প্রিন্ট

14/01/2026
Laws of Bangladesh

বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন, ২০১৩

( ২০১৩ সনের ৬১ নং আইন )

নিবন্ধন সনদ স্থগিত বা বাতিল

৯। (১) নিবন্ধন কর্তৃপক্ষ নিম্নবর্ণিত কোন কারণে উপযুক্ত তদন্ত ও শুনানির সুযোগ প্রদান করিয়া কোন ট্রাভেল এজেন্সির নিবন্ধন স্থগিত বা বাতিল করিতে পারিবে, যথাঃ—

 
 

(ক) মিথ্যা তথ্য বা প্রতারণার মাধ্যমে নিবন্ধন সনদ গ্রহণ করিলে;

 
 

(খ) এই আইন, বিধি বা নিবন্ধন সনদের কোন শর্ত ভঙ্গ করিলে;

 
 

(গ) ট্রাভেল এজেন্সিসমূহের জন্য নির্ধারিত আচরণ বিধির কোন বিধান লংঘন করিলে;

 
 

(ঘ) নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন নবায়ন না করিলে;

 
 

(ঙ) নিবন্ধন সনদ প্রাপ্তির পর সংশ্লিষ্ট ব্যক্তি কোন ফৌজদারি অপরাধে দণ্ডিত হইলে; 1[***]

 
 

(চ) কোম্পানি, সংস্থা, অংশীদারি কারবার বা আইনগত সত্ত্বার ক্ষেত্রে উহার অবসায়ন হইলে2[;]

 

3[(ছ) টিকেটিং এর উদ্দেশ্যে কোনো এয়ারলাইন্সের প্যাসেঞ্জার সার্ভিস সিস্টেমরূপে ব্যবহৃত দেশি ও বিদেশি অ্যাপ্লিকেশন, সিস্টেম, পোর্টাল, প্ল্যাটফর্ম, Global Distribution System (GDS) বা New Distribution Capability (NDC), ইত্যাদি ডিজিটাল টিকেট ডিস্ট্রিবিউশন চ্যানেল অবৈধভাবে ব্যবহার করিলে বা ইহার লগইন আইডি ও পাসওয়ার্ড শেয়ার বা বিতরণ করিলে;

 

(জ) অন্য কোনো ট্রাভেল এজেন্সির নিকট হইতে টিকেট ক্রয়-বিক্রয় করিলে বা অতিরিক্ত ভাড়া আদায় করিলে;

 

(ঝ) ট্রাভেল এজেন্সির ঠিকানা ব্যবহার করিয়া রিক্রুটিং এজেন্ট হিসাবে ব্যবসা পরিচালনা করিলে;

 

(ঞ) সরকার কর্তৃক নির্ধারিত আর্থিক মাধ্যমে লেনদেন না করিলে;

 

(ট) যে-কোনো উপায়ে কৃত্রিম সংকট সৃষ্টি করিয়া বা মিথ্যা তথ্য দ্বারা সৃষ্ট বুকিং (false booking) এর মাধ্যমে টিকেটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করিলে;

 

(ঠ) মিথ্যা তথ্য বা প্রতারণার উদ্দেশ্যে মূল্য ছাড়, চটকদার প্রলোভন, ক্যাশব্যাক বা ইনসেনটিভ প্রদান সংক্রান্ত বিজ্ঞাপন প্রচার করিলে অথবা বিজ্ঞাপনের মাধ্যমে অগ্রিম অর্থ আদায় করিলে;

 

(ড) অভিবাসী কর্মী বা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এর কার্ডধারীগণের ক্ষেত্রে উৎস দেশ ও গন্তব্য দেশ ব্যতীত তৃতীয় কোনো দেশ হইতে টিকেট ক্রয়-বিক্রয় করিলে এবং তাহাদের গ্রুপ বুকিং বা টিকেটিং এর ক্ষেত্রে টিকেট কনফার্মেশনের পর যাত্রীর তথ্য (passenger information) পরিবর্তন করিলে;

 

(ঢ) অভিবাসী কর্মী বা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এর কার্ডধারীগণের টিকেট ক্রয়-বিক্রয়কালে মূল্য পরিশোধের ক্ষেত্রে একত্রে অর্থ পরিশোধ (consolidated payment) করিলে;

 

(ণ) ট্রাভেল এজেন্সির চাকরি বা কার্যক্রমের সহিত এয়ারলাইন্স বা Global Distribution System (GDS) বা New Distribution Capability (NDC) এর কোনো কর্মচারীর সম্পৃক্ততা থাকিলে; অথবা

 

(ত) টিকেটের গায়ে ট্রাভেল এজেন্সির নাম, নিবন্ধন সনদ নম্বর ও মূল্য লেখা না থাকিলে।]

 
 

(২) উপ-ধারা (১) এর অধীন কোন ট্রাভেল এজেন্সির নিবন্ধন সনদ স্থগিত করা হইলে উক্ত ট্রাভেল এজেন্সি অন্য কোন ব্যক্তির ভ্রমণের সহিত সংশ্লিষ্ট পরিবহন, আবাসন ও অনুরূপ অন্যান্য সুবিধা প্রদানের উদ্দেশ্যে কোন কার্যক্রম করিতে পারিবে না।

 

4[(৩) কোনো ট্রাভেল এজেন্সির নিবন্ধন সনদ স্থগিত করা সমীচীন মর্মে প্রতীয়মান হইলে জনস্বার্থে, শুনানি গ্রহণ ব্যতীত, সরকার, সাময়িকভাবে উক্ত নিবন্ধন সনদ স্থগিত করিতে পারিবে।]

 

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs