প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

সার ব্যবস্থাপনা আইন, ২০০৬

( ২০০৬ সনের ৬ নং আইন )

সংজ্ঞা
২৷ বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে এই আইনে-
 
(১) 'অনুপুষ্টি সার বা Micronutrient Fertilizer' অর্থ এমন পুষ্টি উপাদানসম্বলিত সার যাহাতে জিংক, বোরন, আয়রন, ম্যাংগানিজ, কপার, মলিবডেনাম ও ক্লোরিন বিদ্যমান থাকে এবং যাহা, অল্প পরিমাণে হইলেও, উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয়;
 
(২) 'আবশ্যকীয় উদ্ভিদ পুষ্টি উপাদান বা Essential Plant Nutrients' অর্থ নিম্নোক্ত যে কোন 1[ এক বা একাধিক পুষ্টি উপাদান] যথাঃ-
 
(ক) নাইট্রোজেন;
 
(খ) ফসফরাস;
 
(গ) পটাসিয়াম;
 
(ঘ) সালফার;
 
(ঙ) ক্যালসিয়াম;
 
(চ) ম্যাগনেসিয়াম;
 
(ছ) জিংক;
 
(জ) বোরণ;
 
(ঝ) আয়রন;
 
(ঞ) ম্যাংগানিজ;
 
(ট) কপার;
 
(ঠ) মলিবডেনাম; এবং
 
(ড) ক্লোরিন;
 
(৩) 'আদালত' অর্থ এই আইনের অধীন সংঘটিত অপরাধের বিচার করিবার এখতিয়ার সম্পন্ন্ন কোন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত কিংবা, প্রযোজ্য ক্ষেত্রে, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত;
 
(৪) 'উদ্ভিদ বৃদ্ধি নিয়ন্ত্রক বা উদ্দীপক বা Plant growth regulator or stimulant' অর্থ যে সকল হরমোন উদ্ভিদ বা উদ্ভিদের অংশবিশেষের বৃদ্ধি নিয়ন্ত্রণে বা উদ্দীপনকরণে সহায়তা করে;
 
(৫) 'কমিটি' অর্থ ধারা ৪ এর অধীন গঠিত জাতীয় সার প্রমিতকরণ কমিটি;
 
(৬) 'খুচরা বিক্রেতা' অর্থ যে ব্যক্তি সরাসরি কৃ'ষক বা ভোক্তার নিকট সার বিক্রয় করে;
 
(৭) 'জীবানু সার বা Bio-Fertilizer' অর্থ জীবানু (Microbes) ভিত্তিক সার, যাহা বাতাসের নাইট্রোজেন সংবন্ধন বা মাটির অদ্রবণীয় ফসফরাস ও অন্যান্য পুষ্টি উপাদান দ্রবীভূতকরণপূর্বক উদ্ভিদে পুষ্টি উপাদান সরবরাহের মাধ্যমে ফসলের উত্পাদন বৃদ্ধিতে সহায়তা করে
 
2[ (৭ক) 'জৈব সার বা Organic Fertilizer' অর্থ জৈব পদার্থ হইতে সংগৃহীত, প্রক্রিয়াজাত অথবা রূপান্তরিত সার;]
 
(৮) 'নিবন্ধন' অর্থ ধারা ৮ এর অধীন নিবন্ধন;
 
(৯) 'নিবন্ধনকারী কর্তৃপক্ষ' অর্থ সরকার কর্তৃক নির্ধারিত কোন কর্তৃপক্ষ;
 
(১০) নিশ্চয়তা বিশ্লেষণ বা Guaranteed Analysis' অর্থ সংশ্লিষ্ট সারের উপাদান হিসেবে স্বীকৃত সকল আবশ্যকীয় উদ্ভিদ পুষ্টি উপাদানের নিম্নতম শতকরা হারের উল্লেখ;
 
(১১) 'নির্ধারিত' অর্থ বিধি দ্বারা নির্ধারিত;
 
(১২) 'নীট ওজন বা Net Weight' অর্থ সারের বস্তা, আধার বা কন্টেইনারের ওজন ব্যতীত সারের ওজন;
 
(১৩) 'পরিদর্শক' অর্থ ধারা ৯ এর অধীন নিযুক্ত পরিদর্শক;
 
(১৪) 'পরীক্ষাগার' অর্থ ধারা ২৭ এর অধীন সরকার কর্তৃক নির্ধারিত পরীক্ষাগার;
 
(১৫) 'ফৌজদারী কার্যবিধি' অর্থ Code of Criminal Procedure, 1898 (Act No. V of 1898);
 
(১৬) 'ব্যক্তি' অর্থ যে কোন ব্যক্তি এবং কোন প্রতিষ্ঠান, কোম্পানী, অংশীদারী কারবার, ফার্ম বা অন্য যে কোন সংস্থাও উহার অন্তর্ভুক্ত হইবে;
 
(১৭) 'ব্রান্ড' অর্থ প্রচলিত রাসায়নিক বা সাধারণ নাম ব্যতীত সার চিহ্নিতকরণের উদ্দেশ্যে ব্যবহৃত শব্দ, ডিজাইন বা ট্রেড মার্ক;
 
(১৮) 'বিধি' অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি;
 
(১৯) 'বিনির্দেশ বা Specification' অর্থ ধারা ৭ এর অধীন জারীকৃত বিনির্দেশ;
 
3[ (২০) ' 4[ মিশ্র সুষম সার বা Mixed Balanced Fertilizer]' অর্থ-
 
(ক) কেবলমাত্র বিভিন্ন ধরনের রাসায়নিক সারের মিশ্রণ হইতে; এবং
 
(খ) কেবলমাত্র বিভিন্ন ধরনের জৈব সারের মিশ্রণ হইতে প্রস্তুতকৃত সার; ]
 
(২১) 'যৌগিক সার বা Compound Fertilizer' অর্থ অন্যুন দুইটি আবশ্যকীয় উদ্ভিদ পুষ্টি উপাদান বিদ্যমান রহিয়াছে এইরূপ রাসায়নিক সার;
 
(২২) 'রাসায়নিক সার বা Chemical Fertilizer' অর্থ অজৈব বা কৃত্রিম পদার্থ হইতে সংগৃহীত এবং রাসায়নিক প্রক্রিয়ায় উত্পাদিত সার;
 
(২৩) 'লেবেল' অর্থ সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে সারের বস্তা বা আধার বা কন্টেইনারের উপর ধারা ১৩ এ বর্ণিত বিবরণ;
 
5[ (২৪) 'সার বা Fertilizer' অর্থ রাসায়নিক সার, জৈব সার ও জীবাণু সার এবং ইহা ছাড়াও সরলসার, মিশ্রসার, যৌগিকসার, অনুপুষ্টি সার এবং সারজাতীয় দ্রব্যও ইহার অন্তর্ভুক্ত হইবে;]
 
(২৫) 'সারজাতীয় দ্রব্য' অর্থ উদ্ভিদের নিয়স্ত্রক বা উদ্দীপক জাতীয় দ্রব্য; এবং
 
(২৬) 'সরল সার বা Straight Fertilizer' অর্থ উদ্ভিদের প্রধান তিনটি পুষ্টি উপাদান, যথাঃ নাইট্রোজেন, ফসফরাস, পটাসিয়াম এর কেবল যে কোন একটি বিদ্যমান রহিয়াছে এইরূপ রাসায়নিক সার৷

  • 1
    ‘‘এক বা একাধিক পুষ্টি উপাদান’’ শব্দগুলি ‘‘এক বা একাধিক উপাদান’’ শব্দগুলির পরিবর্তে সার (ব্যবস্থাপনা) (সংশোধন) আইন, ২০১৮ (২০১৮ সনের ৪০ নং আইন) এর ২(ক) ধারাবলে প্রতিস্থাপিত।
  • 2
    উপ-ধারা (৭ক) সার (ব্যবস্থাপনা) (সংশোধন) আইন, ২০০৯ (২০০৯ সনের ৩৮ নং আইন) এর ২(ক) ধারাবলে সন্নিবেশিত।
  • 3
    উপ-ধারা (২০) সার (ব্যবস্থাপনা) (সংশোধন) আইন, ২০০৯ (২০০৯ সনের ৩৮ নং আইন) এর ২(খ) ধারাবলে প্রতিস্থাপিত।
  • 4
    ‘‘মিশ্র সুষম সার বা Mixed Balanced Fertilizer’’ শব্দগুলি ‘‘মিশ্রসার বা Mixed Fertilizer’’ শব্দগুলির পরিবর্তে সার (ব্যবস্থাপনা) (সংশোধন) আইন, ২০১৮ (২০১৮ সনের ৪০ নং আইন) এর ২(খ) ধারাবলে প্রতিস্থাপিত।
  • 5
    উপ-ধারা (২৪) সার (ব্যবস্থাপনা) (সংশোধন) আইন, ২০০৯ (২০০৯ সনের ৩৮ নং আইন) এর ২(গ) ধারাবলে প্রতিস্থাপিত।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs