প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

পশুরোগ আইন, ২০০৫

( ২০০৫ সনের ৫ নং আইন )

সংক্রমিত এলাকার পশুকে বাধ্যতামূলকভাবে পৃথকীকরণ ও চিকিত্সাকরণ
১৪৷ (১) কোন ভেটেরিনারি কর্মকর্তা যথাযথ তদন্তপূর্বক যদি এই মর্মে নিশ্চিত হন যে, কোন পশু সংক্রামক বা ছোঁয়াচে রোগে আক্রান্ত হইয়াছে, তাহা হইলে তিনি উক্ত সংশ্লিষ্ট পশুর মালিক, দখলকার, তত্ত্বাবধায়ক বা নিয়ন্ত্রককে লিখিতভাবে উক্ত পশু সম্পর্কে নিম্নরূপ বিষয়ে আদেশ প্রদান করিতে পারিবেন, যথা:-
 
 
 
 
(ক) কোন নির্দিষ্ট স্থানে উহা রাখিবার, উহা অপসারণ করিবার বা উক্ত কর্মকর্তা কর্তৃক নির্দেশিত পদ্ধতিতে উহা পৃথকীকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ; এবং
 
 
 
 
(খ) উহার চিকিত্সাকরণ৷
 
 
 
 
(২) উপ-ধারা (১) এর অধীন কোন ভেটেরিনারি কর্মকর্তা কর্তৃক কোন আদেশ প্রদান করা হইলে সকল পশুর মালিক, দখলকার, তত্ত্বাবধায়ক বা নিয়ন্ত্রক উক্ত আদেশ মানিয়া চলিবেন:
 
 
তবে শর্ত থাকে যে, যে ক্ষেত্রে উক্ত পশুর কোন মালিক, দখলকার, তত্ত্বাবধায়ক বা নিয়ন্ত্রক না থাকে বা উহার মালিক অজ্ঞাত থাকে বা কোন প্রকার অনিচ্ছাকৃত বিলম্ব ব্যতিরেকে মালিক সনাক্ত করা না যায় বা ভেটেরিনারি কর্মকর্তার আদেশ মালিকের নিকট পৌঁছানো সম্ভব না হয় কিংবা মালিক, দখলকার, তত্ত্বাবধায়ক বা নিয়ন্ত্রক ভেটেরিনারি কর্মকর্তা কর্তৃক নির্দিষ্টকৃত সময়ের মধ্যে সংশ্লিষ্ট আদেশ পালনে ব্যর্থ হয়, তাহা হইলে উক্ত ভেটেরিনারি কর্মকর্তা উক্ত পশু জব্দ করিতে পারিবেন, এবং উহাকে আলাদা একটি স্থানে রাখিয়া প্রয়োজনীয় চিকিত্সার ব্যবস্থা গ্রহণ করিতে পারিবেন৷
 
 
 
 
(৩) উপ-ধারা (২) অনুযায়ী জব্দকৃত পশুর মালিক, দখলকার, তত্ত্বাবধায়ক বা তাঁহার নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি মালিকানা প্রমাণ সাপেক্ষ, যদি উক্ত পশু নিজ দখলে ফেরত প্রদানের জন্য আবেদন করেন, তাহা হইলে উক্ত মালিক, দখলকার, তত্ত্বাবধায়ক বা নিয়ন্ত্রক বা তাঁহার নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি উক্ত পশু তাহার দখলে ফেরত প্রদানের সময় পর্যন্ত উক্ত পশুর জব্দকালীন ব্যয়িত সকল অর্থ প্রদান করিলে উহা তাহার বরাবরে ফেরত প্রদান করা যাইবে:
 
 
 
 
তবে শর্ত থাকে যে, সংশ্লিষ্ট পশুর মালিক, দখলকার, তত্ত্বাবধায়ক বা নিয়ন্ত্রক বা তাঁহার নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির নিকট পশু ফেরত প্রদানের সময় ভেটেরিনারি কর্মকর্তা সংশ্লিষ্ট পশু সম্পর্কে তাঁহার বিবেচনায় যথাযথ বলিয়া বিবেচিত যে কোন আদেশ দিতে পারিবেন৷
 
 
 
 
(৪) উপ-ধারা (২) এর অধীন জব্দকৃত পশুর মালিক, দখলকার, তত্ত্বাবধায়ক বা নিয়ন্ত্রক বা তাঁহার নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি যদি উপ-ধারা (৩) এর বিধান মোতাবেক উক্ত পশু ফেরত নেওয়ার জন্য আবেদন না করেন এবং উক্ত ভেটেরিনারি কর্মকর্তার নিকট যদি এই মর্মে প্রতীয়মান হয় যে, যে রোগের কারণে পশুটিকে জব্দ করা হইয়াছিল উক্ত পশুটি দ্বারা বর্তমানে অন্য কোন পশু সেই রোগে আক্রান্ত হওয়ার কোন সম্ভাবনা নাই, তাহা হইলে উক্ত কর্মকর্তা পশুটিকে তাঁহার নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত নির্ধারিত কোন স্থানে প্রেরণের ব্যবস্থা গ্রহণ করিবেন এবং প্রেরণের ৩০ (ত্রিশ) দিনের মধ্যে উক্ত পশুর মালিক, দখলকার, তত্ত্বাবধায়ক বা নিয়ন্ত্রক বা তাঁহার নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি যদি উক্ত পশু ফেরত নেওয়ার জন্য আবেদন না করেন, তাহা হইলে উক্ত ভেটেরিনারি কর্মকর্তা উক্ত পশু সম্পর্কে তত্কর্তৃক যথাযথ বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে পারিবেন৷
 
 
 
 
(৫) এই ধারার অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, ভেটেরিনারি কর্মকর্তা যে কোন পশু যথাযথ পরীক্ষার পর যদি এই মর্মে লিখিতভাবে সনদ প্রদান করেন যে, উক্ত পশু কোন রোগে আক্রান্ত হইয়াছে এবং উক্ত পশু চিকিত্সা সেবা প্রদানের মাধ্যমে রোগমুক্ত করা সম্ভব নয়, তাহা হইলে তিনি, নির্ধারিত পদ্ধতিতে, উক্ত পশু ধ্বংস, অপসারণ বা অন্য কোনভাবে নিষ্পত্তি করিতে পারিবেন৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs