প্রিন্ট ভিউ

রাসায়নিক অস্ত্র (নিষিদ্ধকরণ) আইন, ২০০৬

( ২০০৬ সনের ৩৭ নং আইন )

ষষ্ঠ অধ্যায়

জাতীয় কতৃর্পক্ষ

জাতীয় কর্তৃপক্ষ
২৩৷ (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, এই আইনের অধীন বাংলাদেশ জাতীয় কর্তপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন নামে একটি জাতীয় কর্তৃপক্ষ থাকিবে৷
 
 
(২) জাতীয় কর্তৃপক্ষ নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথাঃ-
 
 
(ক) সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপ্যাল স্টাফ অফিসার, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন;
 
 
(খ) জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক মনোনীত অন্যুন সদস্য পদমর্যাদার একজন প্রতিনিধি;
 
 
(গ) পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক মনোনীত অন্যুন যুগ্ম-সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি;
 
 
(ঘ) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক মনোনীত অন্যুন যুগ্ম-সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি;
 
 
(ঙ) স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক মনোনীত অন্যুন যুগ্ম-সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি;
 
 
(চ) প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক মনোনীত অন্যুন যুগ্ম-সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি;
 
 
(ছ) শিল্প মন্ত্রণালয় কর্তৃক মনোনীত অন্যুন যুগ্ম-সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি;
 
 
(জ) বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক মনোনীত অন্যুন যুগ্ম-সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি;
 
 
(ঝ) বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক মনোনীত অন্যুন যুগ্ম-সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি;
 
 
(ঞ) কৃষি মন্ত্রণালয় কর্তৃক মনোনীত অন্যুন যুগ্ম-সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি;
 
 
(ট) বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান বা তদ্‌কর্তৃক মনোনীত একজন উপযুক্ত প্রতিনিধি;
 
 
(ঠ) বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের চেয়ারম্যান বা তদ্‌কর্তৃক মনোনীত একজন উপযুক্ত প্রতিনিধি;
 
 
(ড) বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের চেয়ারম্যান বা তদ্‌কর্তৃক মনোনীত একজন উপযুক্ত প্রতিনিধি;
 
 
(ঢ) বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক মনোনীত ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার একজন প্রতিনিধি;
 
 
(ণ) বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক মনোনীত কমোডর পদমর্যাদার একজন প্রতিনিধি;
 
 
(ত) বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক মনোনীত এয়ার কমোডর পদমর্যাদার একজন প্রতিনিধি;
 
 
(থ) ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রিজ এর পরিচালক পদমর্যাদার একজন প্রতিনিধি; এবং
 
 
(দ) নির্বাহী সেলের পরিচালক, যিনি উহার সচিবও হইবেন৷
জাতীয় কর্তৃপক্ষের কার্যাবলী
২৪৷ এই আইনের অধীন জাতীয় কর্তৃপক্ষের কার্যাবলী হইবে নিম্নরূপ, যথাঃ-
 
 
(ক) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, কনভেনশনের আওতায় যাবতীয় যোগযোগ রক্ষাকরণ;
 
 
(খ) এই আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিতকরণ;
 
 
(গ) কনভেনশনের অধীন বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য দায়-দায়িত্ব পালন;
 
 
(ঘ) প্রতিপাদন পরিশিষ্ট অনুযায়ী বাংলাদেশের যে কোন স্থাপনা ও স্থান পরিদর্শনের ব্যবস্থা গ্রহণ;
 
 
(ঙ) কর্তৃপক্ষের কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের প্রয়োজনে নির্বাহী সেলের কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ;
 
 
(চ) রাসায়নিক অস্ত্র সংক্রান্ত বিষয়ে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার, সিম্পোজিয়াম, সম্মেলন ও কর্মশালা আয়োজন ও পরিচালনা করা;
 
 
(ছ) কনভেনশনের সাথে সম্পর্কিত নয় এমন স্পর্শকাতর স্থাপনাসমূহ রক্ষায় যথাযথ ব্যবস্থা গ্রহণ;
 
 
(জ) কনভেনশনের অধীন অন্যান্য দায়-দায়িত্ব পালন;
 
 
(ঝ) বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির কার্যালয়ে বিশেষজ্ঞ নিয়োগের বিষয়ে সরকারকে পরামর্শ প্রদান;
 
 
(ঞ) উপরি-উক্ত কার্যাবলী এবং এই আইনের অধীন অন্যান্য বিধানের উদ্দেশ্য পূরণকল্পে, প্রয়োজনীয় আনুষঙ্গিক কার্যাবলী সম্পাদন৷
জাতীয় কর্তৃপক্ষের সভা
২৫৷ (১) প্রতি ছয় মাসে জাতীয় কর্তৃপক্ষের কমপক্ষে একটি সভা অনুষ্ঠিত হইেবঃ
 
 
তবে শর্ত থাকে যে, জরুরী প্রয়োজনে চেয়ারম্যানের সম্মতিক্রমে ৭ (সাত) দিনের নোটিশে সভা আহবান করা যাইবে৷
 
 
(২) জাতীয় কর্তৃপক্ষের সকল সভা উহার চেয়ারম্যান কর্তৃক নির্ধারিত স্থান ও সময়ে অনুষ্ঠিত হইবে৷
 
 
(৩) এই ধারার অন্যান্য বিধানাবলী সাপেক্ষে, জাতীয় কর্তৃপক্ষ উহার সভার কার্যপদ্ধতি নির্ধারণ করিতে পারিবে৷
 
 
(৪) চেয়ারম্যান জাতীয় কর্তৃপক্ষের সকল সভায় সভাপতিত্ব করিবেন এবং তাহার অনুপস্থিতিতে সভায় উপস্থিত সদস্যগণের মধ্য হইতে জ্যেষ্ঠতম সদস্য সভাপতিত্ব করিবেন৷
 
 
(৫) জাতীয় কর্তৃপক্ষের মোট সদস্যের এক-তৃতীয়াংশের উপস্থিতিতে উহার সভায় কোরাম গঠিত হইবে৷
কমিটি
২৬৷ (১) জাতীয় কর্তৃপক্ষ উহার দায়িত্ব পালনে সহায়তা প্রদানের জন্য প্রয়োজনবোধে, এক বা একাধিক কমিটি গঠন করিতে পারিবে৷
 
 
(২) উপ-ধারা (১) এর অধীন গঠিত কমিটি কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সংখ্যক সদস্য সমন্বয়ে গঠিত হইবে এবং উক্তরূপ প্রত্যেক কমিটির দায়-দায়িত্ব জাতীয় কর্তৃপক্ষ নির্ধারণ করিতে পারিবে৷
ক্ষমতার্পণ
২৭৷ জাতীয় কর্তৃপক্ষ, প্রয়োজনবোধে, এই আইন বা তদ্‌ধীন প্রণীত বিধির অধীন উহার কোন ক্ষমতা, লিখিত আদেশ দ্বারা, উহার কোন সদস্য বা কোন কর্মকর্তাকে অর্পণ করিতে পরিবে৷
নির্বাহী সেল এবং উহার কর্মকর্তা ও কর্মচারী
২৮৷ (১) জাতীয় কর্তৃপক্ষের কার্যাবলী সম্পাদনের উদ্দেশ্যে রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ ও নিরস্ত্রীকরণ সেল নামে একটি নির্বাহী সেল থাকিবে, যাহার প্রধান হইবেন একজন পরিচালক৷
 
 
(২) নির্বাহী সেল জাতীয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দায়ী থাকিবে৷
 
 
(৩) পরিচালক নির্বাহী সেলের প্রধান নির্বাহী হইবেন এবং তিনি সরকার কর্তৃক নিযুক্ত হইবেন৷
 
 
(৪) পরিচালকের চাকুরীর শর্তাদি সরকার কর্তৃক স্থিরীকৃত হইবে৷
 
 
(৫) জাতীয় কর্তৃপক্ষের কার্যাবলী সুষ্ঠুভাবে পালনের উদ্দেশ্যে নির্বাহী সেল, বিধি-দ্বারা নির্ধারিত পদ্ধতিতে বিশেষজ্ঞ, পরামর্শদাতা, প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা ও অন্যান্য কর্মচারী নিয়োগ করিতে পারিবে৷
 
 
(৬) উপ-ধারা (৩) এর অধীন পরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগের পরিচালক পদমর্যাদায় কর্মকর্তাগণের মধ্য হইতে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপ্যাল স্টাফ অফিসার কর্তৃক মনোনীত কোন কর্মকর্তা পরিচালকরূপে কাজ করিবেন৷
 
 
(৭) উপ-ধারা (৫) এর অধীন কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগের বিদ্যমান কর্মকর্তা ও কর্মচারীদের মধ্য হইতে সরকার কর্তৃক মনোনীত প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা ও কর্মচারী জাতীয় কর্তৃপক্ষের কার্য সম্পাদন করিবেন এবং উক্ত কর্মকর্তা, কর্মচারীগণ পরিচালকের অধঃস্তন হইবেন৷
 
 
(৮) উপ-ধারা (৩) এর অধীন পরিচালক এবং কর্মকর্তা, কর্মচারী নিয়োগের ক্ষেত্রে, প্রয়োজনে, চেয়ারম্যানের পরামর্শ গ্রহণ করা যাইবে৷
নির্বাহী সেলের ব্যয় নির্বাহ
২৯৷ সশস্ত্র বাহিনী বিভাগের বাজেট হইতে নির্বাহী সেলের যাবতীয় ব্যয় নির্বাহ করা হইবে৷
জাতীয় কর্তৃপক্ষের নির্দেশ প্রদানের ক্ষমতা
৩০৷ (১) এই আইন ও তদধীনে প্রণীত বিধির বিধানাবলী সাপেক্ষে, জাতীয় কর্তৃপক্ষ এই আইনের অধীন উহার দায়িত্ব সম্পাদনের উদ্দেশ্যে যে কোন ব্যক্তিকে প্রয়োজনীয় লিখিত নির্দেশ প্রদান করিতে পারিবে৷
 
 
(২) এই ধারার অধীন নির্দেশপ্রাপ্ত ব্যক্তি অনুরূপ নির্দেশ পালন করিতে বাধ্য থাকিবেন৷
 
 
(৩) জাতীয় কর্তৃপক্ষ কর্তৃক এই ধারার অধীনে জারীকৃত নির্দেশে সংশ্লিষ্ট কার্য সম্পাদনের সময়সীমা নির্দিষ্ট করিয়া দেওয়া যাইবে৷
 
 

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs