প্রিন্ট ভিউ
২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে—
(১) “ট্রাভেল এজেন্সি” অর্থ ধারা ৫ এর অধীন নিবন্ধিত ট্রাভেল এজেন্সি;
(২) “নির্ধারিত” অর্থ বিধি দ্বারা নির্ধারিত;
(৩) “নিবন্ধন কর্তৃপক্ষ” অর্থ ধারা ৩ এর অধীন নির্ধারিত কর্তৃপক্ষ;
(৪) “নিবন্ধন সনদ” অর্থ ধারা ৫ এর উপ-ধারা (২) এর দফা (ক) এর অধীন ইস্যুকৃত নিবন্ধন সনদ;
1[(৫) “পরিবহন” অর্থ নৌপথ, স্থল পথ ও আকাশপথে পরিবহন;]
(৬) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি;
(৭) “ব্যক্তি” অর্থ যে কোন ব্যক্তি এবং কোন প্রতিষ্ঠান, কোম্পানি, অংশীদারি কারবার, ফার্ম বা অন্য কোন সংস্থাও ইহার অন্তর্ভুক্ত হইবে।
৫। (১) কোন ব্যক্তি ট্রাভেল এজেন্সি প্রতিষ্ঠা বা পরিচালনা করিতে চাহিলে, নিম্নবর্ণিত কাগজপত্রসহ নিবন্ধনের জন্য নিবন্ধন কর্তৃপক্ষের নিকট নির্ধারিত পদ্ধতি ও ফরমে এবং ফিসহ আবেদন করিতে হইবে, যথাঃ—
(ক) ট্রেড লাইসেন্সের সত্যায়িত অনুলিপি;
(খ) ট্যাক্স আইডেনটিফিকেশন নম্বর (টিআইএন) সার্টিফিকেটের সত্যায়িত অনুলিপি;
(গ) ব্যবসায়িক ঠিকানা;
(ঘ) কোম্পানি হইলে, মেমোরেন্ডাম অব এসোসিয়েশন, আর্টিকেলস অব এসোসিয়েশন, এবং সার্টিফিকেট অব ইনকর্পোরেশনের সত্যায়িত অনুলিপি; এবং
(ঙ) ভ্রমণের সহিত সংশ্লিষ্ট পরিবহন, আবাসন ও অনুরূপ অন্যান্য সুবিধা প্রদানের ক্ষেত্রে কোন ব্যক্তির নিকট হইতে অতিরিক্ত অর্থ গ্রহণ করিবে না বা তাহাকে মিথ্যা প্রলোভন দেখাইবে না বা তাহার সহিত কোন প্রতারণার আশ্রয় গ্রহণ করা হইবে না মর্মে হলফনামা।
(২) উপ-ধারা (১) এর অধীন আবেদন প্রাপ্তির পর আবেদনে উল্লিখিত তথ্যাবলী পরীক্ষা-নিরীক্ষা করিয়া নিবন্ধন কর্তৃপক্ষ উহার সঠিকতা সম্পর্কে—
(ক) নিশ্চিত হইলে, আবেদন মঞ্জুর করিতে পারিবে এবং উক্তরূপ আবেদন মঞ্জুরের ১৫ (পনেরো) দিনের মধ্যে আবেদনকারীর অনুকূলে নির্ধারিত ফরমে নিবন্ধন সনদ ইস্যু করিবে; অথবা
(খ) নিশ্চিত না হইলে, আবেদন নামঞ্জুর করিতে পারিবে এবং কারণ লিপিবদ্ধ করিয়া উক্তরূপ নামঞ্জুরের বিষয়টি সিদ্ধান্ত গ্রহণের ১৫ (পনেরো) দিনের মধ্যে সংশ্লিষ্ট আবেদনকারীকে অবহিত করিবে।
(৩) এই আইন কার্যকর হইবার অব্যবহিত পূর্বে Bangladesh Travel Agencies (Registration and Control) Ordinance, 1977 (ordinance No. XLVIII of 1977) এর অধীন নিবন্ধিত ট্রাভেল এজেন্সি উহার কার্যক্রম অব্যাহত রাখিতে চাহিলে উক্ত ট্রাভেল এজেন্সিকে এই আইন কার্যকর হইবার ৬ (ছয়) মাসের মধ্যে নিবন্ধন কর্তৃপক্ষের নিকট নিবন্ধনের জন্য উপ-ধারা (১) এর বিধান অনুযায়ী আবেদন করিতে হইবে।
৬। কোন ব্যক্তি নিবন্ধন সনদ পাইবার যোগ্য বলিয়া বিবেচিত হইবেন না, যদি তিনি—
(ক) বাংলাদেশের নাগরিক না হন;
(খ) অপ্রাপ্ত বয়স্ক হন;
(গ) সুস্থ মস্তিষ্কের অধিকারী না হন;
(ঘ) কোন উপযুক্ত আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হন এবং উক্ত দেউলিয়াত্বের অবসান না হয়; অথবা
(ঙ) রাষ্ট্রদ্রোহিতা বা নৈতিক স্খলনজনিত কোন অপরাধে দণ্ডিত হইয়া থাকেন এবং দণ্ড ভোগের পর ২ (দুই) বৎসর সময় অতিবাহিত না হইয়া থাকে।
৭। (১) নিবন্ধন সনদের মেয়াদ হইবে উহা ইস্যুর তারিখ হইতে ৩ (তিন) বৎসর, এবং উহা নবায়নযোগ্য হইবে।
(২) নিবন্ধন সনদের মেয়াদ শেষ হইবার পূর্বে নির্ধারিত সময়ের মধ্যে এবং নির্ধারিত পদ্ধতি ও ফি প্রদান সাপেক্ষে নিবন্ধন নবায়নের আবেদন করিতে হইবে।
2[(২ক) উপ-ধারা (২) এর উদ্দেশ্য পূরণকল্পে প্রণীত বিধি দ্বারা নির্ধারিত সময়-সীমার মধ্যে যদি নিবন্ধন সনদ নবায়নের জন্য আবেদন দাখিল করা না হয়, তাহা হইলে সরকার কর্তৃক স্থিরকৃত পরিমাণের জরিমানা প্রদান করিয়া উক্ত সময়-সীমার পরবর্তী ৬(ছয়) মাসের মধ্যে উক্ত আবেদন দাখিল করা যাইবে।]
(৩) উপ-ধারা (২) এর অধীন আবেদন প্রাপ্তির পর আবেদনে উল্লিখিত তথ্যাবলী পরীক্ষা-নিরীক্ষা করিয়া নিবন্ধন কর্তৃপক্ষ উহার সঠিকতা সম্পর্কে—
(ক) নিশ্চিত হইলে, আবেদন মঞ্জুর করিতে পারিবে এবং উক্তরূপ আবেদন মঞ্জুরের ১৫ (পনেরো) দিনের মধ্যে আবেদনকারীর অনুকূলে নির্ধারিত ফরমে নিবন্ধন নবায়ন সনদ ইস্যু করিবে; অথবা
(খ) নিশ্চিত না হইলে, আবেদন নামঞ্জুর করিতে পারিবে এবং কারণ লিপিবদ্ধ করিয়া উক্তরূপ নামঞ্জুরের বিষয়টি সিদ্ধান্ত গ্রহণের ১৫ (পনেরো) দিনের মধ্যে সংশ্লিষ্ট আবেদনকারীকে অবহিত করিবে।
3[৮। (১) নিবন্ধন কর্তৃপক্ষের পূর্বানুমোদনক্রমে, নিম্নবর্ণিত ক্ষেত্রে নিবন্ধন সনদ হস্তান্তর করা যাইবে, যথা :-
(ক) যে ক্ষেত্রে নিবন্ধন সনদধারী ব্যক্তি মৃত্যুবরণ করিয়াছেন; বা
(খ) যে ক্ষেত্রে নিবন্ধন সনদধারী ব্যক্তি শারীরিক কারণে ট্রাভেল এজেন্সির কার্যক্রম পরিচালনা করিতে অক্ষম; বা
(গ) নিবন্ধন কর্তৃপক্ষের নিকট যুক্তিযুক্ত বলিয়া বিবেচিত অন্য যে কোনো ক্ষেত্রে।
(২) নিবন্ধন কর্তৃপক্ষের পূর্বানুমোদন ব্যতীত কোনো ট্রাভেল এজেন্সি তাহার ব্যবসায়িক ঠিকানা পরিবর্তন করিতে পারিবে না।
(৩) কোনো ট্রাভেল এজেন্সি দেশে বা বিদেশে শাখা কার্যালয় স্থাপন করিতে চাহিলে তাহাকে নির্ধারিত ফরম ও পদ্ধতিতে নিবন্ধন কর্তৃপক্ষের নিকট হইতে অনুমতি গ্রহণ করিতে হইবে।]
৯। (১) নিবন্ধন কর্তৃপক্ষ নিম্নবর্ণিত কোন কারণে উপযুক্ত তদন্ত ও শুনানির সুযোগ প্রদান করিয়া কোন ট্রাভেল এজেন্সির নিবন্ধন স্থগিত বা বাতিল করিতে পারিবে, যথাঃ—
(ক) মিথ্যা তথ্য বা প্রতারণার মাধ্যমে নিবন্ধন সনদ গ্রহণ করিলে;
(খ) এই আইন, বিধি বা নিবন্ধন সনদের কোন শর্ত ভঙ্গ করিলে;
(গ) ট্রাভেল এজেন্সিসমূহের জন্য নির্ধারিত আচরণ বিধির কোন বিধান লংঘন করিলে;
(ঘ) নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন নবায়ন না করিলে;
(ঙ) নিবন্ধন সনদ প্রাপ্তির পর সংশ্লিষ্ট ব্যক্তি কোন ফৌজদারি অপরাধে দণ্ডিত হইলে; অথবা
(চ) কোম্পানি, সংস্থা, অংশীদারি কারবার বা আইনগত সত্ত্বার ক্ষেত্রে উহার অবসায়ন হইলে।
(২) উপ-ধারা (১) এর অধীন কোন ট্রাভেল এজেন্সির নিবন্ধন সনদ স্থগিত করা হইলে উক্ত ট্রাভেল এজেন্সি অন্য কোন ব্যক্তির ভ্রমণের সহিত সংশ্লিষ্ট পরিবহন, আবাসন ও অনুরূপ অন্যান্য সুবিধা প্রদানের উদ্দেশ্যে কোন কার্যক্রম করিতে পারিবে না।
4[১১। (১) কোনো ব্যক্তি এই আইন বা তদধীন প্রণীত বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করিলে, উহা হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনধিক ৬ (ছয়) মাসের কারাদণ্ড অথবা অনধিক ৫ (পাঁচ) লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।
(২) এই আইনের অন্যান্য বিধানাবলি সাপেক্ষে, এই ধারার অধীন দণ্ডনীয় অপরাধের অভিযোগ দায়ের, প্রাথমিক তথ্য সরবরাহ, তদন্ত, বিচারিক অনুসন্ধান, সংক্ষিপ্ত বিচার ও আপিল নিষ্পত্তির ক্ষেত্রে Code of Criminal Procedure, 1898 (Act No. V of 1898) এর বিধানাবলি প্রযোজ্য হইবে।
(৩) Code of Criminal Procedure, 1898 (Act No. V of 1898) এ ভিন্নতর যাহা কিছুই থাকুক না কেন, এই ধারার অধীন দণ্ডনীয় অপরাধের বিপরীতে উল্লিখিত সীমার মধ্যে যে কোনো পরিমাণের অর্থদণ্ড আরোপের ক্ষমতা আদালতের থাকিবে।
(৪) এই ধারার অধীন দণ্ডনীয় অপরাধসমূহ অ-আমলযোগ্য, আপসযোগ্য ও জামিনযোগ্য হইবে।]
5[১১ক। (১) Code of Criminal Procedure, 1898 (Act No. V of 1898) এ ভিন্নতর যাহা কিছুই থাকুক না কেন, নিবন্ধন কর্তৃপক্ষ বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির প্রতিবেদন ব্যতীত কোনো আদালত ধারা ১১ এর অধীন দণ্ডনীয় কোনো অপরাধ আমলে গ্রহণ করিতে পারিবে না।
(২) উপ-ধারা (১) এর অধীন প্রতিবেদন দাখিলের পূর্বে, নিবন্ধন কর্তৃপক্ষ বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা নির্ধারিত পদ্ধতিতে জরিমানা আরোপ ও আদায় করিয়া ধারা ১১ এর অধীন দণ্ডনীয় অপরাধের আপসরফা করিতে পারিবে :
তবে শর্ত থাকে যে, উক্ত জরিমানার পরিমাণ কোনোক্রমেই ধারা ১১ এর অধীন দণ্ডনীয় অপরাধের বিপরীতে উল্লিখিত অর্থদণ্ডের অধিক হইবে না।
(৩) উপ-ধারা (২) এর অধীন জরিমানা আরোপ ও আদায় করিবার ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিকে শুনানির যুক্তিসঙ্গত সুযোগ প্রদান করিতে হইবে।
(৪) উপ-ধারা (২) এর অধীন জরিমানা আরোপ ও আদায় করিয়া ধারা ১১ এর অধীন দণ্ডনীয় অপরাধের আপসরফা করা হইলে, অভিযুক্ত ব্যক্তি তাহার অপরাধের দায় হইতে অব্যাহতিপ্রাপ্ত হইবেন।]
6[১১খ। ধারা ১১ এর অধীন দণ্ডনীয় কোনো অপরাধ কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান কর্তৃক সংঘটিত হইয়া থাকিলে, উক্তরূপ অপরাধের সহিত প্রত্যক্ষ সংশ্লিষ্টতা রহিয়াছে এইরূপ প্রত্যেক মালিক, পরিচালক, ব্যবস্থাপক, সচিব বা অন্য কোনো কর্মকর্তা বা কর্মচারী বা প্রতিনিধি উক্ত অপরাধ সংঘটন করিয়াছেন বলিয়া গণ্য হইবেন, যদি না তিনি প্রমাণ করিতে সক্ষম হন যে, উক্ত অপরাধ তাহার অজ্ঞাতসারে সংঘটিত হইয়াছে অথবা উক্ত অপরাধ রোধ করিবার জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করিয়াছেন।
ব্যাখ্যা।-এই ধারায়-
(ক) ‘কোম্পানি বা প্রতিষ্ঠান’ বলিতে কোনো সংবিধিবদ্ধ সংস্থা, বাণিজ্যিক প্রতিষ্ঠান, অংশীদারি কারবার, সমিতি বা এক বা একাধিক ব্যক্তির সমন্বয়ে গঠিত সংগঠনকে বুঝাইবে; এবং
(খ) ‘পরিচালক’ বলিতে কোনো অংশীদার বা পরিচালনা বোর্ড, যে নামেই অভিহিত হউক, এর সদস্যকে বুঝাইবে।]