প্রিন্ট

14/03/2026
Laws of Bangladesh

বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন, ২০১৩

( ২০১৩ সনের ৬১ নং আইন )

সংজ্ঞা

1[২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে-

(১) "অগ্রিম" অর্থ যে-কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা ট্রাভেল এজেন্সি কর্তৃক অপর কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা ট্রাভেল এজেন্সি হইতে টিকেট সংগ্রহ বা ক্রয়ের উদ্দেশ্যে ঋণ, ওভারড্রাফট, নগদ অর্থ, প্রণোদনা (incentive), মূল্য ছাড় (discount) কিংবা অন্য যে-কোনোরূপে টিকেট ক্রয়-বিক্রয়ের পূর্বে আগাম পরিশোধের উদ্দেশ্যে প্রদত্ত আর্থিক সুবিধা;

(২) "চূড়ান্ত উপকারভোগী মালিক (Ultimate Beneficiary Owner) [UBO]" অর্থ কোনো আইনি সত্তা বা legal entity এর মালিক যিনি কোনো ব্যবসা কার্যক্রমে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত না থাকিলেও চূড়ান্ত আর্থিক সুবিধা গ্রহণকারী;

(৩) "ট্রাভেল এজেন্সি" অর্থ ধারা ৫ এর অধীন নিবন্ধিত ট্রাভেল এজেন্সি;

(৪) "নির্ধারিত" অর্থ বিধি দ্বারা নির্ধারিত;

(৫) "নিবন্ধন কর্তৃপক্ষ" অর্থ ধারা ৩ এর অধীন নির্ধারিত কর্তৃপক্ষ;

(৬) "নিবন্ধন সনদ" অর্থ ধারা ৫ এর উপ-ধারা (২) এর দফা (ক) এর অধীন ইস্যুকৃত নিবন্ধন সনদ;

(৭) "নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ" অর্থ সরকার কর্তৃক নির্ধারিত কোনো নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ;

(৮) "পরিবহন" অর্থ নৌপথ, স্থল পথ ও আকাশপথে পরিবহন;

(৯) "পরিবার" অর্থ কোনো ট্রাভেল এজেন্সির স্বত্বাধিকারী, ব্যবস্থাপনা অংশীদার, ব্যবস্থাপনা পরিচালক এর স্বামী বা স্ত্রী, ১৮ (আঠারো) বৎসরের ঊর্ধ্ব বয়সের কোনো পুত্র ও কন্যা এবং পিতা ও মাতা;

(১০) "ফলস বুকিং বা বানোয়াট আসন সংরক্ষণ" অর্থ কোনো ট্রাভেল এজেন্সি বা ব্যক্তি কর্তৃক কোনো বিমান বা পরিবহনে আসন সুনির্দিষ্ট করিবার উদ্দেশ্যে প্রকৃত যাত্রীর সঠিক তথ্য প্রদান না করিয়া অথবা ভুয়া নাম বা তথ্য ব্যবহার করিয়া আসন আটকাইয়া রাখা বা বুকিং দেওয়া অথবা আসনটি ক্রয় বা সংগ্রহের উদ্দেশ্য ব্যতিরেকে কেবল বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করিবার লক্ষ্যে আসন ব্লক করিয়া রাখা;

(১১) "বিজনেস টু বিজনেস" অর্থ কোনো ট্রাভেল এজেন্সির সহিত অন্য কোনো ট্রাভেল এজেন্সির টিকেট ক্রয়-বিক্রয়, সংরক্ষণ, কমিশন বা প্রণোদনা, অগ্রিম, আদান-প্রদান সংক্রান্ত বাণিজ্যিক কার্যক্রম;

(১২) "বিধি" অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি;

(১৩) "ব্যক্তি" অর্থ যে-কোনো ব্যক্তি তবে, কোনো প্রতিষ্ঠান, কোম্পানি, অংশীদারি কারবার, ফার্ম বা অন্য কোনো সংস্থাও ইহার অন্তর্ভুক্ত হইবে; এবং

(১৪) "স্বার্থ নিরপেক্ষ লেনদেন (Arm's Length Transaction)" অর্থ এমন এক ব্যবসায়িক লেনদেন যেখানে পক্ষসমূহের মধ্যে কোনো পূর্ব সম্পর্ক, ব্যক্তি স্বার্থ বা পারস্পরিক প্রভাব ব্যতিরেকে সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষভাবে ন্যায্য বাজারমূল্যে লেনদেন সম্পন্ন হয়।]


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs