প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

সার ব্যবস্থাপনা আইন, ২০০৬

( ২০০৬ সনের ৬ নং আইন )

জাতীয় সার প্রমিতকরণ কমিটি (National Fertilizer Standar-dization Committee)

৪৷ (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, কৃষি মন্ত্রণালয়ের সচিবকে সভাপতি করিয়া শিল্প মন্ত্রণালয়ের একজন প্রতিনিধিসহ সার বিষয়ে অভিজ্ঞতাসম্পন্ন্ন অনূর্ধ্ব 1[ ১৭ (সতেরো)] জন সদস্য সমন্বয়ে জাতীয় সার প্রমিতকরণ কমিটি গঠন করিবে৷

 

(২) কমিটি নিম্নবর্ণিত কার্যাবলী সম্পাদন করিবে, যথাঃ-

 

(ক) সার সংগ্রহ, আমদানি, বিলিবন্টন, বিক্রয় ও ব্যবসা সংক্রান্ত বিষয়ে সরকারকে পরামর্শ প্রদান;

 

2[ (খ) মান নির্ধারণ করা হয় নাই এইরূপ নূতন রাসায়নিক সার, জৈব সার, জীবাণু সার (Bio-fertilizer), মিশ্র সুষম সার, যৌগিক সার, সয়েল কন্ডিশনার বা অ্যামেন্ডমেন্ট এবং উদ্ভিদ বৃদ্ধি নিয়ন্ত্রক বা উদ্দীপক (Plant Growth Regulator or Stimulant) এর গবেষণাগার ও মাঠ বা শস্য পর্যায়ে পরীক্ষা পরিচালনা এবং এই সকল পরীক্ষার ফলাফল বা পরিবেশের উপর উহার প্রতিক্রিয়া পর্যালোচনাপূর্বক দেশে উক্ত সামগ্রীর উৎপাদন, আমদানি, বিপণন ও ব্যবহার অনুমোদনের জন্য সরকারের নিকট সুপারিশ পেশকরণ;]

 

3[ (খখ) বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদিত ও বাজারজাতকৃত জৈব সারের বিনির্দেশ অনুমোদনের বিষয়ে সরকারের নিকট সুপারিশ পেশকরণ;]

 

(গ) বিভিন্ন সারের এবং সার উত্পাদনে ব্যবহৃত কাঁচামালের বিনির্দেশ নির্ধারণের জন্য সরকারকে পরামর্শ প্রদান;

 

(ঘ) বিভিন্ন কৃষি জলবায়ু অঞ্চলে (Agro-ecological) মৃত্তিকা ও ফসলের উপযোগী বিভিন্ন গ্রেডের মিশ্রণ এবং যৌগিক সারের বিনির্দেশ নির্ধারণের জন্য সরকারকে পরামর্শ প্রদান;

 

(ঙ) সারের ভৌত বা দানাদার মিশ্রণ প্রস্তুত পদ্ধতির (Formulation) বিষয়ে সরকারের নিকট সুপারিশ পেশকরণ;

 

(চ) সকল প্রকার সারের মান নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় পরীক্ষাগার স্থাপনের বিষয়ে সরকারকে পরামর্শ প্রদান;

 

(ছ) সারের নমুনা সংগ্রহ ও বিশ্লেষণের পদ্ধতি নির্ধারণ বা পরিমার্জন;

 

(জ) অনুমোদিত সারের তালিকা পর্যালোচনা এবং প্রয়োজনে উক্ত তালিকায় সংযোজন বা বিয়োজনের বিষয়ে সরকারের নিকট সুপারিশ প্রদান; এবং

 

(ঝ) সরকার কর্তৃক প্রেরিত সংশ্লিষ্ট অন্য যে কোন বিষয়ে সরকারের নিকট পরামর্শ বা সুপারিশ প্রদান৷


  • 1
    ‘‘১৭ (সতেরো)’’ সংখ্যা , বন্ধনী ও শব্দ ‘‘১৫ (পনের)’’ সংখ্যা, বন্ধনী ও শব্দের পরিবর্তে সার (ব্যবস্থাপনা) (সংশোধন) আইন, ২০১৮ (২০১৮ সনের ৪০ নং আইন) এর ৩(ক) ধারাবলে প্রতিস্থাপিত।
  • 2
    দফা (খ) সার (ব্যবস্থাপনা) (সংশোধন) আইন, ২০১৮ (২০১৮ সনের ৪০ নং আইন) এর ৩(খ) ধারাবলে প্রতিস্থাপিত।
  • 3
    দফা (খখ) সার (ব্যবস্থাপনা) (সংশোধন) আইন, ২০০৯ (২০০৯ সনের ৩৮ নং আইন) এর ৩ ধারাবলে সন্নিবেশিত।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs