প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০০২

( ২০০২ সনের ৮ নং আইন )

তৃতীয় অধ্যায়

মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা সংশ্লিষ্ট সংগঠনের নিবন্ধীকরণ, ইত্যাদি

মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা সংশ্লিষ্ট বিদ্যমান সংগঠনের নিবন্ধন সংক্রান্ত বিধান
১২৷ (১) কোন সংগঠনের নিবন্ধন সংক্রান্ত অন্যান্য আইনে যাহা কিছুই থাকুক না কেন, এই আইন কার্যকর হইবার অব্যবহিত পূর্বে বিদ্যমান মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধা সংশ্লিষ্ট সংগঠনকে এই আইন কার্যকর হইবার নব্বই দিবসের মধ্যে ধারা ১১ এ নির্ধারিত পদ্ধতিতে নিবন্ধিত হইতে হইবে৷
 
 
 
 
(২) মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা সংশ্লিষ্ট কোন সংগঠন উপ-ধারা (১) এর অধীন নিবন্ধিত না হইলে নিবন্ধক উহার সকল কার্যক্রম স্থগিত করিতে পারিবে৷
 
 
 
 
(৩) উপ-ধারা (২) এর অধীন কোন সংগঠনের কার্যক্রম স্থগিত করা হইলে উক্ত সংগঠনের সকল স্থাবর-অস্থাবর সম্পত্তির ব্যবস্থাপনাসহ নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম পরিচালনার দায়িত্ব কাউন্সিলের উপর বর্তাইবে এবং কাউন্সিল তত্ত্বাবধায়ক নিয়োগ করিয়া উক্ত সংগঠনের স্থাবর-অস্থাবর সম্পত্তির ব্যবস্থাপনাসহ নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থসহ যাবতীয় কার্যক্রম পরিচালনা করিতে পারিবে৷
 
 
 
 
(৪) উপ-ধারা (৩) এর অধীন নিয়োগপ্রাপ্ত তত্ত্বাবধায়ক দায়িত্ব গ্রহণের নব্বই দিনের মধ্যে সাধারণ সদস্যদের মধ্য হইতে তিন জন সদস্য সমন্বয়ে একটি কমিটি গঠন করিবেন এবং উক্তরূপ কমিটি গঠনের নব্বই দিনের মধ্যে স্থগিত সংগঠনের সদস্যদের একটি সাধারণ সভা আহ্বান করিয়া একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করিবেন এবং উক্ত কমিটির সহায়তায় নির্ধারিত পদ্ধতিতে স্থগিত সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করিবেন৷
 
 
 
 
(৫) উপ-ধারা (৪) এর অধীন নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হইবার পরবর্তী সাত দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সংগঠনের দায়িত্বভার পূর্ণাঙ্গ কমিটির নিকট হস্তান্তর করিবেন৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs