প্রিন্ট
১৮। (১) এই আইন কার্যকর হইবার সঙ্গে সঙ্গে Government Educational and Training Institutions Ordinance, 1961 (Ordinance no. XXVI of 1961) এর অধীন প্রতিষ্ঠিত জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি, ময়মনসিংহ এর পরিচালনা সংক্রান্ত জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি, ময়মনসিংহ, রেজুলিউশন, ২০০৪ এতদ্বারা রহিত করা হইল এবং উক্ত রেজুলিউশনের অধীন গঠিত বোর্ড অব গভর্ণরস, অতঃপর বিলুপ্ত বোর্ড বলিয়া উল্লিখিত, বিলুপ্ত করা হইল।
(২) উক্তরূপ বিলুপ্ত হওয়া সত্ত্বেও, বিলুপ্ত বোর্ড কর্তৃক কৃত কোনো কাজ বা গৃহীত কোনো ব্যবস্থা বা জারীকৃত কোনো আদেশ, বিজ্ঞপ্তি, প্রজ্ঞাপন বা প্রবিধান এই আইনের অধীন কৃত, গৃহীত, জারীকৃত বলিয়া গণ্য হইবে।
(৩) এই আইন কার্যকর হইবার সঙ্গে সঙ্গে বিলুপ্ত বোর্ডের-
(ক) স্থাবর ও অস্থাবর সকল সম্পত্তি এবং উক্ত সম্পত্তিতে বা উহা হইতে উদ্ভূত অন্য সকল অধিকার ও স্বার্থ, নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ, বিনিয়োগ, সকল হিসাব বহি, রেকর্ড এবং অন্যান্য দলিল একাডেমির নিকট হস্তান্তরিত এবং উহার উপর ন্যস্ত হইবে;
(খ) সকল ঋণ, দায় ও দায়িত্ব এবং উহার দ্বারা, উহার পক্ষে বা উহার সহিত সম্পাদিত সকল চুক্তি একাডেমির ঋণ, দায় ও দায়িত্ব এবং উহার দ্বারা, উহার পক্ষে বা উহার সহিত সম্পাদিত চুক্তি বলিয়া গণ্য হইবে;
(গ) বিরুদ্ধে বা তদকর্তৃক দায়েরকৃত মামলা বা আইনগত কার্যধারা একাডেমির বিরুদ্ধে বা একাডেমি কর্তৃক দায়েরকৃত মামলা বা আইনগত কার্যধারা বলিয়া গণ্য হইবে এবং তদনুযায়ী উহা নিষ্পত্তি হইবে; এবং
(ঘ) সকল কর্মকর্তা ও কর্মচারী একাডেমির কর্মকর্তা ও কর্মচারী বলিয়া গণ্য হইবেন এবং এই আইন প্রবর্তনের অব্যবহিত পূর্বে তাহারা যে শর্তে চাকুরিতে নিয়োজিত ছিলেন, একাডেমি কর্তৃক পরিবর্তিত না হওয়া পর্যন্ত, সেই একই শর্তে নিয়োজিত থাকিবেন।