প্রিন্ট ভিউ

কপিরাইট আইন, ২০০০

( ২০০০ সনের ২৮ নং আইন )

এই আইন কপিরাইট আইন, ২০২৩ ( ২০২৩ সনের ৩৪ নং আইন ) দ্বারা রহিত করা হইয়াছে।

অধ্যায়-১৪

দেওয়ানী প্রতিকার

সংজ্ঞা
৭৫। এই অধ্যায়ের উদ্দেশ্য পূরণকল্পে, প্রসঙ্গের পরিপন্থী না হইলে "কপিরাইটের মালিক" অভিব্যক্তি অর্থে-
 
 
 
 
(ক) একচেটিয়া লাইসেন্সের অধিকারী;
 
 
 
 
(খ) অজ্ঞাতনামা বা ছদ্মনামীয় সাহিত্য, নাট্য, সংগীত বা শিল্পকর্মের ক্ষেত্রে, যে পর্যন্ত না প্রণেতার পরিচয় উদঘাটিত হইয়া থাকে কর্মটির প্রণেতা বা যৌথ প্রণেতার অজ্ঞাতনামা কর্মের ক্ষেত্রে বা যৌথভাবে রচিত কোন কর্ম যাহাদের নামে প্রকাশিত তাহাদের সকলে ছদ্মনামীয় হয় এবং তাহা হইলে প্রণেতাগণের যে কাহারো পরিচয় প্রকাশক কতর্ৃক জনসাধারণ্যে প্রকাশিত হইয়া থাকে, সেই প্রণেতা অথবা তাহার আইনানুগ প্রতিনিধি অন্তভর্ুক্ত হইবেন।
কপিরাইট লঙ্ঘনের জন্য দেওয়ানী প্রতিকার
৭৬। (১) যেক্ষেত্রে কোন কর্মের কপিরাইট অথবা এই আইনের অধীন অর্পিত অন্য কোন অধিকার লঙ্ঘন করা হয়, সেক্ষেত্রে কপিরাইটের বা, ক্ষেত্রমত, অনুরূপ অন্য অধিকারে স্বত্বাধিকারী, এই আইনে ভিন্নরূপ বিধান না থাকা সাপেক্ষে, নিষেধাজ্ঞা, ক্ষতিপূরণ, হিসাব এবং অন্যান্য সকল প্রতিকার এবং স্বত্ব লঙ্ঘনের দায়ে আইনের প্রদত্ত অন্যান্য প্রতিকার পাইবেন:
 
 
 
 
তবে শর্ত থাকে যে, বিবাদী যদি প্রমাণ করেন যে, স্বত্ব লঙ্ঘনের তারিখে সংশ্লিষ্ট কর্মে কপিরাইট বিদ্যমান ছিল মর্মে তিনি অবগত ছিলেন না এবং ঐ কর্মের কপিরাইট ছিল না মর্মে তাহার বিশ্বাস করিবার যুক্তিসংগত কারণ ছিল, তাহা হইলে বাদী, স্বত্ব লঙ্ঘন সম্পর্কে নিষেধাজ্ঞা এবং স্বত্ব লঙ্ঘনক্রমে কপি বিক্রয়ের মাধ্যমে বিবাদী কতর্ৃক অর্জিত মুনাফার সমগ্র বা অংশবিশেষের ব্যাপারে কোন আদেশ ব্যতীত, কোন প্রতিকার পাইবার অধিকারী হইবেন।
 
 
 
 
(২) যখন কোন সাহিত্য, নাট্য ও সংগীত কর্মের ক্ষেত্রে কর্মটি প্রকাশিত হওয়ার সময় উহার কপির উপর প্রণেতা বা; ক্ষেত্রমত, প্রকাশকের অর্থ বহনকারী কোন নাম দৃষ্টিগোচর হয়, অথবা কোন শিল্পকর্মের ক্ষেত্রে, কর্মটি তৈরী হওয়ার সময় উহার উপর দৃষ্টিগোচর হইয়াছিল, সেক্ষেত্রে যে ব্যক্তির নাম ঐভাবে দৃষ্টিগোচর হয় বা হইয়াছিল, ঐরূপ কর্মের কপিরাইট লঙ্ঘন সম্পর্কে যে কোন আইনগত কার্যক্রমে ঐ ব্যক্তিকে প্রণেতা বা, ক্ষেত্রমত, প্রকাশক হিসাবে অনুমান করা হইবে যদি না ভিন্নরূপ কিছু প্রমাণিত হইয়া থাকে।
 
 
 
 
(৩) কপিরাইট লঙ্ঘন সম্পর্কে যে কোন আইনগত কার্যক্রমে সকল পক্ষের খরচাদি আদালতের বিচক্ষণ ক্ষমতার অধীন হইবে।
পৃথক অধিকারের রক্ষণ
৭৭। এই আইনের বিধান সাপেক্ষে, যেক্ষেত্রে বিভিন্ন ব্যক্তি কোন কর্মের কপিরাইটের অন্তভর্ুক্ত ভিন্ন ভিন্ন অধিকারের মালিক হন, সেক্ষেত্রে ঐরূপ যে কোন অধিকারের মালিক ঐ অধিকারের পরিসীমায় এই আইনে বিধৃত প্রতিকার পাইবেন এবং কোন মামলা দায়ের, ব্যবস্থা গ্রহণ বা অন্যান্য আইনগত কার্যক্রমের মাধ্যমে ঐরূপ মামলা বা আইনগত কার্যক্রমে অন্য যে কোন অধিকারের মালিককে পক্ষ না করিয়া স্বতন্ত্রভাবে ঐরূপ স্বত্ব প্রয়োগ করিতে পারিবেন।
প্রণেতার বিশেষ স্বত্ব
৭৮। (১) কোন কর্মের প্রণেতা ঐ কর্মের কপিরাইট 1[স্বত্ব নিয়োগ] বা পরিত্যাগ করা সত্ত্বেও, কর্মটির রচনাস্বত্ব দাবী করিতে পারিবেন এবং উক্ত কর্মের কোন বিকৃতি, অঙ্গহানি বা অন্যান্য পরিবর্তন সম্পর্কে অথবা উক্ত কর্মটির বিষয়ে তাহার সম্মান ও সুখ্যাতি ক্ষুণ্ন হইতে পারে এমন অন্যান্য কার্যের জন্য ক্ষতিপূরণ বা কার্যের উপর নিবারণ দাবী করিতে পারিবেন:
 
 
তবে শর্ত থাকে যে, ধারা 2[৭২] এর উপ-ধারা (১) এর উপ-দফা (ম) প্রযোজ্য হয় এমন কম্পিউটার প্রোগ্রামের কোন অভিযোজন নিয়ন্ত্রণের বা ঐ বাবদ ক্ষতিপূরণ দাবী করিবার কোন অধিকার উক্ত গ্রন্থকারের থাকিবে না।
 
 
 
 
ব্যাখ্যা।- কোন কর্ম প্রদর্শনে বা প্রণেতার সন্তুষ্টিমতে উহা প্রদর্শনে ব্যর্থতা এই ধারার অধীন অধিকার লঙ্ঘন মর্মে গণ্য হইবে না।
 
 
 
 
(২) কোন কর্মের রচনাস্বত্ব দাবী করিবার অধিকার ব্যতীত, উপ-ধারা (১) এর অধীন কোন কর্মের প্রণেতাকে প্রদত্ত অন্য কোন অধিকার ঐ প্রণেতার আইনানুগ প্রতিনিধির দ্বারা প্রয়োগ করা যাইবে।
অধিকার লঙ্ঘনকারী অনুলিপির দখলকার বা লেনদেনকারী ব্যক্তির বিরুদ্ধে মালিকের অধিকার
৭৯। কপিরাইট বিদ্যমান আছে এমন কোন কর্মের অধিকার লঙ্ঘনকারী সকল অনুলিপি এবং ঐরূপ অধিকার লঙ্ঘনকারী অনুলিপি তৈরীর জন্য ব্যবহৃত বা ব্যবহারের জন্য উদ্দীষ্ট প্লেট 3[এবং কম্পিউটার প্রোগ্রামের ক্ষেত্রে সংশ্লিষ্ট সোর্স কোড কমপাইলেশন, ডাটা, ডিজাইন ডকুমেন্টেশন, টেবিল এবং আনুষঙ্গিক চার্টসমূহ] কপিরাইটের মালিকের সম্পত্তি বলিয়া গণ্য হইবে, যিনি উহাদের দখল পুনরুদ্ধারের বা উহাদের রূপান্তর সম্পর্কে আইনগত কার্যক্রম গ্রহণ করিতে পারিবেন:
 
 
 
 
তবে শর্ত থাকে যে, কপিরাইটের মালিক কোন অধিকার লঙ্ঘনকারী অনুলিপির রূপান্তর সম্পর্কে কোন প্রতিকার পাইবেন না, যদি বিবাদী প্রমাণ করেন যে-
 
 
 
 
(ক) কমিটির কপিরাইট বিদ্যমান আছে মর্মে তিনি জ্ঞাত ছিলেন না এবং তাহার এই মর্মে বিশ্বাস করিবার যুক্তিসঙ্গত কারণ ছিল যে, কর্মটির অনুলিপি অধিকার লঙ্ঘনকারী অনুলিপি নয় এবং উহার কপিরাইট বিদ্যমান ছিল; বা
 
 
 
 
(খ) ঐরূপ অনুলিপি বা প্লেট সম্পর্কে কোন কর্মের কপিরাইটের অধিকার লঙ্ঘন সংশ্লিষ্ট নাই মর্মে তাহার বিশ্বাস করিবার যুক্তিসংগত কারণ ছিল।
কপিরাইটের মালিক কার্যধারায় পক্ষ হইবে
৮০। (১) কোন একচেটিয়া লাইসেন্সধারী কতর্ৃক কপিরাইট লঙ্ঘন বিষয়ে দায়েরকৃত প্রত্যেক দেওয়ানী মামলা বা অন্যান্য দেওয়ানী কার্যধারায় কপিরাইটের মালিককে বিবাদী করিতে হইবে, যদি না আদালত ভিন্নরূপ নির্দেশ দান করে, এবং যে ক্ষেত্রে এইরূপ মালিক বিবাদী হয়, একচেটিয়া লাইসেন্সধারীর দাবীর বিরোধিতা করিবার অধিকার তাহার থাকিবে।
 
 
(২) যে ক্ষেত্রে কপিরাইট লঙ্ঘন বিষয়ে একচেটিয়া লাইসেন্সধারী কতর্ৃক দায়েরকৃত কোন দেওয়ানী মামলা বা কার্যধারা কৃতকার্য হয়, সেক্ষেত্রে একই কারণে কপিরাইটের মালিক কতর্ৃক আনীত নতুন মামলা বা অন্য কোন দেওয়ানী কার্যধারা রক্ষণীয় হইবে না।
আদালতের এখতিয়ার
৮১। কপিরাইট লঙ্ঘনজনিত প্রত্যেক দেওয়ানী মামলা বা অন্য কোন দেওয়ানী কার্যধারা সেই জেলা জজ আদালতে রুজু ও বিচার করিতে হইবে যাহার আদি অধিক্ষেত্রের স্থানীয় সীমার মধ্যে মামলাটি বা অন্য কার্যধারা দায়ের করা কালে, মামলাটি বা অন্য কার্যধারা দায়েরকারী ব্যক্তি বা যেক্ষেত্রে অনুরূপ একাধিক ব্যক্তি থাকেন, তাহাদের মধ্যে কেহ প্রকৃতপক্ষে এবং স্বেচ্ছায় বসবাস করেন বা ব্যবসা পরিচালনা করেন বা ব্যক্তিগত লাভের জন্য কাজ করেন।
 
 

  • 1
    “স্বত্ব নিয়োগ” শব্দগুলি “স্বত্ব নিয়োগীর” শব্দগুলির পরিবর্তে কপিরাইট (সংশোধন) আইন, ২০০৫ (২০০৫ সনের ১৪ নং আইন) এর ৩৪ ধারাবলে প্রতিস্থাপিত|
  • 2
    “৭২” সংখ্যাটি “৭১” সংখ্যাটির পরিবর্তে কপিরাইট (সংশোধন) আইন, ২০০৫ (২০০৫ সনের ১৪ নং আইন) এর ৩৪ ধারাবলে প্রতিস্থাপিত৷
  • 3
    “এবং কম্পিউটার প্রোগ্রামের ক্ষেত্রে সংশ্লিষ্ট সোর্স কোড কমপাইলেশন, ডাটা, ডিজাইন ডকুমেন্টেশন, টেবিল এবং আনুষঙ্গিক চার্টসমূহ” শব্দগুলি ও কমাগুলি কপিরাইট (সংশোধন) আইন, ২০০৫ (২০০৫ সনের ১৪ নং আইন) এর ৩৫ ধারাবলে সন্নিবেশিত৷
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs