প্রিন্ট

03/04/2026
Laws of Bangladesh

গণভোট আইন, ১৯৯১

( ১৯৯১ সনের ২৫ নং আইন )

ভোটদান পদ্ধতি
১৪৷ (১) কোন ভোটার ভোট প্রদানের জন্য ভোটকেন্দ্রে উপস্থিত হইলে প্রিজাইডিং অফিসার ভোটদাতার পরিচিতি সম্পর্কে সন্তুষ্ট হইবার পর তাহাকে একটি ব্যালট পেপার এবং একটি সীলমোহর প্রদান করিবেন৷
 
 
(২) কোন ভোটারকে ব্যালট পেপার এবং সীলমোহর প্রদানের পূর্বে-
 
 
(ক) ভোটার তালিকায় লিপিবদ্ধ তাহার ক্রমিক নম্বর এবং নাম ধরিয়া ডাকিতে হইবে;
 
 
(খ) তাহার হাতের বৃদ্ধাংগুলি বা অন্য কোন আংগুলের উপর অমোচনীয় কালির একটি চিহ্ন প্রদান করিতে হইবে;
 
 
(গ) তাহাকে ব্যালট পেপার প্রদান করা হইয়াছে বুঝাইবার জন্য ভোটার তালিকায় তাহার নামের বিপরীতে একটি টিক চিহ্ন ()দিতে হইবে;
 
 
(ঘ) ব্যালট পেপারের উল্টো পিঠে সরকারী চিহ্ন সম্বলিত সীলমোহর দিতে হইবে এবং প্রিজাইডিং অফিসারকে উহাতে অনুস্বাক্ষর করিতে হইবে৷
 
 
(৩) যদি কোন ভোটার তাহার কোন আংগুলে অমোচনীয় কালির চিহ্ন গ্রহণ করিতে আপত্তি করেন অথবা তিনি ইতোমধ্যে অনুরূপ কোন চিহ্ন বা উহার অংশ বিশেষ ধারণ করেন, তাহা হইলে সেই ভোটারকে কোন ব্যালট পেপার প্রদান করা হইবে না৷
 
 
(৪) ব্যালট পেপার এবং উপ-ধারা (১) এ উল্লিখিত সীলমোহর, অতঃপর উক্ত সীলমোহর বলিয়া উল্লিখিত, পাইবার পর ভোটার-
 
 
(ক) সংগে সংগে ভোট প্রদানের জন্য সংরক্ষিত স্থানে যাইবেন;
 
 
(খ) যে বিলের ব্যাপারে গণভোট অনুষ্ঠিত হইতেছে, সেই বিলে রাষ্ট্রপতি সম্মতি প্রদান করিবেন কিনা এই প্রশ্নে হঁ্যা-সূচক ভোটদান করিতে চাহিলে তিনি ব্যালট পেপারে মুদ্রিত জাতীয় সংসদ ভবনের প্রতীকের ঘরে ভোটদানের জন্য উক্ত সীলমোহরের ছাপ দিবেন এবং একই প্রশ্নে না-সূচক ভোটদান করিতে চাহিলে ব্যালট পেপারে মুদ্রিত কাটাদাগ চিহ্নিত প্রতীকের ঘরে ভোটদানের জন্য উক্ত সীলমোহরের ছাপ দিবেন;
 
 
(গ) ব্যালট পেপারে দফা (খ) তে উল্লিখিত পদ্ধতিতে ছাপ দিবার পর তিনি ব্যালট পেপারটি ভাঁজ করিয়া নির্ধারিত স্থানে রক্ষিত ব্যালট বাক্সে উহা প্রবেশ করাইবেন এবং অবিলম্বে ভোটকেন্দ্র ত্যাগ করিবেন৷
 
 
(৫) যেক্ষেত্রে কোন অন্ধ ভোটার অথবা দৈহিকভাবে অক্ষম কোন ভোটার তাহার কোন একজন সংগীর সহায়তা ছাড়া ভোট প্রদান করিতে অপারগ হন সেইক্ষেত্রে প্রিজাইডিং অফিসার তাহাকে অনুরূপ কোন ব্যক্তির সহায়তা প্রদানের অনুমতি প্রদান করিবেন এবং উহার ফলে অনুরূপ সহায়তায় এই আইনের অধীন একজন ভোটারের যাহা করা প্রয়োজনীয় বা করিতে পারেন তাহা করিতে পারিবেন৷
 
 
(৬) গণভোটে কোন ভোটার-
 
 
(অ) একই ভোটকেন্দ্রে একাধিকবার ভোটদান করিতে পারিবেন না;
 
 
অথবা
 
 
(আ) একাধিক ভোটকেন্দ্রে ভোটদান করিতে পারিবেন না৷
 
 
(৭) যদি কোন ভোটার উপ-ধারা (৬) এর বিধান ভংগ করেন বা করিবার চেষ্টা করেন, তাহা হইলে প্রিজাইডিং অফিসারের আদেশক্রমে তাঁহাকে ভোটকেন্দ্র হইতে অপসারণ করা হইবে এবং এইরূপ অপসারিত ব্যক্তিকে ভোটকেন্দ্রে পুনঃপ্রবেশের অনুমতি দেওয়া হইবে না৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs