প্রিন্ট

12/06/2026
Laws of Bangladesh

1[নওগাঁ বিশ্ববিদ্যালয়] আইন, ২০২৩

( ২০২৩ সনের ০৯ নং আইন )

অর্থ কমিটি

৩০। (১) বিশ্ববিদ্যালয়ের একটি অর্থ কমিটি থাকিবে এবং উহা নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:-

(ক) উপাচার্য, যিনি উহার সভাপতিও হইবেন;

(খ) উপউপাচার্যগণ;

(গ) কোষাধ্যক্ষ;

(ঘ) রেজিস্ট্রার;

(ঙ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ কর্তৃক মনোনীত উহার অন্যূন উপসচিব পদমর্যাদার ১ (এক) জন প্রতিনিধি;

(চ) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক মনোনীত উহার অন্যূন উপসচিব পদমর্যাদার ১ (এক) জন প্রতিনিধি:

(ছ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত ১ (এক) জন সিন্ডিকেট সদস্য যিনি বিশ্ববিদ্যালয়ের চাকরিতে নিয়োজিত নহেন;

(জ) অ্যাকাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত এই আইনের ৮ ধারায় উল্লিখিত বিশ্ববিদ্যালয়ের ১ (এক) জন কর্মচারী;

(ঝ) উপাচার্য কর্তৃক মনোনীত ১ (এক) জন ডিন; এবং

(ঞ) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক মনোনীত উহার অন্যূন পরিচালক পদমর্যাদার ১ (এক) জন প্রতিনিধি।

(২) পরিচালক (অর্থ ও হিসাব) অর্থ কমিটির সাচিবিক দায়িত্ব পালন করিবেন।

(৩) অর্থ কমিটির মনোনীত কোনো সদস্য ২ (দুই) বৎসর মেয়াদের জন্য উক্ত পদে অধিষ্ঠিত থাকিবেন:

তবে শর্ত থাকে যে, অর্থ কমিটির মনোনীত কোনো সদস্যের মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তাহার স্থলাভিষিক্ত ব্যক্তি কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি তাহার পদে বহাল থাকিবেন।

(৪) অর্থ কমিটির কোনো সদস্য পদত্যাগ করিতে চাহিলে যেকোনো সময় সভাপতিকে উদ্দেশ্য করিয়া তাহার স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন।

(৫) অর্থ কমিটির কোনো সদস্য যে পদ বা প্রতিষ্ঠান হইতে মনোনীত হইয়াছিলেন তিনি যদি সেই পদ বা প্রতিষ্ঠানে না থাকেন, তাহা হইলে তিনি অর্থ কমিটির সদস্য পদে অধিষ্ঠিত থাকিবেন না।


  • 1
    "নওগাঁ বিশ্ববিদ্যালয়" শব্দগুলি "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, নওগাঁ" শব্দগুলি ও কমার পরিবর্তে বিশ্ববিদ্যালয় সংক্রান্ত কতিপয় আইন (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৭৯ নং আইন) এর ১২ (ক) ধারাবলে প্রতিস্থাপিত।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs