প্রিন্ট

19/09/2026
Laws of Bangladesh

সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯

( ২০০৯ সনের ১৬ নং আইন )

চতুর্থ অধ্যায়

1নিষিদ্ধ ঘোষণা ও তালিকাভুক্তকরণ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশন বাস্তবায়ন

তালিকাভুক্ত ব্যক্তি বা নিষিদ্ধ সত্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ

2[২০। (১) 3[যদি কোন ব্যক্তি বা সত্তার বিরুদ্ধে ধারা ১৮ এর উপ-ধারা (১) এ বর্ণিত কোন ব্যবস্থা গ্রহণ করা হয়], তাহা হইলে, এই আইনে বর্ণিত অন্যান্য ব্যবস্থা গ্রহণ ছাড়াও সরকার, প্রযোজ্য ক্ষেত্রে, নিম্নবর্ণিত যে কোন পদক্ষেপ গ্রহণ করিবে, যথা:-

 
 

(ক) উক্ত সত্তার কার্যালয়, যদি থাকে, বন্ধ করিয়া দিবে;

 
 

(খ) ব্যাংক এবং অন্যান্য হিসাব, যদি থাকে, অবরুদ্ধ করিবে, এবং উহার সকল সম্পত্তি জব্দ বা আটক করিবে;

 
 

(গ) 4[উক্ত] সত্তার সদস্যদের দেশ ত্যাগে বাধা নিষেধ আরোপ করিবে;

 
 

(ঘ) সকল প্রকার প্রচারপত্র, পোস্টার, ব্যানার অথবা মুদ্রিত, ইলেকট্রনিক, ডিজিটাল বা অন্যান্য উপকরণ বাজেয়াপ্ত করিবে; এবং

 
 

5[(ঙ) উক্ত সত্তা কর্তৃক বা উহার পক্ষে বা সমর্থনে যে কোন প্রেস বিবৃতির প্রকাশনা বা মুদ্রণ কিংবা গণমাধ্যম, অনলাইন, সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য যে কোন মাধ্যমে যে কোন ধরনের প্রচারণা, অথবা মিছিল, সভা-সমাবেশ বা সংবাদ সম্মেলন আয়োজন বা জনসম্মুখে বক্তৃতা প্রদান নিষিদ্ধ করিবে।]

 
 

(২) 6[উপ-ধারা (১) এ উল্লিখিত] সত্তা উহার আয় ও ব্যয়ের হিসাব এতদুদ্দেশ্যে সরকার কর্তৃক মনোনীত উপযুক্ত কর্তৃপক্ষের নিকট দাখিল করিবে এবং আয়ের সকল উৎস প্রকাশ করিবে।

 
 

(৩) যদি প্রতীয়মান হয় যে, 7[ধারা ১৮ এর উপ-ধারা (১) এর অধীন ব্যবস্থা গ্রহণ করা হইয়াছে এইরূপ কোন ব্যক্তি বা সত্তার] সম্পত্তি অবৈধভাবে অর্জিত হইয়াছে অথবা এই আইনের অধীন কোন অপরাধ সংঘটনে ব্যবহৃত হইয়াছে, তাহা হইলে উক্ত সম্পত্তি আদালত কর্তৃক রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হইবে]


  • 1
    "নিষিদ্ধ ঘোষণা ও তালিকাভুক্তকরণ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশন বাস্তবায়ন" শব্দগুলি "সন্ত্রাসী সংগঠন" শব্দগুলির পরিবর্তে সন্ত্রাস বিরোধী (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ২২ নং আইন) এর ১৬ ধারাবলে প্রতিস্থাপিত।
  • 2
    ধারা ২০ সন্ত্রাস বিরোধী (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ২২ নং আইন) এর ২০ ধারাবলে প্রতিস্থাপিত।
  • 3
    “যদি কোন ব্যক্তি বা সত্তার বিরুদ্ধে ধারা ১৮ এর উপ-ধারা (১) এ বর্ণিত কোন ব্যবস্থা গ্রহণ করা হয়” শব্দগুলি, সংখ্যাগুলি ও বন্ধনী “যদি কোন ব্যক্তিকে ধারা ১৮ এর বিধান অনুসারে তালিকাভুক্ত করা হয় বা কোন সত্তাকে নিষিদ্ধ করা হয়” শব্দগুলি ও সংখ্যার পরিবর্তে সন্ত্রাস বিরোধী (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ২৮ নং আইন) এর ৩(ক) ধারাবলে প্রতিস্থাপিত ।
  • 4
    “উক্ত” শব্দ “নিষিদ্ধ” শব্দের পরিবর্তে সন্ত্রাস বিরোধী (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ২৮ নং আইন) এর ৩(খ)(অ) ধারাবলে প্রতিস্থাপিত ।
  • 5
    দফা (ঙ) সন্ত্রাস বিরোধী (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ২৮ নং আইন) এর ৩(খ)(আ) ধারাবলে প্রতিস্থাপিত ।
  • 6
    “উপ-ধারা (১) এ উল্লিখিত” শব্দগুলি, সংখ্যা ও বন্ধনী “নিষিদ্ধ” শব্দের পরিবর্তে সন্ত্রাস বিরোধী (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ২৮ নং আইন) এর ৩(গ) ধারাবলে প্রতিস্থাপিত ।
  • 7
    “ধারা ১৮ এর উপ-ধারা (১) এর অধীন ব্যবস্থা গ্রহণ করা হইয়াছে এইরূপ কোন ব্যক্তি বা সত্তার” শব্দগুলি, সংখ্যাগুলি ও বন্ধনী “তালিকাভুক্ত ব্যক্তি বা নিষিদ্ধ সংঘটনের” শব্দগুলির পরিবর্তে সন্ত্রাস বিরোধী (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ২৮ নং আইন) এর ৩(ঘ) ধারাবলে প্রতিস্থাপিত ।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs