সংজ্ঞা
২৷ বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,-
(ক) “আঞ্চলিক কমিটি” অর্থ ধারা ৮ এর অধীন গঠিত বোর্ডের আঞ্চলিক কমিটি;
(খ) “কর্মচারী” অর্থ-
(অ) প্রজাতন্ত্রের অসামরিক কর্মে নিয়োজিত কোন ব্যক্তি;
(আ) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের [ ***]কর্মচারী;
(ই) বাংলাদেশ সুপ্রীম কোর্টের [ ***]কর্মচারী;
(ঈ) মহা হিসাব-নিরীক্ষা ও নিয়ন্ত্রকের কার্যালয়ের [ ***]কর্মচারী;
(উ) বাংলাদেশ নির্বাচন কমিশনের [ ***]কর্মচারী;
(ঊ) সরকারী কর্ম কমিশনের [ ***]কর্মচারী;
(ঋ) বোর্ডের অধীন কর্মরত কোন [ ***]কর্মচারী;
(এ) ধারা ১(৩) এর অধীন সরকার কর্তৃক ঘোষিত কর্মচারী এবং নিম্নলিখিত [ ***] কর্মচারীও উহার অন্তর্ভুক্ত হইবে, যথা:-
(i) যিনি ফান্ডামেন্টাল রুলের সংজ্ঞা অনুসারে প্রেষণে বা বৈদেশিক চাকুরীতে অন্যত্র কর্মরত;
(ii) যিনি বাংলাদেশের অভ্যন্তরে বা বাহিরে অধ্যয়নরত বা প্রশিক্ষণরত;
(iii) যিনি ছুটিতে আছেন; অথবা
(iv) যিনি সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন;
(গ) “কল্যাণ তহবিল” অর্থ ধারা ১৪ এর অধীন গঠিত কর্মচারী কল্যাণ তহবিল;
(ঘ) “চেয়ারম্যান” অর্থ বোর্ডের চেয়ারম্যান;
(ঙ) “নির্ধারিত” অর্থ বিধি বা প্রবিধান দ্বারা নির্ধারিত;
(চ) “প্রবিধান” অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান;
(ছ) “পরিবার” অর্থ-
(অ) কর্মচারী পুরুষ হইলে, তাঁহার স্ত্রী বা স্ত্রীগণ এবং কর্মচারী মহিলা হইলে, তাঁহার স্বামী;
(আ) কর্মচারীর সহিত একত্রে বসবাসরত এবং তাঁহার উপর সম্পূর্ণ নির্ভরশীল সন্তান-সন্ততিগণ, পিতা, মাতা, দত্তক পুত্র (হিন্দু কর্মচারীদের ক্ষেত্রে), নাবালক ভাই এবং অবিবাহিতা, তালাক প্রাপ্তা বা বিধবা বোন;
(জ) “বীমা তহবিল” অর্থ ধারা ১৯ এর অধীন গঠিত কর্মচারী যৌথ বীমা তহবিল;
(ঝ) “বোর্ডের তহবিল” অর্থ ধারা ১২ এর অধীন গঠিত বোর্ডের তহবিল;
(ঞ) “বোর্ড” অর্থ ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড;
(ট) “বিধিমালা” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি;
(ঠ) “মহা-পরিচালক” অর্থ বোর্ডের মহা-পরিচালক;
(ড) “সদস্য” অর্থ বোর্ডের কোন সদস্য৷