প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

রাসায়নিক অস্ত্র (নিষিদ্ধকরণ) আইন, ২০০৬

( ২০০৬ সনের ৩৭ নং আইন )

সপ্তম অধ্যায়

অপরাধ, দন্ড ও বিচার পদ্ধতি

পরিদর্শন সংক্রান্ত অপরাধ
৩৬৷ (১) ধারা ১২ এর অধীন প্রাধিকার পত্র প্রদান করা হইলে, কোন ব্যক্তির নিম্নবর্ণিত যে কোন কাজ হইবে একটি অপরাধ, যথাঃ-
 
 
(ক) প্রতিপাদন পরিশিষ্ট অনুসারে উক্ত পরিদর্শন কার্য পরিচালনায়, যুক্তিসঙ্গত কারণ ব্যতীত, সহায়তা করিতে ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অথবা দেশের অভ্যন্তরীণ পরিরক্ষী দলের কোন সদস্যের অনুরোধ মানিয়া চলিতে অস্বীকার করেন;
 
 
(খ) প্রতিপাদন পরিশিষ্ট অনুসারে উক্ত পরিদর্শন কার্যে ব্যবহৃত কোন ধারক, যন্ত্রপাতি বা অন্য কোন বস্তু স্থাপনে বা হেফাজতে রাখার সময়ে, যুক্তিসঙ্গত কারণ ব্যতীত, হস্তক্ষেপ করেন; এবং
 
 
(গ) প্রতিপাদন পরিশিষ্ট অনুসারে উক্ত পরিদর্শন কার্য পরিচালনায় পরিদর্শন দলের বা দেশের অভ্যন্তরীণ পরিরক্ষী দলের কোন সদস্য বা পরিদর্শন কার্যে সংশ্লিষ্ট কোন ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে বাধা প্রদান করেন৷
 
 
(২) কোন ব্যক্তি উপ-ধারা (১) এ উল্লিখিত যে কোন অপরাধে দোষী সাব্যস্ত হইলে তিনি ২ (দুই) বত্সর কারাদন্ড বা অনধিক ১০ (দশ) হাজার টাকা পর্যন্ত অর্থদন্ডে বা উভয় দন্ডে দন্ডনীয় হইবেন৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs