প্রিন্ট ভিউ

বরিশাল সিটি কর্পোরেশন আইন, ২০০১

( ২০০১ সনের ১১ নং আইন )

এই অাইনটি স্থানীয় সরকার ( সিটি কর্পোরেশন ) আইন, ২০০৯ (২০০৯ সনের ৬০ নং আইন) দ্বারা রহিত করা হইয়াছে।

ষষ্ঠ পরিচ্ছেদ

কপোরের্শনের কমর্কর্তা ও কমর্চারীগণ

প্রধান নির্বাহী কর্মকর্তা
৫২৷ (১) কর্পোরেশনের একজন প্রধান নির্বাহী কর্মকর্তা থাকিবেন এবং তিনি সরকার কর্তৃক নির্ধারিত শর্তে নিযুক্তি হইবেন৷
 
 
 
 
(২) উপ-ধারা (১) এর অধীনে নিযুক্ত কর্মকর্তা কার্যভার গ্রহণের তারিখ হইতে তিন বত্সর মেয়াদের জন্য তাঁহার পদে অধিষ্ঠিত থাকিবেন; তবে সরকার উক্ত মেয়াদ অনধিক এক বত্সর করিয়া বৃদ্ধি করিতে পারিবে৷
 
 
 
 
(৩) উপ-ধারা (২) এ যাহা কিছুই থাকুক না কেন, সরকার যে কোন সময় কোন কারণ না দর্শাইয়া প্রধান নির্বাহী কর্মকর্তাকে তাঁহার পদ হইতে প্রত্যাহার করিতে পারিবে; এবং এতদুদ্দেশ্যে আহূত কর্পোরেশনের বিশেষ সভায় উপস্থিত কমিশনারগণের মোট সংখ্যার তিন-পঞ্চমাংশের ভোটে উক্ত কর্মকর্তাকে প্রত্যাহারের জন্য প্রস্তাব গৃহীত হইলে সরকার তাহাকে অবশ্যই তাহার পদ হইতে প্রত্যাহার করিবে:
 
 
তবে শর্ত থাকে যে, প্রধান নির্বাহী কর্মকর্তা প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোন ব্যক্তি হইলে, সরকারকে এক মাসের নোটিশ না দিয়া অনুরূপ কোন বিশেষ সভা আহ্বান করা এবং অনুরূপ কোন প্রস্তাব উত্থাপন করা যাইবে না৷
 
 
 
 
(৪) এই আইন ও বিধিতে ভিন্নরূপ বিধান না থাকিলে প্রধান নির্বাহী কর্মকর্তা কর্পোরেশনের সকল সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দায়ী থাকিবেন এবং মেয়র যে ক্ষমতা বা দায়িত্ব তাহাকে প্রদান করিবেন তিনি সেই ক্ষমতা প্রয়োগ বা দায়িত্ব পালন করিবেন৷
 
 
 
 
(৫) প্রধান নির্বাহী কর্মকর্তা স্বীয় ক্ষমতা প্রয়োগ এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে মেয়রের নিকট দায়ী থাকিবেন৷
 
 
 
 
(৬) অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোন কারণে প্রধান নির্বাহী কর্মকর্তা তাঁহার দায়িত্ব পালনে অসমর্থ হইলে, সরকার কর্তৃক নিযুক্ত অন্য কোন ব্যক্তি প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করিবেন৷
প্রধান নির্বাহী কর্মকর্তার বিশেষ ক্ষমতা
৫৩৷ কোন দুর্ঘটনাশতঃ বা দুর্ঘটনার সম্ভাবনার কারণে অথবা অদৃষ্টপূর্ব কোন ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগের কারণে, কর্পোরেশনের সম্পত্তির ব্যাপক ক্ষতি সাধিত হইলে বা হওয়ার সম্ভাবনা থাকিলে অথবা জনজীবন বিপন্ন হইলে বা হওয়ার সম্ভাবনা থাকিলে, প্রধান নির্বাহী কর্মকর্তা তাঁহার বিবেচনামতে উপযুক্ত ত্বরিত ব্যবস্থা গ্রহণ করিতে পারিবেন এবং তত্সম্পর্কে তিনি অবিলম্বে কর্পোরেশন কিংবা সংশ্লিষ্ট স্থায়ী কমিটির নিকট প্রতিবেদন পেশ করিবেন এবং উক্ত প্রতিবেদনে অনুরূপ ব্যবস্থা গ্রহণের কারণ এবং তজ্জন্য যদি খরচ হইয়া থাকে বা হইতে পারে, তাহাও উল্লেখ করিবেন৷
নথিপত্রের হেফাজত
৫৪৷ প্রধান নির্বাহী কর্মকর্তা কর্পোরেশন ও উহার সকল কমিটির যাবতীয় কাগজপত্র, দলিল দস্তাবেজসহ নথিপত্র ও কার্যবিবরণী হেফাজতের জন্য দায়ী থাকিবেন৷
প্রধান নির্বাহী কর্মকর্তার সভা সম্পর্কিত অধিকার
৫৫৷ প্রধান নির্বাহী কর্মকর্তার কর্পোরেশন বা উহার যে কোন কমিটির সভায় উপস্থিত থাকিবার এবং সভার আলোচনায় অংশগ্রহণের অধিকার থাকিবে এবং অনুরূপ কোন সভায় তিনি, সভাপতির অনুমতিক্রমে, কোন বিষয়ে বিবৃতি প্রদান বা ব্যাখ্যা দান করিতে পারিবেন; তবে উক্তরূপ সভায় তাঁহার ভোট দানের বা প্রস্তাব উত্থাপনের কোন অধিকার থাকিবে না৷
পদসমূহের তফসিল
৫৬৷ (১) প্রধান নির্বাহী কর্মকর্তা, সময় সময়, কর্পোরেশনের যে সমস্ত পদ তাঁহার বিবেচনায় থাকা প্রয়োজন মনে করেন, উহার একটি তফসিল প্রস্তুত করিয়া কর্পোরেশনের নিকট পেশ করিবেন৷
 
 
 
 
(২) কর্পোরেশন, সরকারের পূর্বানুমোদনক্রমে এবং প্রধান নির্বাহী কর্মকর্তার মতামত গ্রহণ করিয়া উপ-ধারা (১) এর অধীনে প্রস্তুতকৃত তফসিল প্রয়োজনীয় সংশোধন করিতে এবং এইরূপে সংশোধিত তফসিল, সরকারের পূর্বানুমোদনক্রমে, চূড়ান্ত করিতে পারিবে৷
তফসিল বহির্ভূত পদের নিয়োগদানে বাধা-নিষেধ
৫৭৷ ধারা ৫৬ এর অধীনে প্রস্তুত ও চূড়ান্তকৃত তফসিল বহির্ভূত কোন পদে কোন ব্যক্তিকে নিয়োগদান করা যাইবে না৷
নিয়োগদানকারী কর্তৃপক্ষ
৫৮৷ এই আইনের বিধান ও বিধি সাপেক্ষে, মেয়র কর্পোরেশনের সকল প্রথম শ্রেণীর পদে এবং প্রধান নির্বাহী কর্মকর্তা অন্যান্য সকল পদে নিয়োগদান করিবেন৷
ভবিষ্য তহবিল, ইত্যাদি
৫৯৷ কর্পোরেশন বিধি অনুসারে-
 
 
 
 
(ক) উহার কর্মকর্তা ও কর্মচারীগণের জন্য ভবিষ্য তহবিল গঠন করিতে পারিবে এবং নির্ধারিত হারে উক্ত তহবিলে চাঁদা প্রদান করিবার জন্য তাহাদিগকে নির্দেশ দিতে পারিবে;
 
 
 
 
(খ) ভবিষ্য তহবিলে চাঁদা প্রদান করিতে পারিবে;
 
 
 
 
(গ) উহার কর্মকর্তা ও কর্মচারীগণের অবসর গ্রহণের পর আনুতোষিক প্রদানের ব্যবস্থা করিতে পারিবে;
 
 
 
 
(ঘ) উহার কোন কর্মকর্তা বা কর্মচারী তাহার উপর অর্পিত দায়িত্ব পালন করার কারণে অসুস্থ বা আঘাতপ্রাপ্ত হইয়া মৃত্যুবরণ করিলে, তাঁহার পরিবারকে বিশেষ আনুতোষিক প্রদান করিতে পারিবে;
 
 
 
 
(ঙ) উহার কর্মকর্তা ও কর্মচারীগণের জন্য সামাজিক বীমা প্রবর্তন করিতে পারিবে এবং উহাতে চাঁদা প্রদানের জন্য তাহাদিগকে নির্দেশ দিতে পারিবে;
 
 
 
 
(চ) কর্মকর্তা ও কর্মচারীগণের জন্য কল্যাণ তহবিল প্রবর্তন করিতে পারিবে এবং উহা হইতে তাহাদিগকে সাহায্য করিতে পারিবে৷
কর্মকর্তা ও কর্মচারীগণের শাস্তি
৬০৷ (১) বিভাগীয় কোন আইন-কানুন লঙ্ঘন কিংবা শৃঙ্খলা ভঙ্গ অথবা দায়িত্ব পালনে অবহেলা বা অসতর্কতা বা দুর্নীতি বা অসদাচরণের দায়ে কর্পোরেশনের কোন কর্মকর্তা বা কর্মচারীকে নির্ধারিত পদ্ধতিতে নিনিম্নলিখিত যে কোন শাস্তি প্রদান করা যাইবে:
 
 
 
 
(ক) তিরস্কার;
 
 
 
 
(খ) জরিমানা;
 
 
 
 
(গ) বার্ষিক বেতন-বৃদ্ধি বন্ধ;
 
 
(ঘ) পদোন্নতি বন্ধ;
 
 
 
 
(ঙ) পদাবনতি;
 
 
 
 
(চ) বাধ্যতামূলক অবসরদান;
 
 
 
 
(ছ) অপসারণ;
 
 
 
 
(জ) সাময়িক বরখাস্ত;
 
 
 
 
(ঝ) বরখাস্ত:
 
 
 
 
তবে শর্ত থাকে যে, অনুরূপ কর্মকর্তা বা কর্মচারীকে শাস্তিদানকারী কর্তৃপক্ষ, তাহার নিয়োগদানকারী কর্তৃপক্ষ অপেক্ষা অধঃস্তন হইবে না৷
 
 
 
 
(২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, অনুরূপ কোন কর্মকর্তা বা কর্মচারীকে কারণ দর্শাইবার যুক্তিসঙ্গত সুযোগ দান না করিয়া বরখাস্ত বা অপসারিত বা পদাবনত করা যাইবে না:
 
 
 
 
তবে শর্ত থাকে যে, ফৌজদারী অপরাধে দণ্ডিত কোন কর্মকর্তা বা কর্মচারীকে বরখাস্ত, অপসারিত বা পদাবনত করার ক্ষেত্রে উক্ত বিধান প্রযোজ্য হইবে না৷
 
 
 
 
(৩) এই ধারা অনুযায়ী শাস্তিপ্রাপ্ত কোন কর্মকর্তা বা কর্মচারী নির্ধারিত কর্তৃপক্ষের নিকট নির্ধারিত পদ্ধতিতে আপীল করিতে পারিবেন৷
চাকুরীর মেয়াদ ও শর্তাবলী
৬১৷ এই আইনের বিধান সাপেক্ষে, সরকার বিধি দ্বারা-
 
 
 
 
(ক) কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীগণের চাকুরীর শর্তাবলী নির্ধারণ করিতে পারিবে;
 
 
 
 
(খ) কর্পোরেশনের অধীনে বিভিন্ন পদে নিয়োগের যোগ্যতা নির্ধারণ করিতে পারিবে;
 
 
 
 
(গ) কর্পোরেশনের অধীনে বিভিন্ন পদে নিয়োগদানের ক্ষেত্রে অনুসরণীয় নীতি নির্ধারণ করিতে পারিবে;
 
 
 
 
(ঘ) কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীগণকে কোন জামানত দিতে হইলে, তাহার পরিমাণ ও প্রকৃতি নির্ধারণ করিতে পারিবে;
 
 
 
 
(ঙ) কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীগণের ছুটি ও ছুটিকালীন ভাতা মঞ্জুরী নিয়ন্ত্রণ করিতে পারিবে;
 
 
 
 
(চ) কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীগণের আচরণ নিয়ন্ত্রণ করিতে পারিবে; এবং
 
 
(ছ) কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীগণকে দক্ষতার সহিত তাহাদের দায়িত্ব পালন করার প্রয়োজনে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ অন্য কোন সিটি কর্পোরেশন বা পৌরসভায় বদলীর ব্যবস্থা করিতে পারিবেন৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs