প্রিন্ট ভিউ

বরিশাল সিটি কর্পোরেশন আইন, ২০০১

( ২০০১ সনের ১১ নং আইন )

এই অাইনটি স্থানীয় সরকার ( সিটি কর্পোরেশন ) আইন, ২০০৯ (২০০৯ সনের ৬০ নং আইন) দ্বারা রহিত করা হইয়াছে।

প্রথম পরিচ্ছেদ

জনস্বাস্থ্য

স্বাস্থ্য ব্যবস্থার দায়িত্ব
৮৩৷ কর্পোরেশন নগরীর স্বাস্থ্য ব্যবস্থার জন্য দায়ী থাকিবে এবং এই আইন বা ইহার অধীনে এতদসম্পর্কে কোন ব্যবস্থা গ্রহণ করার থাকিলে, উহা সেই ব্যবস্থা গ্রহণ করিবে৷
অস্বাস্থ্যকর ইমারতসমূহ
৮৪৷ (১) কোন ইমারত বা জায়গা অস্বাস্থ্যকর বা ক্ষতিকর অবস্থায় থাকিলে কর্পোরেশন নোটিশ দ্বারা উহার মালিক বা দখলদারকে-
 
 
 
 
(ক) উহা পরিষ্কার করিতে বা যথাযথ অবস্থায় রাখিতে;
 
 
(খ) উহা স্বাস্থ্যকর অবস্থায় রাখিতে;
 
 
 
 
(গ) উক্ত ইমারতে চুনকাম করিতে এবং নোটিশে উল্লেখিতরূপে উহার অপরিহার্য মেরামতের ব্যবস্থা করিতে; এবং
 
 
 
 
(ঘ) উক্ত ইমারত বা জায়গা স্বাস্থ্যকর অবস্থায় রাখার জন্য অন্যান্য পদক্ষেপ গ্রহণ করিতে নির্দেশ দিতে পারিবে৷
 
 
 
 
(২) উপ-ধারা (১) এর অধীনে প্রদত্ত নোটিশের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় কার্য সম্পন্ন করা না হইলে কর্পোরেশন উক্ত ইমারত বা জায়গার প্রয়োজনীয় কার্য সম্পন্ন করিতে পারিবে, এবং ইহাতে কর্পোরেশনের যে খরচ হইবে, তাহা এই আইনের অধীনে উক্ত মালিক বা দখলকারের উপর আরোপিত কর হিসাবে গণ্য হইবে৷
আবর্জনা অপসারণ, সংগ্রহ এবং উহার ব্যবস্থাপনা
৮৫৷ (১) কর্পোরেশন উহার নিয়ন্ত্রণাধীন সকল জনপথ, সাধারণ পায়খানা, প্রস্রাবখানা, নর্দমা, ইমারত ও জায়গা হইতে আবর্জনা সংগ্রহ ও অপসারণ করার যথাযথ ব্যবস্থা গ্রহণ করিবে৷
 
 
 
 
(২) কর্পোরেশনের সাধারণ নিয়ন্ত্রণ এবং তত্ত্বাবধানে, কর্পোরেশন এলাকায় অবস্থিত অন্যান্য ইমারত ও জায়গার দখলকারগণ উহা হইতে আবর্জনা অপসারণের জন্য দায়ী থাকিবেন৷
 
 
 
 
(৩) কর্পোরেশন নগরীর বিভিন্ন স্থানে ময়লা ফেলার পাত্র বা অন্যবিধ আধারের ব্যবস্থা করিবে এবং যেখানে অনুরূপ ময়লা ফেলার পাত্র বা আধারের ব্যবস্থা করা হইবে, কর্পোরেশন সাধারণ নোটিশ দ্বারা পার্শ্ববর্তী বাড়ীঘর ও জায়গা-জমির দখলদারগণকে উহার ময়লা বা আবর্জনা উক্ত পাত্র বা আধারে ফেলার জন্য নির্দেশ দান করিতে পারিবে৷
 
 
 
 
(৪) কর্পোরেশনের কর্মচারীগণ কর্তৃক অথবা তাহাদের তত্ত্বাবধানে অপসারিত বা সংগৃহীত আবর্জনা বা ময়লা এবং কর্পোরেশন কর্তৃক স্থাপিত পাত্র বা আধারে জমাকৃত ময়লা বা আবর্জনা কর্পোরেশনের সম্পত্তি বলিয়া গণ্য হইবে৷
পায়খানা ও প্রস্রাবখানা
৮৬৷ (১) কর্পোরেশন পুরুষ ও মহিলাদের জন্য পর্যাপ্ত সংখ্যক পৃথক পৃথক পায়খানা ও প্রস্রাবখানার ব্যবস্থা করিবে এবং তাহা যথাসম্ভব রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করিবে৷
 
 
 
 
(২) যে সকল ঘরবাড়ীতে পায়খানা বা প্রস্রাবখানা আছে সেই সকল ঘরবাড়ীর মালিক তাহা কর্পোরেশনের সন্তুষ্টি অনুযায়ী সঠিক অবস্থায় রাখিবেন৷
 
 
 
 
(৩) কোন ঘরবাড়ীতে পায়খানা বা প্রস্রাবখানার ব্যবস্থা না থাকিলে বা পর্যাপ্ত ব্যবস্থা না থাকিলে, কিংবা কোন আপত্তিকর স্থানে পায়খানা বা প্রস্রাবখানার ব্যবস্থা থাকিলে, কর্পোরেশন উক্ত ঘরবাড়ীর মালিককে নোটিশ দ্বারা-
 
 
 
 
(ক) নোটিশে উল্লিখিতরূপে পায়খানা বা প্রস্রাবখানার ব্যবস্থা করা;
 
 
(খ) নোটিশে উল্লিখিতরূপে পায়খানা বা প্রস্রাবখানার পরিবর্তন সাধন করা;
 
 
 
 
(গ) নোটিশে উল্লিখিতরূপে পায়খানা বা প্রস্রাবখানা অপসারণ করা; এবং
 
 
 
 
(ঘ) যেখানে ভূগর্ভস্থ কোন পয়ঃপ্রণালীর ব্যবস্থা আছে সেখানে, সাধারণভাবে পরিষ্কারযোগ্য পায়খানা বা প্রস্রাবখানাকে পয়ঃপ্রণালীর সহিত সংযুক্ত করার নির্দেশ দিতে পারিবে৷
জন্ম, মৃত্যু এবং বিবাহ রেজিষ্ট্রিকরণ
৮৭৷ কর্পোরেশন নগরীর সীমানার মধ্যে যে সকল জন্ম, মৃত্যু ও বিবাহ হইবে তাহা প্রবিধান অনুযায়ী রেজিষ্ট্রি করিবে৷
সংক্রামক ব্যাধি
৮৮৷ (১) কর্পোরেশন বিধি বা প্রবিধান অনুযায়ী নগরীতে সংক্রামক ব্যাধি প্রতিরোধ ও নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করিবে৷
 
 
 
 
(২) কর্পোরেশন সংক্রামক ব্যাধিতে আক্রান্ত রোগীদের চিকিত্সার জন্য হাসপাতাল প্রতিষ্ঠা ও রক্ষণাবেক্ষণ করিবে৷
 
 
 
 
(৩) কর্পোরেশন সংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণকল্পে প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করিতে পারিবে৷
স্বাস্থ্যকেন্দ্র ও মাতৃসদন ইত্যাদি
৮৯৷ কর্পোরেশন, প্রয়োজন বিবেচনা করিলে বা সরকার নির্দেশ দিলে-
 
 
 
 
(ক) স্বাস্থ্য কেন্দ্র, মাতৃসদন এবং মহিলা, শিশু ও বালক-বালিকাদের জন্য কল্যাণ কেন্দ্র প্রতিষ্ঠা, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করিবে এবং অনুরূপ কোন স্বাস্থ্য কেন্দ্র, মাতৃসদন বা কল্যাণ কেন্দ্রে চাঁদা প্রদান করিতে পারিবে;
 
 
 
 
(খ) ধাত্রী প্রশিক্ষণের ব্যবস্থা করিতে পারিবে;
 
 
 
 
(গ) পরিবার পরিকল্পনা উন্নয়নের ব্যবস্থা করিতে পারিবে; এবং
 
 
 
 
(ঘ) মহিলা, শিশু এবং বালক-বালিকাদের স্বাস্থ্যের উন্নতি ও কল্যাণের জন্য প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে৷
জনস্বাস্থ্যের উন্নয়ন
৯০৷ এই আইন ও বিধি সাপেক্ষে, কর্পোরেশন স্বাস্থ্যমূলক শিক্ষাসহ জনস্বাস্থ্যের উন্নতির বিধানকল্পে প্রয়োজনীয় অন্য যে কোন ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে৷
হাসপাতাল ও ডিসপেনসারী
৯১৷ (১) কর্পোরেশন নগরবাসীর চিকিত্সা সুবিধার জন্য প্রয়োজনীয় সংখ্যক হাসপাতাল ও ডিসপেনসারী প্রতিষ্ঠা ও রক্ষণাবেক্ষণ করিতে পারিবে৷
 
 
 
 
(২) কর্পোরেশন কর্তৃক পরিচালিত প্রত্যেক হাসপাতাল ও ডিসপেনসারী নির্ধারিত পদ্ধতিতে পরিচালিত হইবে৷
 
 
(৩) সরকার কর্তৃক এতদুদ্দেশ্যে প্রদত্ত নির্দেশ সাপেক্ষে, কর্পোরেশন উহার পরিচালিত প্রত্যেক হাসপাতাল ও ডিসপেনসারীর জন্য বিধি দ্বারা নির্ধারিত পরিমাণ ও মানের ঔষধপত্র, যন্ত্রপাতি, সাজ-সরঞ্জাম ও আসবাবপত্রের ব্যবস্থা করিবে৷
চিকিত্সা-সাহায্য, ইত্যাদি
৯২৷ কর্পোরেশন, প্রয়োজনীয় বিবেচনা করিলে বা সরকার নির্দেশ দিলে, নিনিম্নবর্ণিত বিষয় সম্পর্কে ব্যবস্থা গ্রহণ করিবে, যথা:
 
 
 
 
(ক) প্রাথমিক চিকিত্সা কেন্দ্র স্থাপন ও পরিচালনা;
 
 
 
 
(খ) ভ্রাম্যমান চিকিত্সা সাহায্য ইউনিটের স্থাপন ও পরিচালনা;
 
 
 
 
(গ) চিকিত্সা সাহায্য প্রদানকল্পে সমিতি গঠনে উত্সাহদান;
 
 
 
 
(ঘ) চিকিত্সা বিদ্যার উন্নয়ন;
 
 
 
 
(ঙ) চিকিত্সা সাহায্যের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে অর্থ প্রদান; এবং
 
 
 
 
(চ) স্কুল ছাত্রদের স্বাস্থ্য পরীক্ষা৷
 
 
 
 

দ্বিতীয় পরিচ্ছেদ

পানি সরবরাহ ও পানি নিষ্কাশন প্রণালী

পানি সরবরাহ
৯৩৷ (১) আপাততঃ বলবত্ অন্য কোন আইন সাপেক্ষে, কর্পোরেশন নগরীতে সাধারণ ও ব্যক্তিগত ব্যবহারের জন্য পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করিবে৷
 
 
 
 
(২) কর্পোরেশন, প্রয়োজনীয় বিবেচনা করিলে অথবা সরকার নির্দেশ দিলে, পানি সরবরাহ, সঞ্চয় ও বিতরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিধি অনুযায়ী পানি সরবরাহ প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করিতে পারিবে৷
 
 
 
 
(৩) যে ক্ষেত্রে নলের সাহায্যে পানি সরবরাহের ব্যবস্থা করা হয়, সেক্ষেত্রে কর্পোরেশন প্রবিধান অনুযায়ী সরকারী ও বেসরকারী ঘরবাড়িতে পানি সরবরাহের ব্যবস্থা করিতে পারিবে এবং তজ্জন্য অর্থ আদায় করিতে পারিবে৷
পানি সরবরাহের ব্যক্তিগত উত্স
৯৪৷ (১) নগরীর অভ্যন্তরে সকল বেসরকারী পানি সরবরাহের উত্স কর্পোরেশনের নিয়ন্ত্রণ ও পরিদর্শনাধীন থাকিবে৷
 
 
 
 
(২) কর্পোরেশনের অনুমোদন ব্যতীত পানীয় জলের জন্য কোন নূতন কূপ খনন, নলকূপ স্থাপন অথবা পানি সরবরাহের জন্য অন্য কোন উত্সের ব্যবস্থা করা যাইবে না৷
 
 
(৩) পানীয় জলের জন্য ব্যবহৃত কোন বেসরকারী পানি সরবরাহের উত্সের মালিক বা নিয়ন্ত্রণকারীকে কর্পোরেশন নোটিশ দ্বারা-
 
 
 
 
(ক) উহা যথাযথ অবস্থায় রাখার এবং সময় সময় উহার পলি, আবর্জনা ও পঁচনশীল দ্রব্যাদি অপসারণ করার;
 
 
 
 
(খ) উহা কর্পোরেশন কর্তৃক নির্দেশিত রোগ সংক্রমণ হইতে উহাকে রক্ষা করার;
 
 
 
 
(গ) উহার পানি পানের অনুপযুক্ত বলিয়া কর্পোরেশন সাব্যস্ত করিলে, উহার পানি পানের উদ্দেশ্যে ব্যবহার নিবৃত্ত করার জন্য উক্ত নোটিশে উল্লেখিত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিতে পারিবে৷
পানি নিষ্কাশন
৯৫৷ (১) আপাততঃ বলবত্ অন্য কোন আইন সাপেক্ষে, কর্পোরেশন নগরীতে পানি নিষ্কাশনের জন্য পর্যাপ্ত পানি নিষ্কাশন নর্দমার ব্যবস্থা করিবে এবং জনসাধারণের স্বাস্থ্য ও সুবিধার প্রতি লক্ষ্য রাখিয়া নর্দমাগুলি নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণ করিবে এবং পরিষ্কার রাখিবে৷
 
 
 
 
(২) কর্পোরেশনের পূর্বানুমোদনক্রমে তত্কর্তৃক নির্ধারিত শর্তে এবং ফিস প্রদানে কোন বাড়ি বা জায়গার মালিক উহার নর্দমা কর্পোরেশনের নর্দমার সহিত সংযুক্ত করিতে পারিবে৷
 
 
 
 
(৩) নগরীতে অবস্থিত সকল বেসরকারী নর্দমা কর্পোরেশনের নিয়ন্ত্রণ ও পরিদর্শনাধীনে থাকিবে এবং কর্পোরেশন প্রবিধান অনুযায়ী উহার সংস্কার করার, পরিষ্কার করার এবং বন্ধ রাখার নির্দেশ দিতে পারিবে৷
পানি নিষ্কাশন প্রকল্প
৯৬৷ (১) কর্পোরেশন, প্রয়োজনীয় বিবেচনা করিলে বা সরকার নির্দেশ দিলে, নির্ধারিত পদ্ধতিতে সুষ্ঠুভাবে পানি বা ময়লা নিষ্কাশনের জন্য সরকারী বা বেসরকারী খরচে নর্দমা নির্মাণ বা অন্যান্য পূর্ত কার্যের জন্য পানি নিষ্কাশন প্রকল্প প্রণয়ন করিতে পারিবে৷
 
 
 
 
(২) উক্ত পানি নিষ্কাশন প্রকল্প অনুমোদনের জন্য সরকারের নিকট পেশ করিতে হইবে এবং সরকার উহা বিবেচনার পর, উহাতে সংশোধনসহ বা সংশোধন ছাড়া, উহা অনুমোদন করিতে পারিবে বা উহা প্রত্যাখ্যান করিতে পারিবে৷
 
 
 
 
(৩) উক্তরূপ অনুমোদিত পানি নিষ্কাশন প্রকল্প সরকার কর্তৃক নির্দিষ্ট পদ্ধতিতে ও মেয়াদের মধ্যে এবং তত্কর্তৃক নির্দিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়িত হইবে৷
 
 
 
 
(৪) নগরীতে অবস্থিত কোন বাড়ীঘর বা জায়গার মালিককে কর্পোরেশন নোটিশ দ্বারা-
 
 
 
 
(ক) উক্ত বাড়ীঘর বা জায়গায় বা তত্সংলগ্ন রাস্তায় নোটিশে উল্লিখিত নর্দমা নির্মাণ করার;
 
 
(খ) অনুরূপ যে কোন নর্দমা অপসারণ, সংস্কার বা উহার উন্নয়ন করার; এবং
 
 
 
 
(গ) উক্ত বাড়ীঘর বা জায়গা হইতে সুষ্ঠুভাবে পানি নিষ্কাশনের জন্য অন্য কোন পদক্ষেপ গ্রহণ করার, নির্দেশ দিতে পারিবে৷
স্্নান ও ধৌত করার স্থান
৯৭৷ (১) কর্পোরেশন সময় সময়-
 
 
 
 
(ক) জনসাধারণের স্্নান করা, কাপড় ধৌত করা বা কাপড় শুকানোর জন্য উপযুক্ত স্থান নির্দিষ্ট করিয়া দিবে;
 
 
 
 
(খ) অনুরূপ স্থানসমূহ কখন ব্যবহার করা হইবে এবং কাহারা ব্যবহার করিবেন তাহাও নির্দিষ্ট করিয়া দিবে;
 
 
 
 
(গ) প্রকাশ্য নোটিশ দ্বারা উক্তরূপ নির্দিষ্ট নয় এইরূপ কোন জায়গাকে উপরিউক্ত উদ্দেশ্যে ব্যবহার করা নিষিদ্ধ করিয়া দিতে পারিবে৷
 
 
 
 
(২) কর্পোরেশন হইতে প্রাপ্ত লাইসেন্স ব্যতিরেকে এবং লাইসেন্সে উল্লেখিত শর্তাদি লংঘন করিয়া কোন ব্যক্তি সাধারণের ব্যবহার্য গোসলখানা প্রতিষ্ঠা বা পরিচালনা করিতে পারিবেন না৷
ধোপী-ঘাট এবং ধোপা
৯৮৷ (১) কর্পোরেশন ধোপীদের ব্যবহারের ধোপী-ঘাটের ব্যবস্থা করিবে এবং প্রবিধান দ্বারা উক্ত ব্যবহার নিয়ন্ত্রণ এবং উহার ব্যবহারের জন্য ফিস ধার্য করিতে পারিবে৷
 
 
 
 
(২) কর্পোরেশন প্রবিধান দ্বারা ধোপীদের লাইসেন্স এবং তাহাদের পেশা নিয়ন্ত্রণের ব্যবস্থা করিতে পারিবে৷
সরকারী জলাধার
৯৯৷ (১) সরকারের পূর্বানুমোদনক্রমে, কর্পোরেশন ব্যক্তি মালিকানাধীন নহে এবং নগরীর মধ্যে অবস্থিত এইরূপ সকল পানির উত্স, ঝর্ণা, নদী, দীঘি, পুকুর ও ধারা অথবা উহার কোন অংশকে সরকারী জলাধার হিসাবে ঘোষণা করিতে পারিবে৷
 
 
 
 
(২) কর্পোরেশন প্রবিধান অনুযায়ী কোন সরকারী জলাধারে আমোদ-প্রমোদ এবং জীবন রক্ষার নিমিত্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে এবং পানি-সেচ, পানি-নিষ্কাশন ও নৌ-চলাচল সম্পর্কিত আপাততঃ বলবত্ অন্য কোন আইনের বিধান সাপেক্ষে উহার উন্নয়ন ও সংস্কার করিতে পারিবে৷
সাধারণ খেয়া পারাপার
১০০৷ (১) কর্পোরেশন প্রবিধান দ্বারা সরকারী জলাধারে ভাড়ায় চলাচলকারী নৌকা বা অন্যান্য যানবাহনের জন্য লাইসেন্সের ব্যবস্থা করিতে, লাইসেন্সের শর্ত নির্ধারণ করিতে এবং তজ্জন্য প্রদেয় ফিস নির্দিষ্ট করিতে পারিবে৷
 
 
(২) সরকার কোন জলাধারের অংশ বিশেষকে সাধারণ খেয়া পারাপার হিসাবে ঘোষণা করিয়া উহার ব্যবস্থাপনা কর্পোরেশনের উপর ন্যস্ত করিতে পারিবে এবং কর্পোরেশন বিধি অনুযায়ী উক্ত খেয়া পরিচালনা করিবে এবং উহা ব্যবহারের জন্য নির্ধারিত টোল আদায় করিবে৷
সরকারী মত্স্যক্ষেত্র
১০১৷ কর্পোরেশন, সরকারের পূর্বানুমোদনক্রমে, কোন জলাধারকে সাধারণ মত্স্যক্ষেত্র হিসাবে ঘোষণা করিতে পারিবে এবং উক্তরূপ মত্স্যক্ষেত্রে মত্স্য শিকারের অধিকার কর্পোরেশনের উপর ন্যস্ত থাকিবে, এবং কর্পোরেশন বিধি অনুসারে উক্ত অধিকার প্রয়োগ করিতে পারিবে৷
 
 
 
 

তৃতীয় পরিচ্ছেদ

খাদ্য ও পানিয় দ্রব্যাদি

খাদ্য ও পানীয় দ্রব্যাদি সংক্রান্ত প্রবিধান
১০২৷ কর্পোরেশন প্রবিধান দ্বারা-
 
 
 
 
(ক) লাইসেন্স ব্যতীত কোন স্থান বা ঘরবাড়ীতে কোন নির্দিষ্ট খাদ্য বা পানীয় দ্রব্য প্রস্তুত বা বিক্রয় নিষিদ্ধ করিতে পারিবে;
 
 
 
 
(খ) লাইসেন্স প্রাপ্ত ব্যক্তি ছাড়া অন্য কোন ব্যক্তি কর্তৃক নির্দিষ্ট খাদ্য বা পানীয় দ্রব্য বিক্রয়ার্থে নগরীতে আমদানী কিংবা বিক্রয় বা বিক্রয়ের জন্য ফেরী করা নিষিদ্ধ করিতে পারিবে;
 
 
 
 
(গ) প্রবিধানে উল্লিখিত নগরীর স্থানসমূহে নির্দিষ্ট খাদ্য ও পানীয় দ্রব্যাদি ফেরী করা নিষিদ্ধ করিতে পারিবে;
 
 
 
 
(ঘ) নির্দিষ্ট খাদ্য ও পানীয় দ্রব্য পরিবহনের সময় ও পদ্ধতি নিয়ন্ত্রণ করিতে পারিবে;
 
 
 
 
(ঙ) এই ধারার অধীনে লাইসেন্স প্রদান ও প্রত্যাহার এবং লাইসেন্সের জন্য প্রদেয় ফিস নিয়ন্ত্রণ করিতে পারিবে; এবং
 
 
 
 
(চ) খাদ্যের জন্য আনীত বা নির্দিষ্ট কোন রোগাক্রান্ত পশু, হাঁস-মুরগী বা মাছ কিংবা কোন বিষাক্ত খাদ্য বা পানীয় দ্রব্য আটক ও ধ্বংসের ব্যবস্থা করিতে পারিবে৷
দুধ সরবরাহ
১০৩৷ (১) কর্পোরেশন কর্তৃক প্রদত্ত লাইসেন্স এবং উক্ত লাইসেন্সের শর্তানুসারে ব্যতীত কোন ব্যক্তি নগরীতে দুগ্ধ বিক্রয়ের জন্য দুগ্ধবতী গবাদি পশুপালন করিবেন না অথবা কোন দুগ্ধ আমদানী বা বিক্রয় করিবেন না, অথবা মাখন, ঘি বা দুগ্ধজাত অন্যান্য দ্রব্যাদি প্রস্তুত করিবেন না বা অনুরূপ কোন উদ্দেশ্যে ঘরবাড়ী ব্যবহার করিবেন না৷
 
 
(২) কর্পোরেশন, সরকারের পূর্ব অনুমোদনক্রমে, বিধি অনুসারে দুগ্ধ সরবরাহ প্রকল্প প্রণয়ন বা বাস্তবায়ন করিতে পারিবে এবং অনুরূপ প্রকল্পে অন্যান্য বিষয়ের মধ্যে গোয়ালা কলোনী স্থাপন এবং নগরীর কোন এলাকায় দুগ্ধবতী গবাদিপশু পালন নিষিদ্ধ করার এবং জনসাধারণের নিকট পর্যাপ্ত পরিমাণ খাঁটি দুগ্ধ সরবরাহ নিশ্চিতকরণের জন্য বিধান থাকিবে৷
সাধারণের বাজার
১০৪৷ (১) আপাততঃ বলবত্ অন্য কোন আইন সাপেক্ষে, কর্পোরেশন খাদ্যদ্রব্য, পানীয় ও জীবজন্তু বিক্রয়ের জন্য সাধারণের বাজার প্রতিষ্ঠা ও রক্ষণাবেক্ষণ করিতে পারিবে৷
 
 
 
 
(২) আপাততঃ বলবত্ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, কর্পোরেশন সাধারণের বাজার নির্মাণের উদ্দেশ্যে তত্কর্তৃক স্থিরকৃত শর্তাবলী সাপেক্ষে, ইচ্ছুক দখলকারগণের নিকট হইতে নির্ধারিত সালামী বা আগাম ভাড়া আদায় করিতে পারিবে৷
 
 
 
 
(৩) কর্পোরেশন সাধারণের বাজারের জন্য প্রবিধান দ্বারা-
 
 
 
 
(ক) বাজার ব্যবহার অথবা বাজারে পণ্য বিক্রয়ের জন্য ফিস ধার্য করার;
 
 
 
 
(খ) বিক্রয়ার্থ পণ্য বহনকারী যানবাহন বা পশুর উপর ফিস আরোপ করার;
 
 
 
 
(গ) দোকান ও ষ্টল ব্যবহারের জন্য ফিস আদায় করার;
 
 
 
 
(ঘ) বিক্রয়ের জন্য আনীত বা বিক্রিত পশুর উপর ফিস ধার্য করার; এবং
 
 
 
 
(ঙ) বাজারের দালাল, কমিশন এজেন্ট, কয়াল এবং বাজারে জীবিকা অর্জনকারী অন্যান্য ব্যক্তির নিকট হইতে ফিস আদায়ের বিধান করিতে পারিবে৷
বেসরকারী বাজার
১০৫৷ (১) কর্পোরেশন কর্তৃক প্রদত্ত লাইসেন্স এবং উহার শর্তানুযায়ী ব্যতীত কর্পোরেশন এলাকার মধ্যে কোন বেসরকারী বাজার প্রতিষ্ঠা অথবা রক্ষণাবেক্ষণ করা যাইবে না৷
 
 
 
 
(২) উপ-ধারা (১) এ যাহাই থাকুক না কেন, এই আইন বলবত্ হওয়ার পূর্বে নগরীতে কোন ব্যক্তির কোন বেসরকারী বাজার থাকিলে, তিনি এই আইন বলবত্ হওয়ার তিন মাসের মধ্যে কর্পোরেশনের নিকট লাইসেন্সের জন্য আবেদন করিবেন এবং যতদিন পর্যন্ত তাঁহাকে লাইসেন্স প্রদান করা না হয় ততদিন পর্যন্ত তিনি উক্ত বাজার রক্ষণাবেক্ষণ করিতে থাকিবেন৷
 
 
 
 
(৩) কর্পোরেশন প্রবিধান অনুযায়ী বেসরকারী বাজার হইতে ফিস আদায় করিতে পারিবে৷
 
 
(৪) কর্পোরেশন যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে কোন বেসরকারী বাজার জনস্বার্থে বন্ধ করিয়া দেওয়া অথবা উহার কর্তৃত্ব কর্পোরেশনের গ্রহণ করা উচিত, তাহা হইলে কর্পোরেশন বাজারটি বন্ধ করিবার জন্য নির্দেশ প্রদান করিতে পারিবেন অথবা Acquisition and Requisition of Immovable Property Ordinance, 1982 (VI of 1982) এর অধীন উক্ত বাজার অধিগৃহীত হইলে উহার জন্য যে ক্ষতিপূরণ দেয়া হইবে সেই ক্ষতিপূরণ প্রদান সাপেক্ষে কর্পোরেশন উক্ত বাজারের কর্তৃত্বভার গ্রহণ করিবে৷
 
 
 
 
(৫) কর্পোরেশন নোটিশ দ্বারা বেসরকারী বাজারের মালিককে উক্ত নোটিশে বর্ণিত সময়ের মধ্যে বাজারের প্রয়োজনীয় নির্মাণ কার্য সমাধা করার, বা উহাতে প্রয়োজনীয় সুবিধাদির ব্যবস্থা করার এবং উহা রক্ষণাবেক্ষণের জন্য নোটিশে উল্লেখিত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিতে পারিবে৷
কসাইখানা
১০৬৷ কর্পোরেশন নগরীর সীমানার মধ্যে বা উহার বাহিরে সরকার কর্তৃক অনুমোদিত এক বা একাধিক স্থানে মাংস বিক্রির উদ্দেশ্যে পশু জবাই বা কসাইখানার ব্যবস্থা করিবে৷
 
 
 
 

চতুর্থ পরিচ্ছেদ

পশু

পশুপালন
১০৭৷ (১) কর্পোরেশন পশু হাসপাতাল ও ডিসপেনসারী প্রতিষ্ঠা ও রক্ষণাবেক্ষণ করিতে পারিবে এবং প্রবিধান দ্বারা উহাদের কার্য নিয়ন্ত্রণ ও উহার চিকিত্সা বাবত আদায়যোগ্য ফিস ধার্য করিতে পারিবে৷
 
 
 
 
(২) কর্পোরেশন প্রবিধান দ্বারা পশুর মধ্যে সংক্রামক রোগের সংজ্ঞা নিরূপণ করিতে পারিবে এবং ঐ সকল রোগের বিস্তার রোধ করিয়া বাধ্যতামূলক টিকাদান ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিধান করিতে পারিবে; এবং অনুরূপ রোগ জীবাণু দ্বারা যে সকল পশু আক্রান্ত হইয়াছে বলিয়া সন্দেহ হয় সেই সকল পশুর চিকিত্সার ও ধ্বংসের ব্যবস্থা করিতে পারিবে৷
বেওয়ারিশ পশু
১০৮৷ (১) কর্পোরেশন প্রবিধান দ্বারা রাস্তায় বা জনসাধারণের ব্যবহৃত স্থান বা কর্ষিত ভূমিতে বন্ধনহীন অবস্থায় ইতস্ততঃ বিচরণরত পশু আটক করা ও খোয়াড়ে আবদ্ধ রাখার ব্যবস্থা করিতে পারিবে৷
 
 
 
 
(২) কর্পোরেশন প্রবিধান দ্বারা গবাদিপশু আবদ্ধ করিবার জন্য খোয়াড়ের ব্যবস্থা করিতে পারিবে এবং আবদ্ধকৃত পশুর জন্য জরিমানা ও ফিস আদায়ের বিধান করিতে পারিবে৷
 
 
 
 
(৩) কর্পোরেশন কর্তৃক এতদুদ্দেশ্যে নিষিদ্ধ কোন রাস্তায় বা স্থানে কোন পশু খোঁটায় বাঁধিয়া কিংবা আটকাইয়া রাখা যাইবে না, এবং যদি উক্তরূপ কোন রাস্তায় বা স্থানে কোন পশু বাঁধা বা আটক অবস্থায় পাওয়া যায় তবে উহাকে বন্ধ করা এবং খোয়াড়ে আবদ্ধ রাখা যাইবে৷
পশুশালা ও খামার
১০৯৷ (১) কর্পোরেশন, সরকারের পূর্বানুমোদনক্রমে, পশুশালা স্থাপন ও রক্ষণাবেক্ষণ করিতে পারিবে এবং উহাতে ব্যক্তিগত মালিকানাধীন রাখিবার ব্যবস্থা করিতে পারিবে৷
 
 
 
 
(২) কর্পোরেশন, সরকারের পূর্বানুমোদনক্রমে, পশু ও হাঁস-মুরগীর খামার স্থাপন ও রক্ষণাবেক্ষণ করিতে পারিবে৷
গবাদিপশু বিক্রয় রেজিষ্ট্রিকরণ
১১০৷ কর্পোরেশন প্রবিধান দ্বারা উহাতে উল্লেখিত প্রত্যেক পশুর বিক্রয় রেজিষ্ট্রী করিবার এবং নির্দেশ দিতে পারিবে এবং অনুরূপ বিক্রয় প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতি এবং ফিস প্রদানে রেজিষ্ট্রী করার বিধান করিতে পারিবে৷
পশুপালন উন্নয়ন
১১১৷ কর্পোরেশন, সরকারের পূর্বানুমোদনক্রমে, পশুপালন উন্নয়ন প্রকল্প প্রণয়ন অথবা বাস্তবায়নের ব্যবস্থা করিতে পারিবে, এবং অনুরূপ প্রকল্পে অন্যান্য বিষয়ের মধ্যে কোন ব্যক্তি যাহাতে নির্দিষ্ট কোন বয়স অপেক্ষা অধিক বয়সী পশু নির্বীর্য না করিয়া অথবা কোন উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক, উহা প্রজননক্ষম এই মর্মে প্রত্যায়ন না করাইয়া রাখিতে না পারে তাহার বিধানও করা যাইবে৷
বিপজ্জনক পশু
১১২৷ কর্পোরেশন প্রবিধান দ্বারা কোন্‌ পশু বিপজ্জনক পশু বলিয়া গণ্য হইবে এবং কোন্‌ পশু কি অবস্থায় সচরাচর বিপজ্জনক না হওয়া সত্ত্বেও কি অবস্থায় বিপজ্জনক বলিয়া গণ্য হইবে তাহার বিধান করিতে পারিবে, এবং অনুরূপ প্রবিধানে অন্যান্য বিষয়ের মধ্যে অনুরূপ পশু আটক ও ধ্বংস করার ব্যবস্থা থাকিতে হইবে৷
গবাদি পশু প্রদর্শনী, ইত্যাদি
১১৩৷ (১) কর্পোরেশন নগরীতে গবাদিপশু প্রদর্শনী ও মেলা অনুষ্ঠানের ব্যবস্থা করিতে পারিবে এবং উক্ত প্রদর্শনী ও মেলায় দর্শকদের নিকট হইতে প্রবিধান দ্বারা নির্ধারিত ফিস আদায় করিতে পারিবে৷
 
 
 
 
(২) কর্পোরেশন, সরকারের পূর্বানুমোদনক্রমে, চিড়িয়াখানা স্থাপন ও রক্ষণাবেক্ষণ করিতে পারিবে এবং তদুদ্দেশ্যে চাঁদা প্রদান করিতে পারিবে৷
পশুর মৃতদেহ অপসারণ
১১৪৷ যদি কোন ব্যক্তির তত্ত্বাবধানে রক্ষিত কোন পশু বিক্রয় করা বা খাওয়ার অথবা কোন ধর্মীয় উদ্দেশ্যে জবাই করা ছাড়া অন্য কোনভাবে মারা যায়, তাহা হইলে সেই ব্যক্তি-
 
 
 
 
(ক) উক্ত পশুর মৃতদেহ চব্বিশ ঘণ্টার মধ্যে কর্পোরেশন কর্তৃক নির্ধারিত স্থানে (যদি থাকে) ফেলিয়া দিবেন কিংবা নগরীর সীমানার এক মাইল বাহিরে কোন স্থানে ফেলিয়া দিবেন; অথবা
 
 
 
 
(খ) উক্ত পশুর মৃত সম্পর্কে কর্পোরেশনকে অবহিত করিবেন এবং কর্পোরেশন উক্ত পশুর মৃতদেহ অপসারণের ব্যবস্থা করিবে এবং প্রবিধান অনুযায়ী উক্ত ব্যক্তির নিকট হইতে ফিস আদায় করিতে পারিবে৷
 
 
ব্যাখ্যা৷- এই ধারায় “পশু” বলিতে শিং বিশিষ্ট সকল প্রকার গবাদি পশু, হাতি, উট, ঘোড়া, টাট্টু-ঘোড়া, গাধা, খচ্চর, হরিণ, ভেড়া, ছাগল, শুকর, কুকুর, বিড়াল এবং অন্যান্য বৃহদাকার পশুকে বুঝাইবে৷

পঞ্চম পরিচ্ছেদ

শহর পরিকল্পনা

মহাপরিকল্পনা
১১৫৷ কর্পোরেশন নগরীর জন্য একটি মহাপরিকল্পনা প্রণয়ন করিতে পারিবে এবং উহাতে অন্যান্য বিষয়ের মধ্যে নিনিম্নবর্ণিত বিষয়াদির বিধান থাকিবে-
 
 
 
 
(ক) নগরীর ইতিহাস, পরিসংখ্যান, জনকল্যাণমূলক এবং অন্যান্য নির্ধারিত বিষয়াদির বিবরণ সম্বলিত একটি জরিপ;
 
 
 
 
(খ) নগরীর কোন এলাকার উন্নয়ন ও সম্প্রসারণ; এবং
 
 
 
 
(গ) নগরীর মধ্যে কোন এলাকায় জমির উন্নতিসাধন, ইমারত নির্মাণ বা পুনঃনির্মাণ সম্পর্কে বিধি-নিষেধ ও নিয়ন্ত্রণ৷
জমির উন্নয়ন প্রকল্প
১১৬৷ (১) ধারা ১১৫ এর অধীনে প্রণীত কোন মহাপরিকল্পনা সরকার কর্তৃক অনুমোদিত হইলে, অনুমোদিত মহাপরিকল্পনার অন্তর্ভুক্ত কোন এলাকায় কোন জমির মালিক উক্ত এলাকার জন্য বিধি অনুযায়ী প্রণীত জমি উন্নয়ন প্রকল্পের সহিত অসামঞ্জস্য হয় এইভাবে মহাপরিকল্পনায় নির্ধারিত পরিমাণের অধিক কোন জমির উন্নয়ন সাধন বা উহাতে কোন ইমারত নির্মাণ বা পুনঃনির্মাণ করিতে পারিবে না৷
 
 
 
 
(২) কোন জমি উন্নয়ন পরিকল্পনায় অন্যান্য বিষয়ের মধ্যে নিনিম্নবর্ণিত বিষয়াদির বিধান থাকিবে, যথা-
 
 
 
 
(ক) কোন এলাকাকে বিভিন্ন প্লটে বিভক্তকরণ;
 
 
 
 
(খ) রাস্তা, নর্দমা ও খালি জায়গার ব্যবস্থাকরণ;
 
 
 
 
(গ) জনসাধারণের ব্যবহারের জন্য সংরক্ষিত এবং কর্পোরেশনকে হস্তান্তরিত হইবে এইরূপ জমি;
 
 
 
 
(ঘ) কোন জমি কর্পোরেশন অধিগ্রহণ করিবে;
 
 
 
 
(ঙ) প্লটসমূহের মূল্য;
 
 
 
 
(চ) কোন স্থানের মালিকের খরচে সম্পাদনীয় কার্য; এবং
 
 
 
 
(ছ) এলাকার উন্নতিসাধনের জন্য প্রয়োজনীয় সময়৷
জমি উন্নয়ন প্রকল্প কার্যকর করা
১১৭৷ (১) জমি উন্নয়ন প্রকল্প কর্পোরেশনের পরিদর্শনাধীনে নিয়ন্ত্রণ ও বাস্তবায়িত করা হইবে, এবং ইহা বাস্তবায়নের ব্যাপারে কর্পোরেশন প্রয়োজনীয় নির্দেশ প্রদান করিতে পারিবে৷
 
 
 
 
(২) যদি জমি উন্নয়ন প্রকল্পের বিধানের খেলাপ করিয়া কোন জায়গা উন্নয়ন করা হয়, তাহা হইলে কর্পোরেশন নোটিশ দ্বারা জমির মালিককে অথবা বিধান খেলাপকারী ব্যক্তিকে নোটিশে উল্লিখিতভাবে জায়গাটিতে পরিবর্তন সাধন করিবার জন্য নির্দেশ দিতে পারিবে; এবং যদি নির্দেশ মোতাবেক পরিবর্তন সাধন না করা হয় অথবা পরিবর্তন সাধন করা সম্ভব না হয়, তাহা হইলে কর্পোরেশন প্রবিধান অনুসারে আপত্তিকর নির্মাণ কার্য ভাংগিয়া ফেলিতে বা ভাংগিয়া ফেলিবার নির্দেশ দিতে পারিবে, এবং অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন উক্তরূপ ভাংগিয়া ফেলার জন্য কোন ক্ষতিপূরণ প্রদেয় হইবে না৷
 
 
 
 
(৩) যদি জমি উন্নয়ন প্রকল্পের অন্তর্ভুক্ত কোন জমির, প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে, উন্নয়ন সাধন করা না হয় এবং কর্পোরেশন তজ্জন্য সময় বর্ধন না করে অথবা জমিটির উন্নয়ন উক্ত প্রকল্পের সহিত সামঞ্জস্যপূর্ণ না হয়, তাহা হইলে কর্পোরেশন প্রবিধান অনুসারে জমিটি উন্নয়নের ভার স্বয়ং গ্রহণ করতঃ প্রয়োজনীয় নির্মাণ কাজ সমাধান করিতে পারিবে, এবং কর্পোরেশন কর্তৃক ব্যয়িত অর্থ জমির মালিকের নিকট হইতে তাহার উপর এই আইনের অধীন আরোপিত কর হিসাবে আদায়যোগ্য হইবে৷
 
 

ষষ্ঠ পরিচ্ছেদ

ইমারত নিয়ন্ত্রণ

ইমারত সম্পর্কিত প্রবিধান
১১৮৷ (১) যদি কর্পোরেশন কোন ইমারত বা উহার উপর স্থাপিত কোন কিছু ধ্বংসোন্মুখ অবস্থায় ধ্বসিয়া পড়ার সম্ভাবনাময় অবস্থায় রহিয়াছে বলিয়া মনে করে, কিংবা উহা কোন প্রকারে উহার বাসিন্দাদের অথবা উহার পার্শ্ববর্তী কোন ইমারত বা উহার বাসিন্দাদের বা পথচারীদের জন্য বিপজ্জনক বলিয়া মনে করে, তাহা হইলে কর্পোরেশন নোটিশ দ্বারা উহাতে উল্লিখিত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য উক্ত ইমারতের মালিককে বা দখলকারকে নির্দেশ দিতে পারিবে, এবং যদি এই নির্দেশ পালনে কোন ত্রুটি হয় তাহা হইলে কর্পোরেশন নিজেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করিতে পারিবে এবং এতদুদ্দেশ্যে ব্যয়িত অর্থ ইমারতের মালিকের নিকট হইতে তাহার উপর এই আইনের অধীনে আরোপিত কর হিসাবে আদায়যোগ্য হইবে৷
 
 
 
 
(২) যদি কোন ইমারত বিপজ্জনক অবস্থায় থাকে, বা উহা মনুষ্য বসবাসের অযোগ্য হয় তাহা হইলে কর্পোরেশন উহার সন্তোষ মোতাবেক ইমারতটি মেরামত না করা পর্যন্ত উহাতে বসবাস নিষিদ্ধ করিতে পারিবে৷
 
 

সপ্তম পরিচ্ছেদ

রাস্তা

সাধারণের রাস্তা
১১৯৷ (১) কর্পোরেশন নগরীর অধিবাসী এবং নগরীতে আগন্তুকদের আরাম ও সুবিধার জন্য প্রয়োজনীয় রাস্তা এবং অন্যান্য যোগাযোগের ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ করিবে৷
 
 
 
 
(২) কর্পোরেশন বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে রাস্তা রক্ষণাবেক্ষণ ও রাস্তা উন্নয়ন কর্মসূচী প্রণয়ন ও কার্যকর করিবে এবং ইহা বাবদ যাবতীয় ব্যয় বাজেটের অংশ বলিয়া গণ্য হইবে; তবে সরকার প্রয়োজনবোধে উক্ত কর্মসূচী পরিবর্তন বা সংশোধন করিতে পারিবে৷
রাস্তা
১২০৷ (১) কর্পোরেশনের পূর্বানুমোদন ব্যতিরেকে এবং উক্ত অনুমোদনের শর্তানুযায়ী ব্যতীত কোন নূতন রাস্তা তৈয়ার করা যাইবে না৷
 
 
 
 
(২) সাধারণের রাস্তা ব্যতীত অন্যান্য সকল রাস্তা প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে সংরক্ষিত হইবে৷
 
 
 
 
(৩) কর্পোরেশন নোটিশ দ্বারা, নোটিশে বর্ণিত পদ্ধতিতে কোন রাস্তা পাকা করা বা উহার পানি নিষ্কাশন বা উহার আলোর ব্যবস্থা করা বা অন্য কোন প্রকারে উহাকে উন্নত করার নির্দেশ দিতে পারিবে; এবং যদি উক্ত নির্দেশ অমান্য করা হয়, তাহা হইলে কর্পোরেশন স্বীয় এজেন্ট দ্বারা উক্ত কার্য সম্পাদন করাইতে পারিবে এবং ইহা বাবদ ব্যয়িত অর্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নিকট হইতে তাহাদের উপর এই আইনের অধীন আরোপিত কর হিসাবে আদায়যোগ্য হইবে৷
 
 
 
 
(৪) কোন সাধারণ রাস্তা ছাড়া অন্য কোন রাস্তা কি পদ্ধতিতে সাধারণ রাস্তায় পরিবর্তিত করা যাইবে সরকার বিধি দ্বারা উহা নির্ধারণ করিতে পারিবে৷
রাস্তা সম্বন্ধে সাধারণ বিধানাবলী
১২১৷ (১) কর্পোরেশন, সরকারের পূর্বানুমোদনক্রমে, যে কোন রাস্তার নামকরণ করিতে পারিবে এবং রাস্তার নাম উহার উপর বা উহার কোন মোড়ে কিংবা উহার শেষ প্রান্তে বা প্রবেশ পথে পরিষ্কারভাবে ফলকে লিপিবদ্ধ করিতে হইবে৷
 
 
 
 
(২) কোন ব্যক্তি কোন রাস্তা বা উহার নাম বা নাম ফলক বিনষ্ট বা ক্ষতিগ্রস্ত করিবে না কিংবা কর্পোরেশনের পূর্ব অনুমতি ব্যতীত উহার নাম ফলক অপসারণ করিবে না৷
 
 
 
 
(৩) কর্পোরেশন প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে রাস্তা বা ইমারত নির্মাণের সীমারেখা অংকিত করিতে পারিবে এবং কোন রাস্তা বা ইমারত নির্মাণের ব্যাপারে এইরূপ সীমারেখা মানিয়া চলার নির্দেশ দিতে পারিবে৷
 
 
(৪) কর্পোরেশন প্রবিধান দ্বারা রাস্তার উপদ্রব এবং রাস্তা সংক্রান্ত ব্যাপারে অপরাধের সংজ্ঞা নিরূপণ করিতে পারিবে এবং উহা প্রতিরোধ ও দূরীকরণের জন্য ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে৷
অবৈধভাবে পদার্পণ
১২২৷ (১) কর্পোরেশনের কোন রাস্তা, নর্দমা, ভূমি, বাড়ী, গলি বা পার্কে কর্পোরেশন কর্তৃক প্রদত্ত লাইসেন্স ব্যতিরেকে এবং উহার শর্তাবলী ব্যতীত, কোন ব্যক্তি কোন প্রকারে অবৈধভাবে পদার্পণ করিবেন না৷
 
 
 
 
(২) উক্তরূপ অবৈধ পদার্পণ হইলে কর্পোরেশন নোটিশ দ্বারা নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ পদার্পণকারী ব্যক্তিকে তাহার অবৈধ পদার্পণ বন্ধ করিবার জন্য নির্দেশ দিতে পারিবে এবং উক্ত সময়ের মধ্যে যদি তিনি এই নির্দেশ মান্য না করেন তাহা হইলে কর্পোরেশন অবৈধ পদার্পণ বন্ধ করিবার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে এবং এই বাবত যে ব্যয় হইবে তাহা উক্ত পদার্পণকারীর নিকট হইতে তাহার উপর এই আইনের অধীন আরোপিত কর হিসাবে আদায়যোগ্য হইবে৷
 
 
 
 
(৩) উপ-ধারা (২) এর অধীনে জারীকৃত নোটিশ দ্বারা সংক্ষুব্ধ কোন ব্যক্তি নোটিশ প্রাপ্তির পনের দিনের মধ্যে সরকারের নিকট আপীল করিতে পারিবে; এবং ইহার উপর সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত হইবে৷
রাস্তায় বাতির ব্যবস্থা
১২৩৷ (১) কর্পোরেশন সাধারণের রাস্তায় বা উহার উপর ন্যস্ত সর্বসাধারণের ব্যবহার্য অন্যান্য স্থান যথাযথভাবে আলোকিত করিবার ব্যবস্থা গ্রহণ করিবে৷
 
 
 
 
(২) কর্পোরেশন, সরকারের পূর্বানুমোদনক্রমে, প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে রাস্তায় আলোকিতকরণ প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করিতে পারিবে৷
রাস্তা ধোয়ার ব্যবস্থা
১২৪৷ কর্পোরেশন জনসাধারণের আরাম ও সুবিধার জন্য সাধারণ রাস্তা পানি দ্বারা ধৌত করার ব্যবস্থা করিবে৷
যানবাহন নিয়ন্ত্রণ
১২৫৷ পথচারীগণ যাহাতে পথ চলিতে বিপদগ্রস্ত না হন এবং তাহারা নিরাপদে ও অনায়াসে পথে চলাফেরা করিতে পারে তন্নিমিত্ত কর্পোরেশন প্রবিধান দ্বারা যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করিতে পারিবে৷
সাধারণ যানবাহন
১২৬৷ (১) কোন ব্যক্তি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত লাইসেন্স ব্যতীত নগরীতে মটরগাড়ী ছাড়া অন্য কোন সাধারণ যানবাহন রাখিতে, ভাড়া দিতে বা চালাইতে পারিবেন না৷
 
 
 
 
(২) কোন ব্যক্তি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত লাইসেন্স ব্যতিরেকে এবং উহার শর্তানুযায়ী ব্যতীত নগরীতে কোন সাধারণ যানবাহন টানিবার জন্য ঘোড়া বা অন্য পশু ব্যবহার করিতে পারিবে না৷
 
 
(৩) কর্পোরেশন, সরকারের পূর্ব অনুমোদনক্রমে, এবং প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে সাধারণ যানবাহনের ভাড়া নির্ধারণ করিতে পারিবে এবং কোন ব্যক্তি এইরূপ নির্ধারিত ভাড়ার অধিক ভাড়া দাবি করিতে পারিবেন না৷

অষ্টম পরিচ্ছেদ

জননিরাপত্তা

অগ্নি নির্বাপণ
১২৭৷ (১) কর্পোরেশন অগ্নিনিরোধ ও অগ্নিনির্বাপণের জন্য দমকল বাহিনী গঠন করিতে পারিবে এবং উহার সদস্য সংখ্যা, যানবাহন, যন্ত্রপাতি ও সরঞ্জামাদি নির্ধারিত হইবে৷
 
 
 
 
(২) নগরীতে কোন অগ্নিকাণ্ড ঘটিলে, কোন ম্যাজিষ্ট্রেট অথবা দমকল বাহিনীর কার্য পরিচালনাকারী কোন কর্মকর্তা কিংবা অন্যুন সাব-ইন্সপেক্টরের পদ মর্যাদা সম্পন্ন কোন পুলিশ কর্মকর্তা-
 
 
 
 
(ক) কোন ব্যক্তি অগ্নিনির্বাপণ কার্যে অথবা যান-মাল রক্ষার ব্যাপারে বাধা প্রদান বা হস্তক্ষেপ করিলে তাহাকে অপসারণ করিতে বা অপসারণের আদেশ প্রদান করিতে পারিবেন;
 
 
 
 
(খ) অগ্নিকাণ্ডের স্থানে বা উহার পার্শ্ববর্তী এলাকায় যে কোন রাস্তা বা পথ বন্ধ করিয়া দিতে পারিবেন;
 
 
 
 
(গ) অগ্নিনির্বাপণের উদ্দেশ্যে যে কোন বাড়ীঘর সম্পূর্ণ বা আংশিকভাবে ভাংগিয়া দিতে পারিবেন অথবা উহার মধ্য দিয়ে অগ্নিনির্বাপণকারী পানির পাইপ ও যন্ত্রপাতি নেওয়ার জন্য পথের ব্যবস্থা করিতে পারিবেন;
 
 
 
 
(ঘ) যে স্থানে অগ্নিকাণ্ড ঘটিয়াছে সে স্থানে পানির চাপ বৃদ্ধির উদ্দেশ্যে উহার চতুর্পার্শ্বে অবস্থিত যে কোন পাইপ বন্ধ করিয়া দিতে পারিবেন;
 
 
 
 
(ঙ) অগ্নিনির্বাপক গাড়ীর দায়িত্বে নিয়োজিত কোন ব্যক্তিকে অগ্নিনির্বাপণে সম্ভাব্য সকল সাহায্যদানের আহ্বান জানাইতে পারিবেন;
 
 
 
 
(চ) যান-মাল রক্ষার্থে অন্য যে কোন ব্যবস্থা গ্রহণ করিতে পারিবেন৷
 
 
 
 
(৩) এই ধারার অধীনে কোন কিছু করা হইলে অথবা সরল বিশ্বাসে করার ইচ্ছা করা হইলে তজ্জন্য কোন ব্যক্তিকে কোন ক্ষতিপূরণ দিতে হইবে না৷
 
 
 
 
(৪) উপ-ধারা (৩)-এ অথবা অন্য কোন আইনে বা কোন বীমা পলিসিতে যাহাই থাকুক না কেন, এই ধারার অধীনে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করার ফলে কোন ক্ষতি হইলে সেই ক্ষতিকে কোন অগ্নি-বীমা পলিসীর প্রয়োজনে অগ্নিকাণ্ডজনিত স্ফীতি বলিয়া গণ্য হইবে৷
বেসামরিক প্রতিরক্ষা
১২৮৷ কর্পোরেশন বেসামরিক প্রতিরক্ষার জন্য দায়ী হইবে এবং এতদুদ্দেশ্যে উহা নির্ধারিত কার্যাবলী সম্পন্ন করিবে৷
বন্যা
১২৯৷ বন্যা প্রতিরোধ করিবার, বন্যা দুর্গত এলাকা হইতে জনগণকে উদ্ধার করিবার এবং বন্যা কবলিত জনগণকে সাহায্য করিবার জন্য কর্পোরেশন প্রয়োজনীয় নৌকা, সাজসরঞ্জাম এবং যন্ত্রপাতির ব্যবস্থা করিবে৷
দুর্ভিক্ষ
১৩০৷ দুর্ভিক্ষ দেখা দিলে সরকারের অনুমোদনক্রমে, প্রয়োজনানুসারে দুর্ভিক্ষ কবলিত লোকদের জন্য ত্রাণ ব্যবস্থা করিতে পারিবে৷
বিপজ্জনক ও ক্ষতিকর বস্তুর ব্যবসা-বাণিজ্য
১৩১৷ (১) সরকার বিধিমালা দ্বারা কি কি দ্রব্য বা ব্যবসায় এই ধারার উদ্দেশ্যে বিপজ্জনক ও ক্ষতিকর তাহা নির্ধারণ করিবে৷
 
 
 
 
(২) কর্পোরেশন কর্তৃক মঞ্জুরীকৃত কোন লাইসেন্স ব্যতিরেকে এবং উহার শর্তানুযায়ী ব্যতীত কোন ব্যক্তি-
 
 
 
 
(ক) কোন বিপজ্জনক বা ক্ষতিকর ব্যবসায় চালাইতে পারিবেন না;
 
 
 
 
(খ) কোন বাড়ীঘর বা স্থানকে কোন বিপজ্জনক বা ক্ষতিকর ব্যবসার জন্য ব্যবহার করিতে দিতে পারিবেন না; এবং
 
 
 
 
(গ) গার্হস্থ্য কার্যে ব্যবহারের উদ্দেশ্য ছাড়া অন্য কোন উদ্দেশ্যে বা কোন আইন দ্বারা নির্ধারিত সীমার অধিক কোন বিপজ্জনক বা ক্ষতিকর বস্তু কোন বাড়ীঘরে রাখিতে পারিবেন না৷
 
 
 
 
(৩) সরকারের পূর্বানুমোদনক্রমে, কর্পোরেশন, নগরীর কোন এলাকাকে বিপজ্জনক ও ক্ষতিকর বস্তুর ব্যবসায়ের জন্য নিষিদ্ধ এলাকা বলিয়া নির্ধারিত করিতে পারিবে এবং উক্ত এলাকায় উক্তরূপ বস্তুর ব্যবসায় নিষিদ্ধ করিতে পারিবে৷
গোরস্থান ও শ্মশান
১৩২৷ (১) কর্পোরেশন মৃত ব্যক্তির দাফন বা দাহের জন্য গোরস্থান ও শ্মশানের ব্যবস্থা করিবে এবং উহার রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবে৷
 
 
 
 
(২) সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, সর্বসাধারণের ব্যবহার্য কোন গোরস্থান বা শ্মশানকে কর্পোরেশনের উপর ন্যস্ত বলিয়া ঘোষণা করিতে পারিবে এবং অনুরূপ ঘোষণার পর উহা কর্পোরেশনে ন্যস্ত হইবে এবং কর্পোরেশন উহার রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবে৷
 
 
 
 
(৩) যে সকল গোরস্থান বা শ্মশান কর্পোরেশন কর্তৃক পরিচালিত হয় না সেই সকল গোরস্থান বা শ্মশান কর্পোরেশনের নিকট রেজিষ্ট্রিভুক্ত করাইতে হইবে এবং উহা প্রবিধান অনুযায়ী কর্পোরেশনের নিয়ন্ত্রণ ও পরিদর্শনাধীন থাকিবে৷
 
 
(৪) কর্পোরেশন কর্তৃক মঞ্জুরীকৃত কোন লাইসেন্স ব্যতিরেকে এবং উহার শর্তানুযায়ী ব্যতীত কোন নূতন গোরস্থান বা শ্মশান প্রতিষ্ঠা করা যাইবে না৷

নবম পরিচ্ছেদ

গাছ, পার্ক, উদ্যান ও বন

বৃক্ষ রোপণ
১৩৩৷ (১) কর্পোরেশন নগরীর সাধারণ রাস্তা ও অন্যান্য সরকারী জায়গায় বৃক্ষ রোপণ করিবে এবং উহার সংরক্ষণের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করিবে৷
 
 
 
 
(২) কর্পোরেশন সরকারের পূর্বানুমোদনক্রমে বৃক্ষ-গবেষণা পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করিতে পারিবে৷
উদ্যান
১৩৪৷ (১) কর্পোরেশন নগরীর মধ্যে সর্বসাধারণের সুবিধা ও চিত্তবিনোদনের জন্য প্রয়োজনীয় সাধারণ উদ্যান নির্মাণ ও উহার রক্ষণাবেক্ষণ করিতে পারিবে, এবং প্রবিধান অনুযায়ী উক্ত উদ্যান পরিচালিত হইবে৷
 
 
 
 
(২) প্রত্যেক সাধারণ উদ্যানের উন্নয়নের জন্য কর্পোরেশন উন্নয়ন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করিবে৷
খোলা জায়গা
১৩৫৷ কর্পোরেশন নগরীর মধ্যে সর্বসাধারণের সুবিধার্থে খোলা জায়গার ব্যবস্থা করিবে এবং উহাকে তৃনাচ্ছাদিত করার, ঘেরা দেওয়া এবং মনোরম করার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করিবে৷
বন
১৩৬৷ কর্পোরেশন বনোন্নয়ন করিতে পারিবে এবং বন-প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করিতে পারিবে এবং উহার বনাঞ্চল বৃক্ষ রোপণ এবং সংরক্ষণ করিতে পারিবে৷
বৃক্ষ সংক্রান্ত ক্ষতিসাধন কার্যাবলী
১৩৭৷ (১) কর্পোরেশন বৃক্ষ ও চারা গাছের ধ্বংস সাধনকারী কীট-পতংগ বিনাশের ব্যবস্থা করিতে পারিবে৷
 
 
 
 
(২) যদি নগরীর কোন জমিতে বা অংগনে ক্ষতিকর গাছপালা বা লতাগুল্ম জন্মে তাহা হইলে কর্পোরেশন নোটিশ দ্বারা জমি বা অংগনের মালিক ও দখলকারকে উহা পরিষ্কার করার জন্য নির্দেশ দিতে পারিবে, এবং যদি তিনি নির্ধারিত সময়ের মধ্যে উহা করিতে ব্যর্থ হন, তাহা কর্পোরেশন নিজেই উহা পরিষ্কার করিতে পারিবে এবং ইহা বাবত কর্পোরেশনের যাবতীয় ব্যয় উক্ত মালিক ও দখলদারের নিকট হইতে তাহাদের উপর এই আইনের অধীন আরোপিত কর হিসাব আদায়যোগ্য হইবে৷
 
 
 
 
(৩) কর্পোরেশন, প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, বিপজ্জনক বৃক্ষ কর্তন করিবার অথবা রাস্তার উপর ঝুলন্ত এবং রাস্তায় চলাচলে বিঘ্ন সৃষ্টিকারী বা অন্য কোন অসুবিধা সৃষ্টিকারী উহার শাখা ছাটিয়ে দেওয়ার নির্দেশ দিতে পারিবে৷
 
 
(৪) কর্পোরেশন, নোটিশ দ্বারা, উহাতে উল্লেখিত কোন এলাকায় জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোন শস্য উত্পাদন নিষিদ্ধ করিতে পারিবে৷
পুকুর ও নিম্নাঞ্চল
১৩৮৷ কর্পোরেশন পুকুর খনন ও পুনঃখনন এবং নিম্্নাঞ্চলসমূহ পুনরুদ্ধারের ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে৷
 
 
 
 

দশম পরিচ্ছেদ

শিক্ষা

শিক্ষা
১৩৯৷ (১) কর্পোরেশন সরকারের নির্দেশ মোতাবেক শিক্ষা প্রতিষ্ঠান রক্ষণাবেক্ষণ করিবে এবং সরকারের পূর্ব অনুমোদনক্রমে নগরীতে শিক্ষার উন্নতির জন্য প্রয়োজনীয় যে কোন শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করিতে পারিবে৷
 
 
 
 
(২) কর্পোরেশন যে সকল প্রতিষ্ঠান রক্ষণাবেক্ষণ করিবে সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিধি দ্বারা নির্ধারিত মানসম্মত শিক্ষার ব্যবস্থা করিতে পারিবে৷
 
 
 
 
(৩) কর্পোরেশন নির্ধারিত ফিস ধার্য করিতে পারিবে৷
 
 
 
 
(৪) কর্পোরেশন সরকারের পূর্বানুমোদনক্রমে নগরীতে অবস্থিত বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে অর্থ সাহায্য প্রদান করিতে পারিবে৷
বাধ্যতামূলক শিক্ষা
১৪০৷ আপাততঃ বলবত্ অন্য কোন আইন সাপেক্ষে, কর্পোরেশন নগরীতে বাধ্যতামূলক শিক্ষা প্রবর্তনের জন্য দায়ী থাকিবে এবং নগরীতে স্কুলে যাওয়ার বয়সী সকল ছেলেমেয়ে যাহাতে কর্পোরেশনের স্বীকৃতিপ্রাপ্ত বিদ্যালয়ে লেখাপড়া করে তাহা নিশ্চিত করার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে৷
শিক্ষা সম্পর্কিত সাধারণ বিধানাবলী
১৪১৷ কর্পোরেশন-
 
 
 
 
(ক) ছাত্রাবাসরূপে ব্যবহারের জন্য ভবন নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করিতে পারিবে;
 
 
 
 
(খ) যোগ্যতাসম্পন্ন এবং মেধাবী ছাত্রদিগকে বৃত্তি প্রদান করিতে পারিবে;
 
 
 
 
(গ) শিক্ষকদের প্রশিক্ষণদানের ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে;
 
 
 
 
(ঘ) প্রাপ্ত বয়স্কদের শিক্ষার উন্নয়নের ব্যবস্থা করিতে পারিবে;
 
 
 
 
(ঙ) অনাথ ও গরীব ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্যে অথবা স্বল্প মূল্যে পাঠ্যপুস্তক প্রদানের ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে;
 
 
 
 
(চ) বিদ্যালয়ের পুস্তকাদি ও ষ্টেশনারী দ্রব্যাদির বিক্রয় কেন্দ্র স্থাপন করিতে পারিবে;
 
 
(ছ) সরকারের পূর্ব অনুমোদনক্রমে-
 
 
 
 
(১) শিক্ষা সমিতির উন্নয়নের সহায়তা দান করিতে পারিবে;
 
 
 
 
(২) শিক্ষা জরিপ ব্যবস্থা এবং শিক্ষা বিষয়ক প্রকল্প বাস্তবায়ন করিতে পারিবে;
 
 
 
 
(৩) বিদ্যালয়ের ছেলে-মেয়েদের জন্য বিনামূল্যে বা স্বল্পমূল্য প্রদানে দুগ্ধ ও খাদ্য সরবরাহের ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে; এবং
 
 
 
 
(জ) শিক্ষার উন্নয়নে সহায়ক অন্যান্য ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে৷
 
 

একাদশ পরিচ্ছেদ

সংস্কৃতি

সংস্কৃতি
১৪২৷ কর্পোরেশন-
 
 
 
 
(ক) পৌরশিক্ষার প্রসারে এবং সমাজ উন্নয়ন ও জনস্বার্থে সম্পাদিত বিষয়ের প্রচারের জন্য তথ্য কেন্দ্র প্রতিষ্ঠা করিতে পারিবে;
 
 
 
 
(খ) সর্বসাধারণের প্রতিষ্ঠান ও ব্যবহার্য জায়গায় রেডিও সেটের ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ করিতে পারিবে;
 
 
 
 
(গ) যাদুঘর ও আর্টগ্যালারী স্থাপন এবং উহার রক্ষিত জিনিসপত্রের প্রদর্শনীর ব্যবস্থা করিতে পারিবে;
 
 
 
 
(ঘ) পাবলিক হল ও সমাজ কেন্দ্র স্থাপন ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করিতে পারিবে;
 
 
 
 
(ঙ) স্বাধীনতা দিবস ও অন্যান্য জাতীয় ছুটির দিনগুলি উদযাপন করিবার ব্যবস্থা করিতে পারিবে;
 
 
 
 
(চ) কর্পোরেশনের আগমনকারী বিশিষ্ট মেহমানদের সম্বর্ধনার ব্যবস্থা করিতে পারিবে;
 
 
 
 
(ছ) জাতীয় ভাষার ব্যবহারে উত্সাহ দান করিতে পারিবে;
 
 
 
 
(জ) জনসাধারণের মধ্যে শরীর চর্চা, ব্যায়াম ও খেলাধুলার উত্সাহ দান এবং ৠালী ও টুর্নামেন্ট পরিচালনা করিতে পারিবে;
 
 
 
 
(ঝ) নগর ভ্রমণের ব্যবস্থা করিতে পারিবে;
 
 
 
 
(ঞ) নগরীর ঐতিহাসিক বৈশিষ্ট্যপূর্ণ স্থানসমূহ সংরক্ষণের জন্য ব্যবস্থা করিতে পারিবে;
 
 
(ট) সর্বসাধারণের চিত্তবিনোদনের জন্য সুবিধাদির ব্যবস্থা গ্রহণ ও উন্নতি বিধান করিতে পারিবে; এবং
 
 
 
 
(ঠ) দেশীয় সাংস্কৃতিক অগ্রগতি ও উন্নয়নের সহায়ক সম্ভাব্য অন্যান্য সকল ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে৷
পাঠাগারসমূহ
১৪৩৷ কর্পোরেশন, সর্বসাধারণের ব্যবহারের জন্য সাধারণ পাঠাগার ও ভ্রাম্যমান পাঠাগার প্রতিষ্ঠা করিতে পারিবে৷
মেলা ও প্রদর্শনী
১৪৪৷ কর্পোরেশন সরকারের পূর্বানুমোদনক্রমে, নগরীতে কোন মেলা, প্রদর্শনী বা সাধারণ উত্সবের সময় জনস্বাস্থ্য ও জননিরাপত্তা প্রয়োজনে বা জন সুবিধার্থে প্রয়োজনীয় যে কোন ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে এবং উহার দর্শকদের উপর ফিস ধার্য করিতে পারিবে৷
 
 

দ্বাদশ পরিচ্ছেদ

সমাজকল্যাণ

সমাজকল্যাণ
১৪৫৷ কর্পোরেশন-
 
 
 
 
(ক) দুঃস্থদের জন্য জনকল্যাণ কেন্দ্র, আশ্রয় কেন্দ্র, এতিমখানা, বিধবা নিবাস ও অন্যান্য প্রতিষ্ঠান স্থাপন ও রক্ষণাবেক্ষণ করিতে পারিবে;
 
 
 
 
(খ) কর্পোরেশন নিজ খরচে নগরীতে মৃত নিঃস্ব ব্যক্তিদের মৃতদেহ দাফন ও দাহের ব্যবস্থা করিতে পারিবে;
 
 
 
 
(গ) ভিক্ষাবৃত্তি, পতিতাবৃত্তি, জুয়া, মাদকদ্রব্য সেবন, মদ্যপান, কিশোর অপরাধ এবং অন্যান্য সামাজিক অনাচার প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে;
 
 
 
 
(ঘ) সমাজ সেবার জন্য স্বেচ্ছাসেবক গঠনে সংগঠিত করিতে পারিবে;
 
 
 
 
(ঙ) নারী, শিশু ও পশ্চাদপদ শ্রেণীর কল্যাণসাধনের জন্য কার্যক্রম ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে;
 
 
 
 
(চ) সমাজ কল্যাণ ও সমাজ উন্নয়নমূলক অন্যান্য ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে৷
 
 

ত্রয়োদশ পরিচ্ছেদ

উন্নয়ন

উন্নয়ন পরিকল্পনা
১৪৬৷ (১) কর্পোরেশন নির্দিষ্ট মেয়াদের জন্য উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করিতে পারিবে তবে অনুরূপ পরিকল্পনা সরকারের অনুমোদন সাপেক্ষে হইবে এবং উহাতে অন্যান্য বিষয়ের মধ্যে নিনিম্নবর্ণিত বিষয়াদির বিধান থাকিবে, যথা:-
 
 
 
 
(ক) কর্পোরেশনের কোন বিশেষ কার্যাবলীর উন্নয়ন;
 
 
 
 
(খ) পরিকল্পনার জন্য অর্থ সংগ্রহ এবং বাস্তবায়ন ও তত্ত্বাবধান৷
 
 
 
 
(২) সরকার কর্পোরেশন বা উহার কোন খাত হইতে প্রাপ্ত আয়ের সম্পূর্ণ বা কিয়দংশ কোন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য ব্যয় করিবার নির্দেশ দিতে পারিবে৷
সমাজ উন্নয়ন পরিকল্পনা
১৪৭৷ কর্পোরেশন প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে সমাজ উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন বা বাস্তবায়ন করিতে পারিবে৷
বাণিজ্যিক প্রকল্প
১৪৮৷ কর্পোরেশন প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে এবং সরকারের পূর্বানুমোদনক্রমে ব্যবসায় ও বাণিজ্য প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করিতে পারিবে৷
 
 

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs