প্রিন্ট

29/09/2026
Laws of Bangladesh

কাস্টমস আইন, ২০২৩

( ২০২৩ সনের ৫৭ নং আইন )

চতুর্বিংশ অধ্যায়

কাস্টমস কর্মকর্তা কর্তৃক ক্ষমতা প্রয়োগ (enforcement)

বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো প্রতিষ্ঠা

১৭৫। (১) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (Bangladesh Single Window) প্রতিষ্ঠা করিতে পারিবে যাহা ধারা ৪৮, ৫১, ৫২ ও ৮১ তে উল্লিখিত দলিলাদি ব্যতীত সার্টিফিকেট, লাইসেন্স এবং পারমিট দাখিলসহ ইলেকট্রনিক পদ্ধতিতে আমদানি, রপ্তানি, ওয়্যারহাউসিং, ট্রানজিট বা ট্রান্সশিপমেন্ট এর সহিত সংশ্লিষ্ট ব্যক্তিগণকে একটি নির্দিষ্ট স্থান হইতে সকল সেবা প্রদান করিতে পারিবে।

(২) উপ- ধারা (১) এর উদ্দেশ্য পূরণকল্পে, বোর্ড বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো কমিশনারেট নামে একটি নিয়ন্ত্রক দপ্তর প্রতিষ্ঠা করিবে এবং উক্ত কমিশনারেট বাংলাদেশ সিঙ্গেল উইন্ডোর অপারেটর হিসেবে দায়িত্বে নিয়োজিত থাকিবে 1[:]

2[তবে শর্ত থাকে যে, উক্ত কমিশনারেট প্রতিষ্ঠা হইবার পূর্ব পর্যন্ত বোর্ড গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে উহার অধীনস্থ যে কোনো দপ্তরকে বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো বিষয়ক কার্যক্রম পরিচালনার দায়িত্ব প্রদান করিতে পারিবে।]

(৩) কমিশনার অব কাস্টমস (বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো) এবং সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট প্রদানকারী সংস্থা বা প্রতিষ্ঠান (CLPIA) এর প্রয়োজনীয় সংখ্যক প্রতিনিধির সমন্বয়ে বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো কমিশনারেট গঠিত হইবে।

(৪) বোর্ড বিধি দ্বারা নির্ধারিত পদ্ধিতিতে উক্ত কমিশনারেটের গঠন, জনবল, কর্মপরিধি ও কর্মপদ্ধতি নির্ধারণ করিবে।

(৫) বোর্ড কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে আমদানি, রপ্তানি, ওয়্যারহাউসিং, ট্রানজিট বা ট্রান্সশিপমেন্ট এর সহিত সংশ্লিষ্ট 3[ব্যক্তি] ইলেকট্রনিক পদ্ধতিতে তথ্য প্রেরণ বা দলিল দাখিল করিবে।

(৬) বোর্ড, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে একটি স্থায়ী কমিটি গঠন করিতে পারিবে, যথা:-

(ক) চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড, যিনি ইহার সভাপতিও হইবেন;

(খ) জাতীয় রাজস্ব বোর্ড এর কাস্টমস অনুবিভাগের সদস্য (কাস্টমস) পদমর্যাদার একজন কর্মকর্তা;

(গ) প্রতিটি সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট ইস্যুকারী সংস্থা বা প্রতিষ্ঠানের একজন করিয়া প্রতিনিধি।

(৭) উপ- ধারা (৬) এর অধীন গঠিত স্থায়ী কমিটি বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো কমিশনারেটের কার্যক্রম তত্ত্বাবধান ও সমন্বয় করিবে এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করিবে।

(৮) বোর্ড, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো ব্যবহারের জন্য পদ্ধতি, ফি বা অন্যান্য চার্জ নির্ধারণ করিতে পারিবে।


  • 1
    “:” চিহ্ন “।” চিহ্নের পরিবর্তে অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ১৭১ ধারাবলে প্রতিস্থাপিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।
  • 2
    শর্তাংশ অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ১৭১ ধারাবলে সংযোজিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।
  • 3
    “ব্যক্তি” শব্দ “ব্যক্তিকে” শব্দের পরিবর্তে অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬ (২০২৬ সনের ৮৯ নং আইন) এর ১৫৫ ধারাবলে প্রতিস্থাপিত।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs