সংজ্ঞা
২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে -
(১) ‘‘অভিবাসী’’ অর্থ বাংলাদেশের কোনো নাগরিক যিনি কোনো কাজ বা পেশায় নিযুক্ত হইবার উদ্দেশ্যে বিদেশে গমন করিয়াছেন এবং কোনো বিদেশি রাষ্ট্রে অবস্থান করিতেছেন;
(২) ‘‘অভিবাসী কর্মী’’ অর্থ বাংলাদেশের কোনো নাগরিক যিনি অন্য কোনো রাষ্ট্রে পারিশ্রমিকের বিনিময়ে-
(ক) কর্মের উদ্দেশ্যে যাইবার প্রস্তুতি গ্রহণ করিয়াছেন বা গমন করিতেছেন বা করিয়াছেন;
(খ) কোনো কর্মে নিযুক্ত রহিয়াছেন; এবং
(গ) কোনো কর্মে নিযুক্ত থাকিবার পর বা নিযুক্ত না হইয়া বাংলাদেশে ফেরত আসিয়াছেন;
(৩) ‘‘তহবিল’’ অর্থ ধারা ১৪ এর অধীন গঠিত তহবিল;
(৪) ‘‘নির্ভরশীল’’ অর্থ অভিবাসীর স্ত্রী বা স্বামী এবং মাতা, পিতা, ক্ষেত্রমত, সন্তান, ভাই, বোন বা যাহারা উক্ত ব্যক্তির উপর আর্থিকভাবে নির্ভরশীল;
(৫) ‘‘পরিচালনা পরিষদ’’ অর্থ ধারা ৭ এর অধীন গঠিত পরিচালনা পরিষদ;
(৬) ‘‘প্রবাসী’’ অর্থ অভিবাসী ও অভিবাসী কর্মী;
(৭) ‘‘প্রবিধান’’ অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান;
(৮) ‘‘বহির্গমন’’ অর্থ কোনো বাংলাদেশি নাগরিকের দেশের বাহিরে গমন;
(৯) ‘‘বিধি’’ অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি;
(১০) ‘‘বোর্ড’’ অর্থ ধারা ৪ এর অধীন প্রতিষ্ঠিত ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড;
(১১) ‘‘ব্যুরো’’ অর্থ Ministry of Health, Population Control and Labour এর স্মারক No. VIII/E-4/76/296, Dated 3-4-1976 দ্বারা প্রতিষ্ঠিত জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো;
(১২) ‘‘মহাপরিচালক’’ অর্থ বোর্ডের মহাপরিচালক;
(১৩) ‘‘রিক্রুটিং এজেন্ট’’ অর্থ
বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩ (২০১৩ সনের ৪৮ নং আইন) এর ধারা ৯ এর অধীন লাইসেন্সপ্রাপ্ত ব্যক্তি; এবং
(১৪) ‘‘সভাপতি’’ অর্থ পরিচালনা পরিষদের সভাপতি।