বাংলাদেশ এগ্রিকালচারাল ইনস্টিটিউট-এর বিলোপ, ইত্যাদি
৫৯৷ (১) এই আইন প্রবর্তনের সংগে সংগে বাংলাদেশ এগ্রিকালচারাল ইনস্টিটিউট, অতঃপর উক্ত ইনস্টিটিউট বলিয়া উল্লিখিত, বিলুপ্ত হইবে৷
(২) উক্ত ইনস্টিটিউট বিলুপ্ত হইবার সঙ্গে সঙ্গে-
(ক) উক্ত ইনস্টিটিউটের সকল সম্পদ, অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব, সুবিধাদি এবং স্থাবর ও অস্থাবর সকল সম্পত্তি, নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ এবং অন্য সকল দাবি ও অধিকার বিশ্ববিদ্যালয়ের সম্পদ, অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব, সুবিধা, সম্পত্তি, অর্থ ও দাবী হইবে;
(খ) উক্ত ইনস্টিটিউটের সকল ঋণ, দায়, বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্প ও দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের ঋণ, দায়, বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্প ও দায়িত্ব হইবে;
(গ) উক্ত ইনস্টিটিউটের সকল তহবিল বিশ্ববিদ্যালয়ের তহবিল হইবে;
(ঘ) উক্ত ইনস্টিটিউট কর্তৃক বা উক্ত ইনস্টিটিউটের পক্ষে সম্পাদিত সকল চুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃক বা বিশ্ববিদ্যালয়ের পক্ষে সম্পাদিত চুক্তি বলিয়া গণ্য হইবে;
(ঙ) উক্ত ইনস্টিটিউট কর্তৃক বা উহার বিরুদ্ধে দায়েরকৃত বা সূচিত কোন মামলা বা অন্যকোন আইনগত কার্যধারা বিশ্ববিদ্যালয় কর্তৃক বা উহার বিরুদ্ধে দায়েরকৃত বা সূচিত মামলা বলিয়া গণ্য হইবে;
(চ) উক্ত ইনস্টিটিউটের সকল ছাত্র-ছাত্রী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী হইবেন;
(ছ) উক্ত ইনস্টিটিউটের অধ্যক্ষ ও উপাধ্যক্ষসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী বিশ্ববিদ্যালয়ের চাকুরীতে, এই ধারার অন্য কোন বিধান সাপেক্ষে, বদলী হইয়াছেন বলিয়া গণ্য হইবেন এবং এইরূপ বদলীর পূর্বে তাহারা যে শর্তে ইনস্টিটিউটের চাকুরীতে নিয়োজিত ছিলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিবর্তিত না হওয়া পর্যন্ত, সেই একই শর্তে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী হিসাবে বিশ্ববিদ্যালয়ের চাকুরীতে নিয়োজিত থাকিবেন;
(জ) উক্ত ইনস্টিটিউটের প্রেষণে কর্মরত সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী বিশ্ববিদ্যালয়ের চাকুরীতে বদলী হইয়াছেন বলিয়া গণ্য হইবেন, যদি না তাহারা এই আইন কার্যকর হইবার পরবর্তী ত্রিশ দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের চাকুরীতে বদলী না হইবার ইচ্ছা ব্যক্ত করিয়া লিখিতভাবে ভাইস-চ্যান্সেলরকে অবহিত করেন, সেক্ষেত্রে তাহারা বিশ্ববিদ্যালয়ের চাকুরীতে প্রেষণে নিযুক্ত রহিয়াছেন বলিয়া গণ্য হইবেন;
(ঝ) দফা (ছ) এর অধীন বদলীকৃত কোন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী বিশ্ববিদ্যালয়ের চাকুরীতে নিয়োজিত না থাকার ইচ্ছা ব্যক্ত করিয়া যদি এই আইন কার্যকর করার তিন মাসের মধ্যে সরকারের নিকট লিখিত আবেদন করেন, তাহা হইলে তিনি উক্ত ইনস্টিটিউটের চাকুরীর শর্তাধীনে যে সব আর্থিক সুবিধা প্রাপ্য হইতেন সেই সুবিধা পাইবার অধিকারী হইবেন এবং উক্তরূপ সুবিধা মোতাবেক অর্থ গ্রহণের তারিখ হইতে বিশ্ববিদ্যালয়ের চাকুরী হইতে অব্যাহতি পাইবেন৷