পশু খামার, পশুজাত দ্রব্য প্রক্রিয়াজাত কারখানা ইত্যাদির জন্য নিবন্ধন
১৬৷ (১) উপ-ধারা (২) এর বিধান সাপেক্ষ, নিবন্ধন ব্যতীত বাণিজ্যিক উদ্দেশ্যে কোন ব্যক্তি-
(ক) কোন স্থান বা আঙ্গিনায় পশু হাসপাতাল স্থাপন, পরিচালনা বা চিকিত্সা সেবা প্রদান করিবেন না;
(খ) গবাদি পশুর খামার, হাঁস-মুরগীর খামার স্থাপন ও পরিচালনা করিবেন না;
(গ) পশুজাত পণ্য-প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপন ও পরিচালনা করিবেন না;
(ঘ) প্রজননের উদ্দেশ্যে শুক্রাণু সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণ করিবেন না; এবং
(ঙ) প্রজননের উদ্দেশ্যে কোন গরু বা মহিষের ষাঁড়, পাঠা বা অন্য কোন পশু পালন এবং ভ্রূণ উত্পাদন ও প্রতিস্থাপনের উদ্দেশ্যে দাতা গাভী, ছাগী বা অন্য কোন পশু পালন করিবেন না৷
(২) নিম্নবর্ণিত ক্ষেত্রে কোন নিবন্ধন প্রয়োজন হইবে না, যথা:-
(ক) সরকার কর্তৃক স্থাপিত বা পরিচালিত কোন পশু হাসপাতাল, গবাদি পশু খামার, হাঁস মুরগীর খামার বা পশুজাত পণ্য প্রক্রিয়াজাত কারখানা স্থাপন ও পরিচালনা;
(খ) সরকার কর্তৃক প্রজননের উদ্দেশ্যে শুক্রাণু সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণ, প্রজননের উদ্দেশ্যে কোন ষাঁড়, পাঠা বা অন্য কোন পশু পালন, ভ্রূণ উত্পাদন ও ভ্রূণ প্রতিস্থাপনের উদ্দেশ্যে দাতা গাভী বা ছাগী বা অন্য কোন পশু পালন; এবং
(গ) পারিবারিক ব্যবহারের উদ্দেশ্যে স্থাপিত ও পরিচালিত হাঁস-মুরগীর খামার বা পশুখামার এবং উক্ত খামারে প্রজননের উদ্দেশ্যে নির্ধারিত সংখ্যক ষাঁড়, পাঠা বা অন্য কোন পশু পালন৷