কাউন্সিলের গঠন
৬৷ (১) এই আইনের উদ্দেশ্যপূরণকল্পে নিম্নবর্ণিত নয় সদস্য সমন্বয়ে কাউন্সিল গঠিত হইবে, যথা:-
(ক) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বা প্রতিমন্ত্রী, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন;
(খ) মুক্তিযুদ্ধের ব্রিগেড কমান্ডার, সেক্টর কমান্ডার, সাব-সেক্টর কমান্ডার অথবা উল্লিখিত কমান্ডসমূহের বিশিষ্ট মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধ বিষয়ক কর্মকাণ্ডের সহিত সংশ্লিষ্টদের মধ্য হইতে আটজন ব্যক্তি, যাঁহারা প্রধান উপদেষ্টা কর্তৃক মনোনীত হইবেন৷
(২) এই ধারার অধীন মনোনীত সদস্যগণ উক্তরূপ মনোনয়নের তারিখ হইতে তিন বত্সর মেয়াদের জন্য স্বীয় পদে বহাল থাকিবেন:
তবে শর্ত থাকে যে, প্রধান উপদেষ্টা উক্ত মেয়াদ শেষ হইবার পূর্বেই কাউন্সিলের যে কোন সদস্যকে তাঁহার পদ হইতে অপসারণ করিতে পারিবেন৷
(৩) প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্র যোগে যে কোন সদস্য স্বীয় পদত্যাগ করিতে পারিবেন৷
(৪) চেয়ারম্যানের পদ শূন্য হইলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোন কারণে তিনি তাঁহার দায়িত্ব পালনে অসমর্থ হইলে কিংবা চেয়ারম্যান পুনরায় স্বীয় দায়িত্ব পালনে সমর্থ না হওয়া পর্যন্ত প্রধান উপদেষ্টা কর্তৃক মনোনীত কোন সদস্য চেয়ারম্যানের দায়িত্ব পালন করিবেন৷
(৫) মহাপরিচালক কাউন্সিলের সচিব হইবেন৷