লাইসেন্স ব্যতীত বেসরকারী রক্ত পরিসঞ্চালন কেন্দ্র স্থাপন ও পরিচালনার দণ্ড
১৮৷ (১) এই আইনের অধীন লাইসেন্স গ্রহণ ব্যতীত কোন ব্যক্তি কোন বেসরকারী রক্ত পরিসঞ্চালন কেন্দ্র স্থাপন ও পরিচালনা করিতে পারিবেন না৷
(২) কোন ব্যক্তি উপ-ধারা (১) এর বিধান লংঘন করিলে দণ্ডনীয় অপরাধ করিয়াছেন বলিয়া গণ্য হইবেন এবং তিনি উক্ত অপরাধের জন্য অনধিক দুই বত্সর সশ্রম কারাদণ্ড, অথবা অনূর্ধ্ব এক লক্ষ টাকা অর্থ দণ্ড, অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন৷
ভুল ব্যবস্থাপত্র প্রদানের দণ্ড
১৯৷ (১) কোন ব্যক্তি রক্ত পরিসঞ্চালন সংক্রান্ত চিকিত্সার উদ্দেশ্যে কোন রোগী বা রক্ত গ্রহীতার মারাত্মক শারীরিক ক্ষতি, অংগহানী, পঙ্গুত্ব বা মৃত্যুর কারণ হয় কিংবা রক্তবাহিত সংক্রামক রোগে আক্রান্ত হন এইরূপ ভুল ব্যবস্থাপত্র প্রদান করিবেন না৷
(২) কোন ব্যক্তি উপ-ধারা (১) এর বিধান লংঘন করিলে দণ্ডনীয় অপরাধ করিয়াছেন বলিয়া গণ্য হইবেন এবং তিনি উক্ত অপরাধের জন্য অনধিক পাঁচ বত্সর সশ্রম কারাদণ্ড, অথবা অনূর্ধ্ব পাঁচ লক্ষ টাকা অর্থ দণ্ড, অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন৷
অননুমোদিত পদ্ধতিতে রক্ত পরিসঞ্চালনের দণ্ড
২০৷ (১) কোন ব্যক্তি রক্ত পরিসঞ্চালন সংক্রান্ত চিকিত্সার উদ্দেশ্যে কোন রোগী বা রক্ত গ্রহীতার মারাত্মক শারীরিক ক্ষতি, অংগহানী, পঙ্গুত্ব বা মৃত্যুর কারণ হয় কিংবা রক্তবাহিত সংক্রামক রোগে আক্রান্ত হন এইরূপ পদ্ধতিতে রক্ত পরিসঞ্চালন করিবেন না৷
(২) কোন ব্যক্তি উপ-ধারা (১) এর বিধান লংঘন করিলে দণ্ডনীয় অপরাধ করিয়াছেন বলিয়া গণ্য হইবেন এবং তিনি উক্ত অপরাধের জন্য অনধিক পাঁচ বত্সর সশ্রম কারাদণ্ড, অথবা অনূর্ধ্ব পাঁচ লক্ষ টাকা অর্থ দণ্ড, অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন৷
বিনষ্টযোগ্য উপকরণ বিনষ্ট না করার দণ্ড
২১৷ (১) রক্ত পরিসঞ্চালনের দায়িত্বপ্রাপ্ত কোন ব্যক্তি রক্ত পরিসঞ্চালন করিবার পর উহাতে ব্যবহৃত বিনষ্টযোগ্য উপকরণ বিনষ্টকরণ নিশ্চিত করিবেন৷
(২) রক্ত পরিসঞ্চালনের দায়িত্বপ্রাপ্ত কোন ব্যক্তি উপ-ধারা (১) এর বিধান লংঘন করিলে দণ্ডনীয় অপরাধ করিয়াছেন বলিয়া গণ্য হইবেন এবং তিনি উক্ত অপরাধের জন্য অনধিক ছয় মাস সশ্রম কারাদণ্ড, অথবা অনূর্ধ্ব পাঁচ হাজার টাকা অর্থ দণ্ড, অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন৷
বিনষ্টযোগ্য উপকরণ পুনরায় ব্যবহার করার দণ্ড
২২৷ (১) কোন ব্যক্তি রক্ত পরিসঞ্চালনে ব্যবহৃত বিনষ্টযোগ্য উপকরণ পুনরায় ব্যবহার করিবেন না৷
(২) কোন ব্যক্তি উপ-ধারা (১) এর বিধান লংঘন করিলে তিনি দণ্ডনীয় অপরাধ করিয়াছেন বলিয়া গণ্য হইবেন এবং-
(ক) উক্ত অপরাধের জন্য অনধিক এক বত্সর সশ্রম কারাদণ্ড, অথবা অনূর্ধ্ব দশ হাজার টাকা অর্থ দণ্ড, অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন; বা
(খ) যেই ক্ষেত্রে উক্ত অপরাধের ফলে সংশ্লিষ্ট রোগী বা রক্ত গ্রহীতার মারাত্মক শারীরিক ক্ষতি, অংগহানী, পঙ্গুত্ব বা মৃত্যুর কারণ হয় কিংবা রক্তবাহিত সংক্রামক রোগে আক্রান্ত হন সেই ক্ষেত্রে উক্ত ব্যক্তি অনধিক পাঁচ বত্সর সশ্রম কারাদণ্ড, অথবা অনূর্ধ্ব পাঁচ লক্ষ টাকা অর্থ দণ্ড, অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন৷
অনিরীক্ষিত রক্ত পরিসঞ্চালনের দণ্ড
২৩৷ (১) কোন ব্যক্তি কোন অনিরীক্ষিত রক্ত, রক্তের উপাদান কিংবা রক্তজাত সামগ্রী কোন রোগী বা রক্ত গ্রহীতার দেহে পরিসঞ্চালন করিবেন না৷
(২) কোন ব্যক্তি উপ-ধারা (১) এর বিধান লংঘন করিলে দণ্ডনীয় অপরাধ করিয়াছেন বলিয়া গণ্য হইবেন এবং তিনি-
(ক) উক্ত অপরাধের জন্য অনধিক এক বত্সর সশ্রম কারাদণ্ড, অথবা অনূর্ধ্ব দশ হাজার টাকা অর্থ দণ্ড, অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন; বা
(খ) যেই ক্ষেত্রে উক্ত অপরাধের ফলে সংশ্লিষ্ট রোগী বা রক্ত গ্রহীতার মারাত্মক শারীরিক ক্ষতি, অংগহানী, পঙ্গুত্ব বা মৃত্যুর কারণ হয় কিংবা রক্তবাহিত সংক্রামক রোগে আক্রান্ত হন সেই ক্ষেত্রে উক্ত ব্যক্তি অনধিক পাঁচ বত্সর সশ্রম কারাদণ্ড, অথবা অনূর্ধ্ব পাঁচ লক্ষ টাকা অর্থ দণ্ড, অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন৷
অননুমোদিত উপায়ে রক্ত, রক্তের উপাদান ও রক্তজাত সামগ্রী সংগ্রহ, উত্পাদন ও বিতরণের দণ্ড
২৪৷ (১) কোন ব্যক্তি এই আইন দ্বারা নির্ধারিত পদ্ধতি ব্যতীত অন্য কোন পদ্ধতি বা উপায়ে রক্ত, রক্তের উপাদান ও রক্তজাত সামগ্রী সংগ্রহ, উত্পাদন ও বিতরণ করিবেন না৷
(২) কোন ব্যক্তি উপ-ধারা (১) এর বিধান লংঘন করিলে দণ্ডনীয় অপরাধ করিয়াছেন বলিয়া গণ্য হইবেন এবং তিনি উক্ত অপরাধের জন্য অনধিক দুই বত্সর সশ্রম কারাদণ্ড, অথবা অনূর্ধ্ব পঞ্চাশ হাজার টাকা অর্থ দণ্ড, অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন৷
অননুমোদিত ব্যক্তি কর্তৃক রক্ত পরিসঞ্চালনের দণ্ড
২৫৷ (১) কোন অননুমোদিত ব্যক্তি অন্য কোন ব্যক্তির দেহ হইতে রক্ত সংগ্রহ করিতে এবং কোন ব্যক্তির দেহে রক্ত পরিসঞ্চালন করিবেন না৷
(২) কোন ব্যক্তি উপ-ধারা (১) এর বিধান লংঘন করিলে দণ্ডনীয় অপরাধ করিয়াছেন বলিয়া গণ্য হইবেন এবং তিনি-
(ক) উক্ত অপরাধের জন্য অনধিক এক বত্সর সশ্রম কারাদণ্ড, অথবা অনূর্ধ্ব দশ হাজার টাকা অর্থ দণ্ড, অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন; বা
(খ) যেই ক্ষেত্রে উক্ত অপরাধের ফলে সংশ্লিষ্ট রোগী বা রক্ত গ্রহীতার মারাত্মক শারীরিক ক্ষতি, অংগহানী, পঙ্গুত্ব বা মৃত্যুর কারণ হয় কিংবা রক্তবাহিত সংক্রামক রোগে আক্রান্ত হন সেই ক্ষেত্রে উক্ত ব্যক্তি অনধিক পাঁচ বত্সর সশ্রম কারাদণ্ড, অথবা অনূর্ধ্ব পাচ লক্ষ টাকা অর্থ দণ্ড, অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন৷
রক্তদাতার ভুঁয়া পরিচয় পত্র ব্যবহারের দণ্ড
২৬৷ (১) কোন ব্যক্তি অন্য কোন রক্তদাতার পরিচয় পত্র বা ভুঁয়া পরিচয় পত্র ব্যবহার করিবেন না৷
(২) কোন ব্যক্তি উপ-ধারা (১) এর বিধান লংঘন করিলে দণ্ডনীয় অপরাধ করিয়াছেন বলিয়া গণ্য হইবেন এবং তিনি উক্ত অপরাধের জন্য অনধিক ছয় মাস পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড, অথবা অনূর্ধ্ব দশ হাজার টাকা অর্থ দণ্ড, অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন৷
অতিরিক্ত সেবা ফিস্ আদায়ের দণ্ড
২৭৷ (১) কোন ব্যক্তি বিধি দ্বারা নির্ধারিত হারের অতিরিক্ত রক্ত পরিসঞ্চালন সেবা ফিস্ আদায় করিবেন না৷