সিন্ডিকেট
১৮৷ (১) নিম্নবর্ণিত সদস্যগণের সমন্বয়ে সিন্ডিকেট গঠিত হইবে, যথাঃ-
(ক) ভাইস-চ্যান্সেলর যিনি উহার চেয়ারম্যানও হইবেন;
(খ) কোষাধ্যক্ষ;
(গ) সিন্ডিকেট কর্তৃক পালাক্রমে মনোনীত দুইজন ডীন;
(ঘ) সিন্ডিকেট কর্তৃক পালাক্রমে মনোনীত দুইজন পরিচালক;
(ঙ) সরকার কর্তৃক মনোনীত অন্যুন অতিরিক্ত সচিব বা যুগ্ম-সচিব পদমর্যাদাসম্পন্ন একজন কর্মকর্তা;
(চ) সরকার কর্তৃক মনোনীত ভেটেরিনারি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক গবেষণা বা শিল্প প্রতিষ্ঠান হইতে দুইজন প্রতিনিধি;
(ছ) বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশন কর্তৃক মনোনীত একজন প্রতিনিধি;
(জ) চ্যান্সেলর কর্তৃক মনোনীত তিনজন বিশিষ্ট শিক্ষাবিদ যাঁহাদের মধ্যে একজন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পদমর্যাদার ভেটেরিনারি শিক্ষাবিদ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পদমর্যাদার একজন শিক্ষাবিদ হইবেন;
(ঝ) মহাপরিচালক, পশুসম্পদ অধিদপ্তর, বাংলাদেশ;
(ঞ) একাডেমিক কাউন্সিল কর্তৃক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণের মধ্য হইতে মনোনীত দুইজন শিক্ষাবিদ; এবং
(ট) রেজিস্ট্রার, যিনি সিন্ডিকেটের সদস্য-সচিব হইবেন৷
(২) সিন্ডিকেটে মনোনীত কোন সদস্য দুই বত্সর মেয়াদে তাঁহার পদে অধিষ্ঠিত থাকিবেনঃ
তবে শর্ত থাকে যে, তাঁহার মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তাঁহার স্থলাভিষিক্ত ব্যক্তি কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি তাঁহার পদে বহাল থাকিবেনঃ
আরো শর্ত থাকে যে, কোন সদস্য যে পদ বা গবেষণা প্রতিষ্ঠান হইতে মনোনীত হইয়াছিলেন তিনি যদি সেই পদ বা প্রতিষ্ঠানে না থাকেন তাহা হইলে তিনি সিন্ডিকেটের সদস্য পদে অধিষ্ঠিত থাকিবেন না৷