৯।(১) আমদানি অনুমতিপত্র ব্যতিরেকে কোন আমদানিকারক বাংলাদেশের অভ্যন্তরে কোন উদ্ভিদ বা উদ্ভিদজাত দ্রব্যাদি, উপকারী জীবাণু, মাটি অথবা প্যাকিং দ্রব্যাদি আমদানি করিতে পারিবে না।
(২) কর্তৃপক্ষ, সময় সময়, সরকারের পূর্বানুমতিক্রমে উদ্ভিদ বা উদ্ভিদজাত দ্রব্যাদি আমদানির পদ্ধতি নির্ধারণ করিতে পারিবে।
(৩) কর্তৃপক্ষ, সরকারের অনুমোদনক্রমে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, সময় সময়, কোন নির্দিষ্ট উদ্ভিদ বা উদ্ভিদজাত দ্রব্যাদিকে আমদানির শর্তাবলী হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবে।
অনুমতিপত্র ও প্রত্যয়নপত্র
১০। (১) কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত আমদানি অনুমতিপত্র ও প্রত্যয়নপত্র ব্যতিত উদ্ভিদ বা উদ্ভিদজাত দ্রব্যাদি, উপকারী জীবাণু অথবা প্যাকিং দ্রব্যাদি আমদানি করা যাইবে না।
(২) যে কোন উদ্ভিদ বা উদ্ভিদজাত দ্রব্যাদি, উপকারী জীবাণু অথবা প্যাকিং দ্রব্যাদি শুধুমাত্র নির্দিষ্ট প্রবেশ পথে বাংলাদেশে আমদানি করা যাইবে এবং আমদানি ঘোষণা প্রদান করিয়া কনসাইনমেন্টটির অনুকূলে প্রদত্ত আমদানি অনুমতিপত্র এবং রপ্তানিকারক দেশের জাতীয় উদ্ভিদ সংগনিরোধ কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত উদ্ভিদ স্বাস্থ্য সনদপত্রসহ উদ্ভিদ সংগনিরোধ কর্মকর্তার পরীক্ষার জন্য দাখিল করিতে হইবে।
(৩) উদ্ভিদ বা উদ্ভিদজাত দ্রব্যাদি আমদানি করা হইলে উহাতে কিরূপ শোধন প্রক্রিয়া প্রয়োগ করিতে হইবে বা আমদানির পূর্বে বা পরে উদ্ভিদ স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিতকরণার্থে প্রবেশোত্তর সংগনিরোধসহ যে সকল ব্যবস্থাদি গ্রহণ করিতে হইবে, তাহা আমদানি অনুমতিপত্রে বর্ণিত থাকিবে।
আমদানি অনুমতিপত্র ও প্রত্যয়নপত্র সংশোধন, বাতিল ইত্যাদি
১১। কর্তৃপক্ষ যুক্তিসংগত কারণে-
(ক) ইস্যুকৃত আমদানি অনুমতিপত্র ও প্রত্যয়নপত্র বাতিল করিতে পারিবে; এবং
(খ) যে কোন সময়ে উহা পরিবর্তন বা সংশোধন করিতে পারিবে।
উদ্ভিদ সংগনিরোধ কর্মকর্তার নিকট ঘোষণা প্রদান
১২। (১) কোন ব্যক্তি তাহার সম্মতিক্রমে বা অসম্মতিতে, কোন উদ্ভিদ বা উদ্ভিদজাত দ্রব্যাদি, উপকারী জীবাণু অথবা প্যাকিং দ্রব্যাদি বাংলাদেশের বাহির হইতে প্রাপ্ত হইলে, তিনি উহা নিকটস্থ উদ্ভিদ সংগনিরোধ কর্মকর্তার নিকট ঘোষণা প্রদান করিবেন।
(২) উদ্ভিদ সংগনিরোধ কর্মকর্তা উল্লিখিত দ্রব্যাদি পরীক্ষান্তে উহা ছাড়করণ বা ধ্বংসকরণ বা শোধন বা নিষ্পত্তি করিবার ব্যবস্থা গ্রহণ করিবেন।
পরিদর্শন
১৩। উদ্ভিদ সংগনিরোধ কর্মকর্তার আদেশ মোতাবেক উদ্ভিদ বা উদ্ভিদজাত দ্রব্যাদি, উপকারী জীবাণু অথবা প্যাকিং দ্রব্যাদি বহনকারী ও গুদামজাতকারী বা বাহনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি উক্ত বাহন, এবং উহার অভ্যন্তরস্থ দ্রব্যাদি পরিদর্শন এবং প্রয়োজনীয় ক্ষেত্রে শোধনের জন্য উন্মুক্ত করিয়া দিতে বাধ্য থাকিবে।
পরীক্ষা ও নমুনা সংগ্রহ
১৪। যে কোন আমদানিকারক উদ্ভিদ সংগনিরোধ কর্মকর্তার চাহিদা মোতাবেক আমদানিকৃত দ্রব্যাদি পরীক্ষা ও নমুনা সংগ্রহ করিবার অনুমতি প্রদানে বাধ্য থাকিবে।
কন্টেইনার স্থানান্তর
১৫। উদ্ভিদ সংগনিরোধ কর্মকর্তার পরীক্ষাধীন উদ্ভিদ বা উদ্ভিদজাত দ্রব্যাদি, বালাই, উপকারী জীবাণু এবং প্যাকিং দ্রব্যাদি তাহার অনুমতি ব্যতিত স্থানান্তরিত করা যাইবে না বা কোন কন্টেইনার খোলা যাইবেনাঃ
তবে শর্ত থাকে যে, কাস্টমস্ অথবা পোস্ট অফিসের কর্মকর্তার কার্য নির্বাহের জন্য বর্ণিত বিধানটি শিথিলযোগ্য হইবে।
বালাই সংক্রমিত উদ্ভিদ বা উদ্ভিদজাত দ্রব্যাদির আটকাদেশ
১৬। এই আইনের বিধান লঙ্ঘন করিয়া বাংলাদেশে আমদানি করা উদ্ভিদ বা উদ্ভিদজাত দ্রব্যাদি অথবা ট্রানজিটে থাকা উদ্ভিদ বা উদ্ভিদজাত দ্রব্যাদি অথবা বাংলাদেশের এক অংশ হইতে অন্য অংশে বহন করা উক্ত দ্রব্যাদি, যাহা বালাই পোষণকারী হিসাবে সন্দেহযুক্ত, তাহা আটক করা যাইবে অথবা ক্ষেত্রবিশেষে উহা প্রবেশে অসম্মতি প্রদান, ধ্বংস, অপসারণ, শোধন বা উদ্ভিদ স্বাস্থ্যসুরক্ষার জন্য প্রয়োজনীয় অন্য যে কোন ব্যবস্থা গ্রহণ করা যাইবে।
রপ্তানি-পূর্ব পরীক্ষা
১৭। (১) উদ্ভিদ বা উদ্ভিদজাত দ্রব্যাদি রপ্তানির ক্ষেত্রে সংগনিরোধ কর্মকর্তা কর্তৃক প্রতিটি কনসাইনমেন্ট রপ্তানি-পূর্ব পরীক্ষা করাইতে হইবে।
(২) রপ্তানীর উদ্দেশ্যে উপস্থাপনকৃত উদ্ভিদ বা উদ্ভিদজাত দ্রব্যাদির প্রত্যেকটি কনসাইনমেন্ট আমদানিকারী দেশের উদ্ভিদ স্বাস্থ্যসুরক্ষা চাহিদা অনুযায়ী উদ্ভিদ সংগনিরোধ কর্মকর্তা কর্তৃক বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে পরীক্ষিত হইবে।
১৮। (১) কোন রপ্তানিকারক কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত উদ্ভিদ স্বাস্থ্য সনদপত্র (phytosanitary certificate) ব্যতিরেকে কোন উদ্ভিদ বা উদ্ভিদজাত দ্রব্যাদি রপ্তানি করিতে পারিবে না।
(২) কর্তৃপক্ষ, সময় সময় সরকারের পূর্বানুমতিক্রমে উদ্ভিদ বা উদ্ভিদজাত দ্রব্যাদি রপ্তানির পদ্ধতি নির্ধারণ করিতে পারিবে।
(৩) কর্তৃপক্ষ, সরকারের অনুমোদনক্রমে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, সময় সময় রপ্তানির শর্তাবলী হইতে কোন নির্দিষ্ট উদ্ভিদ বা উদ্ভিদজাত দ্রব্যাদিকে অব্যাহতি প্রদান করিতে পারিবে।