প্রিন্ট
তৃতীয় অধ্যায়
বন্যপ্রাণী ও উদ্ভিদ রক্ষা
১০। (১) লাইসেন্স বা ক্ষেত্রমত, পজেশন সার্টিফিকেট, পারমিট গ্রহণ ব্যতীত কোনো ব্যক্তি কোনো বন্যপ্রাণী লালন-পালন, আবদ্ধ রাখা এবং বন্যপ্রাণী, ট্রফি, অসম্পূর্ণ ট্রফি দখলে রাখা, ক্রয় বা বিক্রয় বা পরিবহন করিতে পারিবে না বা তফসিল ৪ এ উল্লিখিত কোনো উদ্ভিদের ক্ষতিসাধন, ধ্বংস, সংগ্রহ বা পরিবহন করিতে পারিবে না।
(২) সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন বা হাট-বাজার বা অন্য কোনো মাধ্যমে বন্যপ্রাণী ক্রয়-বিক্রয় করা যাইবে না।
(৩) সকল বন্যপ্রাণী, বন্যপ্রাণীর দেহের অংশ, মাংস, ট্রফি, অসম্পূর্ণ ট্রফি অথবা তফসিল ৪ এ উল্লিখিত উদ্ভিদ বা উহার অংশ বা উহা হইতে উৎপন্ন দ্রব্য সরকারের সম্পত্তি হিসাবে বিবেচিত হইবে।
(৪) কোনো ব্যক্তি বন্যপ্রাণীর প্রতি কোনো নিষ্ঠুর আচরণ করিলে এই আইনের অধীন শাস্তিযোগ্য অপরাধ হইবে।
ব্যাখ্যা।- উপ-ধারা (৪) এর উদ্দেশ্যপূরণকল্পে-
“নিষ্ঠুর আচরণ” বলিতে বন্যপ্রাণীকে প্রহার, উত্ত্যক্ত করা, চোখ বাঁধিয়া রাখা, অপ্রয়োজনে আটক রাখা, ভীতি প্রদর্শন করা, পরিবহনের ক্ষেত্রে কষ্ট দেওয়া, মাত্রাতিরিক্ত ভার বহন করানো, বৈদ্যুতিক তারের বেষ্টনী দিয়া হত্যা করা, বন্যপ্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ ইত্যাদিকে বুঝাইবে।
১১। বৈজ্ঞানিক উপাত্ত এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য বিধান বা প্রথা অনুসরণপূর্বক, প্রধান বন্যপ্রাণী ওয়ার্ডেন, বৈজ্ঞানিক কমিটির সহিত পরামর্শক্রমে, তফসিল ১(ক), তফসিল ১(খ), তফসিল ১(গ), তফসিল ২ ও তফসিল ৩ এ উল্লিখিত কোন কোন প্রজাতির বা উপ-প্রজাতির বন্যপ্রাণী বা তফসিল ৪ এ উল্লিখিত কোন কোন উদ্ভিদ বিপদাপন্ন, প্রায়-বিপদাপন্ন, ন্যূনতম বিপদাপন্ন তাহা নির্ধারণ করিবেন।
১২। (১) কোনো বন্যপ্রাণী-
(ক) মানুষের জীবনের প্রতি হুমকির কারণ হইলে, বা
(খ) দৈহিকভাবে বিকলাঙ্গ বা ছোঁয়াচে বা দুরারোগ্য রোগে আক্রান্ত হইলে,
প্রধান বন্যপ্রাণী ওয়ার্ডেন বা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার অনুমোদন সাপেক্ষে বন্যপ্রাণী ওয়ার্ডেন কারণ উল্লেখ করিয়া উক্ত বন্যপ্রাণী অপসারণ, কালিং (culling) বা ক্ষেত্রমত, পুনর্বাসনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন এবং ১৫ (পনেরো) দিনের মধ্যে বিষয়টি উপদেষ্টা বোর্ড ও বৈজ্ঞানিক কমিটিতে প্রতিবেদন আকারে উপস্থাপন করিবেন।
(২) কোনো বিমানঘাঁটি বা বিমানবন্দরে উড়োজাহাজের নিরাপত্তা নিশ্চিত করিবার উদ্দেশ্যে, কোনো বন্যপ্রাণীকে অপসারণের ক্ষেত্রে উপ-ধারা (১) এর বিধান প্রযোজ্য হইবে না।
১৩। বন্যপ্রাণী সংরক্ষণের স্বার্থে সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এয়ারগান, ইত্যাদি আমদানি, বিক্রয়, ব্যবহার বা বহনের বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করিতে পারিবে:
তবে শর্ত থাকে যে, জাতীয় শুটিং ফেডারেশন কর্তৃক নিবন্ধিত শুটিং ক্লাব, বনাঞ্চল সন্নিহিত এলাকায় বসবাসকারী জনগোষ্ঠীর নিরাপত্তার প্রয়োজন উক্তরূপ নিষেধাজ্ঞার আওতা বহির্ভূত থাকিবে।
১৪। উদ্ধারকৃত বা জব্দকৃত বা ধৃত বন্যপ্রাণীকে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করিবার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে হইবে:
তবে শর্ত থাকে যে, এইরূপ বন্যপ্রাণী দ্বারা রোগ সংক্রমণের আশঙ্কা থাকিলে বা উহার শুশ্রূষার প্রয়োজন হইলে আবদ্ধ রাখা যাইবে।
১৫। তফসিল ৪ এ উল্লিখিত উদ্ভিদসমূহ রক্ষিত উদ্ভিদ হিসাবে বিবেচিত ও সংরক্ষিত হইবে এবং রক্ষিত উদ্ভিদসমূহ পুনরুদ্ধারে (restoration), উহাদের সংখ্যা বৃদ্ধি ও ঝুঁকি হ্রাসে বন অধিদপ্তর প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণ করিবে।
১৬। (১) বন অধিদপ্তর, যে কোনো ভূমিতে অবস্থিত প্রাচীন অথবা প্রথাগত, ঐতিহ্যগত, ধর্মীয় বা স্মৃতিস্মারক মূল্য বহনকারী কোনো বৃক্ষ বা বৃক্ষরাজি যাহা বন্যপ্রাণীর আবাসস্হল হিসাবে এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহা প্রাচীন বৃক্ষ, ঐতিহ্যবাহী বৃক্ষ, পবিত্র বৃক্ষ বা ক্ষেত্রমত, সরকারের অনুমোদনক্রমে কুঞ্জবন হিসাবে ঘোষণা করিতে পারিবে এবং এইরূপ ঘোষিত বৃক্ষ বা বৃক্ষরাজি প্রথাগত ব্যবহার, সাংস্কৃতিক অনুশাসন সাপেক্ষে সংরক্ষণ করিবে।
(২) উপ-ধারা (১) এর উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে বন অধিদপ্তর প্রয়োজনীয় নির্দেশিকা প্রণয়ন করিতে পারিবে।
১৭। কোনো ব্যক্তি জীবন রক্ষার প্রয়োজন ব্যতীত ঐতিহ্যবাহী বৃক্ষ, স্মারক বৃক্ষ, পবিত্র বৃক্ষ এবং কুঞ্জবন কর্তন বা অপসারণ বা উহার ক্ষতিসাধন করিতে পারিবে না।