প্রিন্ট

13/05/2026
Laws of Bangladesh

ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫

( ২০২৫ সনের ১৯ নং অধ্যাদেশ )

ষষ্ঠ অধ্যায়

তফসিলি ব্যাংকের অবসায়ন

অবসায়কের দায়িত্ব, ক্ষমতা ও কার্যাবলি

৫১। (১) অবসায়কের দায়িত্ব, ক্ষমতা ও কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা:-

(ক) অবসায়ক অবসায়নাধীন তফসিলি ব্যাংকের একমাত্র আইনানুগ প্রতিনিধি হইবেন;

(খ) অবসায়ক অবসায়নাধীন তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা, নিয়ন্ত্রণ, পরিচালনা ও অবসায়নের জন্য প্রয়োজনীয় সকল ক্ষমতাসহ উহার শেয়ারধারক, পরিচালনা পর্যদ, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সকল অধিকার ও ক্ষমতা লাভ করিবেন;

(গ) অবসায়ক, অবসায়নাধীন তফসিলি ব্যাংকের সম্পূর্ণ অথবা আংশিক সম্পদ ও দায় তৃতীয় পক্ষের নিকট হস্তান্তরের জন্য বাংলাদেশ ব্যাংকের নিকট অনুরোধ করিতে পারিবেন এবং এইরূপ হস্তান্তরের সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নকালে পাওনাদারগণ কোনো প্রকার হস্তক্ষেপ করিতে পারিবেন না:

তবে শর্ত থাকে যে, এইরূপ অনুরোধের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তকে চ্যালেঞ্জ বা আপত্তি জানানোর অধিকার ক্ষুণ্ণ হইবে না এবং উক্তরূপ চ্যালেঞ্জ বা আপত্তির প্রেক্ষিতে কেবল আর্থিক ক্ষতিপূরণ প্রদান করা যাইবে, হস্তান্তরিত দায় ও সম্পদের প্রত্যাবর্তন (reverse transfer) করা হইবে না;

(ঘ) অবসায়ক বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক অবসায়ন সম্পর্কিত দায়িত্ব, ক্ষমতা ও কার্যাবলি পালন, প্রয়োগ ও সম্পাদন করিবেন;

(ঙ) অবসায়ক অবসায়নাধীন তফসিলি ব্যাংকের কার্যালয়, বহি, রেকর্ড এবং অন্যান্য তথ্য ও সম্পদের দায়িত্ব ও নিয়ন্ত্রণ গ্রহণ করিবেন;

(চ) অবসায়ক তফসিলি ব্যাংকের অবসায়ন সম্পর্কিত দায়িত্ব, ক্ষমতা ও কার্যাবলি পালন, প্রয়োগ ও সম্পাদন করিবার উদ্দেশ্যে, তফসিলি ব্যাংকের ব্যয়ে, পারস্পরিক লিষিত চুক্তির ভিত্তিতে স্বতন্ত্র আইনজীবী, হিসাবরক্ষক, নিরীক্ষক, পরামর্শক, জামানত মূল্যায়নকারী সংস্থা অথবা এইরূপ অন্যান্য ব্যক্তির পরিষেবা গ্রহণ করিতে পারিবেন।

(২) অবসায়ক এই অধ্যায়ের বিধান অনুযায়ী তাঁহার কোনো কার্য, নিষ্ক্রিয়তা বা সিদ্ধান্তের জন্য ব্যক্তিগত দায় হইতে অব্যাহিত লাভ করিবেন।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs