প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫

( ২০০৫ সনের ১১ নং আইন )

তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচারণা নিষিদ্ধ এবং পৃষ্ঠপোষকতা নিয়ন্ত্রণ সম্পর্কিত বিধান

1[৫। (১) কোন ব্যক্তি-

 
 

(ক) প্রিন্ট বা ইলেক্ট্রনিক মিডিয়ায়, বাংলাদেশে প্রকাশিত কোন বই, লিফলেট, হ্যান্ডবিল, পোস্টার, ছাপানো কাগজ, বিলবোর্ড বা সাইনবোর্ডে বা অন্য কোন ভাবে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রচার করিবেন না বা করাইবেন না;

 
 

(খ) তামাকজাত দ্রব্য ক্রয়ে প্রলুব্ধকরণের উদ্দেশ্যে, উহার কোন নমুনা, বিনামূল্যে বা স্বল্পমূল্যে, জনসাধারণকে প্রদান বা প্রদানের প্রস্তাব করিবেন না বা করাইবেন না;

 
 

(গ) তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রচার বা উহার ব্যবহার উৎসাহিত করিবার উদ্দেশ্যে, কোন দান, পুরস্কার, বৃত্তি প্রদান, বা কোন অনুষ্ঠানের ব্যয়ভার (sponsor) বহন করিবেন না বা করাইবেন না;

 
 

2[(ঘ) কোনো প্রেক্ষাগৃহে, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া, ইন্টারনেট মাধ্যম, ওয়েবসাইট, ওয়েবপেইজ, ইলেক্ট্রনিক মেইল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তামাক বা তামাকজাত দ্রব্য-সম্পর্কিত কোনো বিজ্ঞাপন প্রচার করিবেন না বা করাইবেন না;

(ঙ) বাংলাদেশে প্রস্তুতকৃত বা লভ্য ও প্রচারিত, বিদেশে প্রস্তুতকৃত কোনো সিনেমা, নাটক বা প্রামাণ্য চিত্রে তামাকজাত দ্রব্য ও ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম ব্যবহারের দৃশ্য ও তামাকজাত দ্রব্য বা দ্রব্যের মোড়ক টেলিভিশন, রেডিয়ো, ইন্টারনেট, ওটিটি (Over The Top-OTT) প্লাটফর্ম, অ্যাপস (Apps), মঞ্চ অনুষ্ঠান বা অন্য কোনো গণমাধ্যমে প্রচার, প্রদর্শন বা বর্ণনা করিবেন না বা করাইবেন না;

(চ) তামাকজাত দ্রব্যের ব্র্যান্ড নাম বা মোড়ক, প্যাকেট বা কৌটার অনুরূপ বা সদৃশ অন্য কোনো দ্রব্য বা পণ্যের মোড়ক, প্যাকেট বা কৌটার উৎপাদন, বিক্রয় বা বিতরণ করিবেন না বা করাইবেন না এবং অন্য কোনো পণ্যের ব্র্যান্ড নাম বা মোড়ক, প্যাকেট বা কৌটার অনুরূপ বা সদৃশ কোনো তামাকজাত দ্রব্য ও ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম-এর মোড়ক, প্যাকেট বা কৌটার উৎপাদন, বিক্রয় বা বিতরণ করিবেন না বা করাইবেন না;

(ছ) কোনো ব্যক্তি তামাকজাত দ্রব্য বিক্রয়স্থলে (point of sales) তামাকজাত দ্রব্যের কোনো ধরনের প্যাকেট, কৌটা, খালি বা নমুনা মোড়ক প্রদর্শনসহ যে কোনো উপায়ে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রচার করিবেন না বা করাইবেন না;"

ব্যাখ্যা।- এই উপ-ধারার উদ্দেশ্য পূরণকল্পে-

(ক) "তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রচার" অর্থ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো তামাকজাত দ্রব্য বা তামাকের ব্যবহার প্রবর্ধনের উদ্দেশ্যে যে কোনো ধরনের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করা;

(খ) "ইন্টারনেট" বলিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬-এর ধারা ২ এর দফা (৮) এ প্রদত্ত সংজ্ঞা অনুযায়ী ইন্টারনেটকে বুঝাইবে;

(গ) "ইলেকট্রনিক মেইল" বলিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬-এর ধারা ২ এর দফা (৯) এ প্রদত্ত সংজ্ঞা অনুযায়ী ইলেকট্রনিক মেইলকে বুঝাইবে।]

 
 

(২) উপ-ধারা (১) এর দফা (ঙ) এর কোন কিছুই তামাক বিরোধী স্বাস্থ্য শিক্ষা বিষয়ক প্রচারণার ক্ষেত্রে প্রযোজ্য হইবে না।

 
 

3[(৩) অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির (Corporate Social Responsibility) নামে কোনো তামাক বা তামাকজাত দ্রব্যের উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম, সাইন, ট্রেডমার্ক ও প্রতীক ব্যবহার করা যাইবে না এবং কোনো বাণিজ্যিক গোষ্ঠী বা প্রতিষ্ঠানকে অথবা কোনো অনুষ্ঠান বা কর্মসূচির নামে কোনো প্রকার সহায়তা প্রদান করা যাইবে না।]

 
 

(৪) কোন ব্যক্তি এই ধারার বিধান লঙ্ঘন করিলে তিনি অনূর্ধ্ব তিন মাস বিনাশ্রম কারাদণ্ড বা অনধিক 4[পাঁচ লক্ষ টাকা] অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবে এবং উক্ত ব্যক্তি দ্বিতীয়বার বা পুনঃ পুনঃ একই ধরনের অপরাধ সংঘটন করিলে তিনি পর্যায়ক্রমিকভাবে উক্ত দণ্ডের দ্বিগুণ হারে দণ্ডনীয় হইবেন।]


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs