প্রিন্ট

24/05/2026
Laws of Bangladesh

ব্যাংকার বহি সাক্ষ্য আইন, ২০২১

( ২০২১ সনের ২৭ নং আইন )

সংজ্ঞা

২।  (১) বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে-

(ক) ‘আইনি কার্যক্রম (legal proceedings)’ অর্থ এই আইন বা অন্য কোনো আইন বা আইনগত দলিলের অধীন গৃহীত কোনো কার্যক্রম বা তদন্তকার্য যেখানে সাক্ষ্য প্রদান করা হয় বা প্রদান করা যাইতে পারে এবং কোনো মধ্যস্থতা বা সালিশ কার্যও ইহার অন্তর্ভুক্ত হইবে;

(খ) ‘আদালত’ অর্থ সুপ্রীম কোর্টসহ যে কোনো আদালত;

(গ) ‘ইলেক্ট্রনিক স্বাক্ষর’ অর্থ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬ (২০০৬ সনের ৩৯ নং আইন) এর ধারা ২ এর দফা (১) এ সংজ্ঞায়িত ইলেক্ট্রনিক স্বাক্ষর;

(ঘ) ‘উপাত্ত’ অর্থ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬ (২০০৬ সনের ৩৯ নং আইন) এর ধারা ২ এর দফা (১০) এ সংজ্ঞায়িত উপাত্ত;

(ঙ) ‘কম্পিউটার সিস্টেম’ অর্থ ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ (২০১৮ সনের ৪৬ নং আইন) এর ধারা ২ এর উপ-ধারা (১) এর দফা এ সংজ্ঞায়িত কম্পিউটার সিস্টেম;

(চ) ‘কোম্পানী’ অর্থ কোম্পানী আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১৮ নং আইন) এর ধারা ২ এর উপ-ধারা (১) এর দফা (ঘ) এ সংজ্ঞায়িত কোনো কোম্পানী;

(ছ) ‘গ্রাহক’ অর্থ এইরূপ কোনো ব্যক্তি যাহার ব্যাংকে কোনো হিসাব রহিয়াছে বা প্রকৃত সুবিধাভোগী (beneficial owner) হিসাবে যাহার পক্ষ হইতে ব্যাংকে কোনো হিসাব পরিচালনা করা হইয়াছে এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক, সময় সময়, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা সংজ্ঞায়িত অন্য কোনো ব্যক্তিও ইহার অন্তর্ভুক্ত হইবে;

(জ) ‘গ্রাহকতথ্য’ অর্থ ব্যাংকার বহিতে লিপিবদ্ধ বা সংরক্ষিত গ্রাহক সম্পর্কিত তথ্য;

(ঝ) ‘প্রত্যয়িত অনুলিপি’ অর্থ ধারা ৩ এর অধীন প্রদত্ত কোনো অনুলিপি;

(ঞ) ‘ব্যক্তি’ অর্থে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান, কোম্পানী, কর্পোরেশন, সমবায় সমিতি, সংঘ, অংশীদারি কারবার, সমিতি, ফার্ম বা অন্য কোনো সংস্থা বা উহাদের প্রতিনিধি বা কোনো পেশাদার আর্থিক মধ্যস্থতাকারীও (যেমন-এজেন্ট, ট্রাস্টি, হিসাবরক্ষক, আইনজীবী বা এতদ্‌সংশ্লিষ্ট অন্য কোনো পেশাজীবী) অন্তর্ভুক্ত হইবে;

(ট) ‘ব্যাংক’ এবং ‘ব্যাংকার’ অর্থ-

(অ) ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১ (১৯৯১ সনের ১৪ নং আইন) এর ধারা ৫(ণ) এ সংজ্ঞায়িত কোনো ব্যাংক-কোম্পানী এবং অন্য কোনো আইন দ্বারা বা আইনের অধীন ব্যাংক হিসাবে প্রতিষ্ঠিত যে কোনো প্রতিষ্ঠানও ইহার অন্তর্ভুক্ত হইবে; এবং ­­

(আ) আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ২৭ নং আইন) এর ধারা ২(খ) এ সংজ্ঞায়িত কোনো আর্থিক প্রতিষ্ঠান;

(ঠ) ‘ব্যাংকার বহি’ অর্থ কোনো ব্যাংকের-

(অ) খতিয়ান বহি (ledger), দৈনিক বহি (day-book), নগদান বহি (cash-book), হিসাব বহি (account-book) এবং ব্যাংকের দৈনন্দিন কার্যে ব্যবহৃত অন্য সকল প্রকার বহি ও নথি, যাহা লিখিত আকারে, অথবা মাইক্রোফিল্ম বা ইলেকট্রনিক স্বাক্ষরযুক্ত বা তথ্য প্রযুক্তির অন্য কোনো মাধ্যমে সংরক্ষিত হয়;

(আ) যে কোনো দলিল যাহা সাধারণভাবে ব্যাংকের ব্যবসায় ব্যবহৃত হয় অথবা ব্যাংকের লেনদেন দপ্তরে নিদর্শনপত্রের নিবন্ধনবহি (register) হিসাবে ব্যবহৃত হয়, যাহা বাঁধাইকৃত বইয়ের ভলিউমরূপে অথবা লুজ শিট, পৃষ্ঠা, ফর্দ (folio) বা কার্ড আকারে সংরক্ষিত হয়;

(ই) হিসাব খোলার ফর্ম, গ্রাহকের পরিচিতিমূলক রেকড র্বা নথি; এবং

(ঈ) জামানতি দলিলাদির হস্তলিখিত পাণ্ডলিপি, টাইপকৃত বা মুদ্রিত স্টেনসিল্ড দস্তাবেজ অথবা সময় সময় ব্যবহৃত অন্য যে কোনো যান্ত্রিক বা অর্ধ-যান্ত্রিক প্রক্রিয়ায় সৃষ্ট দলিল এবং আলোকচিত্র বা ছায়ালিপি হিসাবে প্রস্তুতকৃত কোনো দলিল;

(ড) ‘তপশিল’ অর্থ এই আইনের তপশিল।

(২) এই আইনে ব্যবহৃত যে সকল শব্দ বা অভিব্যক্তির সংজ্ঞা প্রদান করা হয় নাই, সেই সকল শব্দ বা অভিব্যক্তি, ক্ষেত্রমত, Evidence Act, 1872 (Act No. I of 1972), Bangladesh Bank Order, 1972 (President’s Order No. 127 of 1972), ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১ (১৯৯১ সনের ১৪ নং আইন), আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ২৭ নং আইন), কোম্পানী আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১৮ নং আইন), ব্যাংক আমানত বীমা আইন, ২০০০ (২০০০ সনের ১৮ নং আইন), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬ (২০০৬ সনের ৩৯ নং আইন), ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ (২০১৮ সনের ৪৬ নং আইন), সমবায় সমিতি আইন, ২০০১ (২০০১ সনের ৪৭ নং আইন) এবং ‘অর্থ ঋণ আদালত আইন, ২০০৩ (২০০৩ সনের ৮ নং আইন) এ যে অর্থে ব্যবহৃত হইয়াছে সেই অর্থে প্রযোজ্য হইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs