়ের অধীন শাস্তিযোগ্য কোন অপরাধ বিচারার্থ গ্রহণ করিবে না।]
লঙ্ঘন ইত্যাদি
৩৯। প্রকাশক হইতে ক্ষমতাপ্রাপ্ত না হইয়া কোন ব্যক্তি বাণিজ্যিক ভিত্তিতে বিক্রয়ের উদ্দেশ্যে ফটোগ্রাফিক বা অনুরূপ কোন প্রক্রিয়ায় কোন সংস্করণ বা উহার মৌলিক অংশের মুদ্রণশৈলীগত বিন্যাসের কপি তৈরী করিলে বা করিবার কারণ ঘটাইলে, তিনি প্রকাশকের অধিকার লঙ্ঘন করিয়াছেন বলিয়া গণ্য হইবেন এবং বিষয়বস্তুর প্রকৃতির গ্রহণযোগ্যতার সীমার মধ্যে, দ্বিতীয় অধ্যায়ের বিধানাবলী প্রকাশক এবং সংস্করণসমূহের মুদ্রণশৈলীগত বিন্যাসের ক্ষেত্রে এইরূপে প্রযোজ্য হইবে যেন উহারা যথাক্রমে প্রণেতা ও কর্ম ছিল।
 
 
 
 
ব্যাখ্যা।- "মুদ্রণশৈলীগত বিন্যাস" অর্থে ক্যালিগ্রাফিক অন্তভর্ুক্ত হইবে।
কপিরাইটের সহিত সম্বন্ধ
৪০। সকল প্রকার সন্দেহ দূরীকরণার্থ এতদ্বারা ঘোষণা করা হইল যে, এই অধ্যায়ের প্রকাশককে প্রদত্ত অধিকার-
 
 
 
 
(ক) সংস্করণটি কপিরাইট দ্বারা সংরক্ষিত বা সংরক্ষিত নহে এই প্রশ্ন নির্বিশেষে, বিদ্যমান থাকিবে;
 
 
 
 
(খ) সাহিত্য, নাট্য, সংগীত, বা শিল্পকর্মের কপিরাইট, যদি থাকে, উহাকে প্রভাবান্বিত করিবে না।
 
 

  • 1
    ধারা ৩৮ কপিরাইট (সংশোধন) আইন, ২০০৫ (২০০৫ সনের ১৪ নং আইন) এর ১৬ ধারাবলে প্রতিস্থাপিত৷
  • 2
    ধারা ৩৮ক ও ৩৮খ কপিরাইট (সংশোধন) আইন, ২০০৫ (২০০৫ সনের ১৪ নং আইন) এর ১৭ ধারাবলে সন্নিবেশিত
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs