প্রিন্ট ভিউ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার (সংশোধন) আইন, ২০২৬

( ২০২৬ সনের ৫৭ নং আইন )

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার বিল আইন, ২০১০ এর সংশোধনকল্পে প্রণীত আইন

যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার আইন, ২০১০ (২০১০ সনের ৭ নং আইন) এর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন প্রণয়ন করা হইল:-

সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১। (১) এই আইন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার (সংশোধন) আইন, ২০২৬ নামে অভিহিত হইবে।

(২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।

২০১০ সনের ৭ নং আইনের পূর্ণাঙ্গ শিরোনাম এর সংশোধন

২। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার আইন, ২০১০ (২০১০ সনের ৭ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর পূর্ণাঙ্গ শিরোনামে উল্লিখিত “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান” শব্দগুলি বিলুপ্ত হইবে।

২০১০ সনের ৭ নং আইনের ধারা ১ এর সংশোধন

৩। উক্ত আইনের ধারা ১ এর উপ-ধারা (১) এ উল্লিখিত “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান” শব্দগুলি বিলুপ্ত হইবে।

২০১০ সনের ৭ নং আইনের ধারা ২ এর সংশোধন

৪। উক্ত আইনের ধারা ২ এর দফা (২) এর পরিবর্তে নিম্নরূপ দফা (২) প্রতিস্থাপিত হইবে, যথা:-

“(২) “নভোথিয়েটার” অর্থ এই আইনের ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত নভোথিয়েটার;”।

২০১০ সনের ৭ নং আইনের ধারা ৩ এর সংশোধন

৫। উক্ত আইনের ধারা ৩ এর উপ-ধারা (১) এ উল্লিখিত “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান” শব্দগুলি বিলুপ্ত হইবে।

বিশেষ বিধান

৬। এই আইন প্রবর্তনের সঙ্গে সঙ্গে উক্ত আইনের অধীন প্রণীত কোনো বিধি, প্রবিধান বা অন্য কোনো আইনগত দলিল বা জারীকৃত কোনো বিশেষ বা সাধারণ আদেশ, বিজ্ঞপ্তি, প্রজ্ঞাপন বা সম্পাদিত কোনো দলিলে, প্রসঙ্গের প্রয়োজন অন্যরূপ না হইলে, উল্লিখিত “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান” শব্দগুলি বিলুপ্ত হইবে।

রহিতকরণ ও হেফাজত

৭। (১) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ (২০২৫ সনের ১০ নং অধ্যাদেশ), অতঃপর উক্ত অধ্যাদেশ বলিয়া উল্লিখিত, এতদ্দ্বারা রহিত করা হইল।

(২) উপ-ধারা (১) এর অধীন রহিতকরণ সত্ত্বেও, উক্ত অধ্যাদেশের অধীনকৃত কোনো কার্য, গৃহীত কোনো ব্যবস্থা বা সূচিত কোনো কার্যধারা এই আইনের অধীনকৃত, গৃহীত বা সূচিত হইয়াছে বলিয়া গণ্য হইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs