প্রিন্ট ভিউ

নিরাপদ রক্ত পরিসঞ্চালন আইন, ২০০২

( ২০০২ সনের ১২ নং আইন )

পঞ্চম অধ্যায়

বিবিধ

রক্ত পরিসঞ্চালন তহবিল
২৮৷ সরকার, সরকারী গেজেটে প্রকাশিত আদেশ দ্বারা, প্রত্যেক সরকারী হাসপাতালের জন্য রক্ত পরিসঞ্চালন তহবিল নামে একটি করিয়া তহবিল গঠন করিতে পারিবে এবং উক্তরূপে গঠিত তহবিলের আয়-ব্যয় ও হিসাব সংরক্ষণ পদ্ধতি বিধি দ্বারা নির্ধারিত হইবে৷
রক্ত পরিসঞ্চালন বিশেষজ্ঞ কমিটি
২৯৷ (১) সরকার, কাউন্সিলের সহিত পরামর্শক্রমে, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে এক বা একাধিক রক্ত পরিসঞ্চালন বিশেষজ্ঞ কমিটি গঠন করিতে পারিবে৷
 
 
 
 
(২) উপ-ধারা (১) এর অধীন গঠিত কোন কমিটিকে সরকার যেইরূপ দায়িত্ব এবং ক্ষমতা অর্পণ করিবে উক্ত কমিটি সেইরূপ দায়িত্ব পালন ও ক্ষমতা প্রয়োগ করিতে পারিবে৷
ভ্রাম্যমান রক্ত সংগ্রহ ক্যাম্প
৩০৷ কোন দেশীয় বা আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা, জনস্বার্থে, সরকারের পূর্বানুমোদনক্রমে, বেসরকারী রক্ত পরিসঞ্চালন কেন্দ্র এবং সরকারী হাসপাতালের সহায়তায় স্বেচ্ছায় রক্তদানকে উত্সাহিত করিবার উদ্দেশ্যে ভ্রাম্যমান রক্ত সংগ্রহ ক্যাম্প পরিচালনা করিতে পারিবে৷
কোম্পানী ইত্যাদি কর্তৃক অপরাধ সংঘটন
৩১৷ কোন কোম্পানী কর্তৃক এই আইনের অধীন কোন অপরাধ সংঘটিত হইলে উক্ত অপরাধের সহিত প্রত্যক্ষ সংশ্লিষ্টতা রহিয়াছে কোম্পানীর এমন প্রত্যেক পরিচালক, ম্যানেজার, সচিব, অংশীদার, কর্মকর্তা এবং কর্মচারী উক্ত অপরাধ সংঘটন করিয়াছেন বলিয়া গণ্য হইবে, যদি না তিনি প্রমাণ করিতে পারেন যে, উক্ত অপরাধ তাহার অজ্ঞাতসারে সংঘটিত হইয়াছে অথবা উক্ত অপরাধ রোধ করিবার জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করিয়াছেন৷
 
 
ব্যাখ্যা৷- এই ধারায়-
 
 
 
 
(ক) কোম্পানী বলিতে কোন বাণিজ্যিক প্রতিষ্ঠান, অংশীদারি কারবার, সমিতি, সংঘ এবং সংগঠনও অন্তর্ভু্‌ক্ত;
 
 
 
 
(খ) বাণিজ্যিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে “পরিচালক” বলিতে উহার কোন অংশীদার বা পরিচালনা বোর্ডের সদস্যকেও বুঝাইবে৷
অপরাধের আমলযোগ্যতা
৩২৷ এই আইনের অধীন সংঘটিত সকল অপরাধ অআমলযোগ্য, জামিনযোগ্য ও আপোষযোগ্য হইবে৷
অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা
৩৩৷ মহা-পরিচালক বা মহা-পরিচালকের নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা অথবা ক্ষতিগ্রস্ত কোন ব্যক্তি বা তাহার প্রতিনিধির লিখিত অভিযোগ ব্যতীত কোন আদালত এই আইনের অধীন সংঘটিত কোন অপরাধ বিচারের জন্য গ্রহণ করিবে না৷
বিধি প্রণয়নের ক্ষমতা
৩৪৷ (১) সরকার, কাউন্সিলের সহিত পরামর্শক্রমে এবং সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে বিধি প্রণয়ন করিতে পারিবে৷
 
 
 
 
(২) উপ-ধারা (১)-এ প্রদত্ত ক্ষমতার সামগ্রিকতা ক্ষুণ্ন না করিয়া নিম্নবর্ণিত বিষয়ে বিধি প্রণয়ন করা যাইবে, যথা:-
 
 
 
 
(ক) সরকারী হাসপাতাল ও বেসরকারী রক্ত পরিসঞ্চালন কেন্দ্রে নিরাপদ রক্ত সংগ্রহ, সংরক্ষণ এবং রক্ত পরিসঞ্চালনের পূর্বশর্ত ও পদ্ধতি নির্ধারণ;
 
 
 
 
(খ) রক্তের চাহিদা প্রদানকারী এবং রক্ত পরিসঞ্চালনকারী ডাক্তারের দায়িত্ব ও কর্তব্য নির্ধারণ;
 
 
 
 
(গ) রক্ত, রক্তের উপাদান ও রক্তজাত সামগ্রী উত্পাদন,সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণ নিয়ন্ত্রণ;
 
 
 
 
(ঘ) রক্ত পরিসঞ্চালন কেন্দ্রের পারিপার্শ্বিক স্থানের উপযুক্ততা নির্ধারণ;
 
 
 
 
(ঙ) রক্ত পরিসঞ্চালন কেন্দ্রের জন্য স্বাস্থ্যসম্মত ভবনের উপযুক্ততা নির্ধারণ;
 
 
 
 
(চ) রক্ত পরিসঞ্চালন কেন্দ্র স্থাপনের প্রয়োজনীয় অবকাঠামো নির্ধারণ;
 
 
 
 
(ছ) রক্ত পরিসঞ্চালন কেন্দ্রের যন্ত্রপাতি নিরূপণ;
 
 
 
 
(জ) রক্ত পরিসঞ্চালন কেন্দ্রের প্রয়োজনীয় সরঞ্জামাদি, কেমিক্যালস, কীটস্‌ ও রি-এজেন্ট নির্ধারণ;
 
 
 
 
(ঝ) রক্ত পরিসঞ্চালন কেন্দ্রের বর্জ্য অপসারণ পদ্ধতি নির্ধারণ;
 
 
 
 
(ঞ) রক্ত পরিসঞ্চালন কেন্দ্রের প্রয়োজনীয় লোকবল এবং তাহাদের যোগ্যতা নির্ধারণ;
 
 
 
 
(ট) রক্তদাতার শ্রেণী ও পরিচয় পত্র প্রদানের পদ্ধতি নির্ধারণ;
 
 
 
 
(ঠ) রক্তদাতাদের শ্রেণীওয়ারী তালিকা প্রণয়ন ও সংরক্ষণ পদ্ধতি নির্ধারণ৷
 
 
 
 
(৩) এই ধারার অধীন প্রণীত কোন বিধির বিধান লংঘনের জন্য উক্ত বিধিতে অনধিক এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানার বিধান করা যাইবে৷
ইংরেজীতে অনূদিত পাঠ প্রকাশ
৩৫৷ এই আইন প্রবর্তনের পর সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইনের ইংরেজীতে অনূদিত একটি নির্ভরযোগ্য পাঠ প্রকাশ করিবে, যাহা এই আইনের অনুমোদিত ইংরেজী পাঠ (Authorised English Text) নামে অভিহিত হইবে:
 
 
 
 
তবে শর্ত থাকে যে, এই আইন ও উক্ত ইংরেজী পাঠের মধ্যে বিরোধের ক্ষেত্রে এই আইন প্রাধান্য পাইবে৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs