প্রিন্ট

29/05/2026
Laws of Bangladesh

বালাইনাশক (পেস্টিসাইডস) আইন, ২০১৮

( ২০১৮ সনের ২৪ নং আইন )

সংজ্ঞা
২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে-
 
(১) ‘‘আগাছা’’ অর্থ কাঙ্ক্ষিত স্থানে অনাকাঙ্ক্ষিতভাবে জন্মানো উদ্ভিদ;
 
(২) ‘‘উপাদান’’ অর্থ বালাইনাশক তৈরিতে ব্যবহৃত কোনো বস্তু বা উপাদান বা পদার্থ;
 
(৩) ‘‘কারিগরি উপদেষ্টা কমিটি’’ অর্থ ধারা ১৯ এর অধীন গঠিত বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি;
 
(৪) ‘‘কীটপতঙ্গ’’ অর্থ সাধারণত পোকামাকড় হিসাবে পরিচিত যে কোনো ছোট অমেরুদণ্ডী প্রাণী এবং বিধি দ্বারা নির্ধারিত প্রাণী জীবনের অন্তর্ভুক্ত কোনো শ্রেণিও ইহার অন্তর্ভুক্ত হইবে;
 
(৫) ‘‘গ্যারান্টি’’ অর্থ আমদানিকারক, প্রস্তুতকারক, পুনঃউৎপাদনকারী, বিক্রেতা বা বিক্রয়ের উদ্দেশ্যে গুদামজাতকারী ব্যক্তি কর্তৃক বালাইনাশকের নিবন্ধনের আবেদন করিবার সময় প্রদত্ত প্রয়োজনীয় নিশ্চয়তা, যাহা ব্রান্ডকৃত বালাইনাশকের গুণাবলী, কার্যকারিতা এবং অন্যান্য দিক নির্দেশ করে;
 
(৬) ‘‘নিবন্ধন’’ অর্থ ধারা ৫ এর অধীন প্রদত্ত নিবন্ধন;
 
(৭) ‘‘নিবন্ধন কর্তৃপক্ষ’’ অর্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ উইং এর পরিচালক বা তদ্‌কর্তৃক লিখিত আদেশ দ্বারা ক্ষমতাপ্রদত্ত উক্ত উইং এর অন্য কোনো কর্মচারী;
 
(৮) ‘‘নিবন্ধিত’’ অর্থ এই আইনের অধীন নিবন্ধনকৃত;
 
(৯) ‘‘পরিদর্শক’’অর্থ ধারা ২৪ এর অধীন নিযুক্ত পরিদর্শক;
 
(১০) ‘‘প্যাকেজ’’ অর্থে ব্যবহৃত সকল কন্টেইনার অন্তর্ভুক্ত হইবে;
 
(১১) ‘‘পুনঃউৎপাদন’’ অর্থ এইরূপ প্রক্রিয়া যাহার মাধ্যমে ব্যবহারের উপযোগী করিবার উদ্দেশ্যে অন্যন্য পদার্থের সাথে বালাইনাশকের উপাদান কার্যকরভাবে মিশ্রণের মাধ্যমে উক্ত বালাইনাশকের রূপান্তর বা পরিবর্তন করা হয়;
 
(১২) ‘‘বালাইনাশক (পেস্টিসাইডস)’’ অর্থ এমন কোনো দ্রব্য বা দ্রব্যের মিশ্রণ যাহা কোনো পোকা, ছত্রাক, ব্যাকটেরিয়া, কৃমি (নেমাটোড), ভাইরাস, আগাছা, ইঁদুরজাতীয় প্রাণী বা অন্যান্য উদ্ভিদ বা কীটপতঙ্গের বিরুদ্ধে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রতিরোধ, ধ্বংস, প্রশমন, বিতাড়ন বা নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয়; তবে Drugs Act, 1940 অনুযায়ী যে পদার্থ (substance) একটি ‘ড্রাগ’ তাহা ইহার অন্তর্ভুক্ত হইবে না;
 
(১৩) ‘‘ব্রান্ড’’অর্থ আমদানিকারক, প্রস্তুতকারক, পুনঃউৎপাদনকারী বা বিক্রেতা কর্তৃক আমদানিকৃত, উৎপাদিত ও বিক্রীত পণ্যের জন্য ব্যবহৃত বাণিজ্যিক নাম;
 
(১৪) ‘‘বিজ্ঞাপন’’ অর্থ কোনো বিজ্ঞাপন, পরিপত্র বা অন্য কোনো বিজ্ঞপ্তির প্রচারণা দ্বারা পরিচিতকরণ;
 
(১৫) ‘‘বিধি’’ অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি;
 
(১৬) ‘‘বিশ্লেষক’’ অর্থ ধারা ২১ এর উপ-ধারা (১) এর অধীন নিয়োগকৃত বিশ্লেষক;
 
(১৭) ‘‘ব্যক্তি’’ অর্থ বালাইনাশক আমদানিকারক, উৎপাদনকারী, পুনঃউৎপাদনকারী, মোড়কজাতকারী, পুনঃমোড়কজাতকারী, গুদামজাতকারী, পাইকারী এবং খুচরা বিক্রেতা, তবে কৃষক অথবা ভোক্তা ইহার অন্তর্ভুক্ত হইবে না;
 
(১৮) ‘‘ভেজাল বালাইনাশক’’ অর্থ এইরূপ বালাইনাশক-
 
(ক) যাহা উহার লেবেলে উল্লিখিত স্বীকৃত মানের চেয়ে নিম্নমান সম্পন্ন; অথবা
 
(খ) যাহার গুরুত্বপূর্ণ কোনো উপাদান আংশিক বা সম্পূর্ণভাবে নিষ্কাশন বা অপসারণ করা হইয়াছে;
 
(১৯) ‘‘লাইসেন্স’’ অর্থ ধারা ১০ এর অধীন প্রদত্ত লাইসেন্স;
 
(২০) ‘‘লাইসেন্সি’’ অর্থ বালাইনাশক আমদানি, উৎপাদন, মোড়কজাতকরণ, পুনঃমোড়ক-জাতকরণ, মজুত, বিক্রয় ও বিজ্ঞাপন প্রদানের উদ্দেশ্যে এই আইনের অধীন লাইসেন্সপ্রাপ্ত ব্যক্তি;
 
(২১) ‘‘লাইসেন্সিং কর্তৃপক্ষ’’ অর্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ উইং এর পরিচালক বা তদ্‌কর্তৃক লিখিত আদেশ দ্বারা ক্ষমতাপ্রদত্ত উক্ত উইং এর অন্য কোনো কর্মচারী; এবং
 
(২২) ‘‘লেবেল’’ অর্থ বালাইনাশক বা উহার কন্টেইনারে বা কন্টেইনারের বাহিরে ও খুচরা বিক্রয়ের প্যাকেজের মোড়কে সংশ্লিষ্ট বালাইনাশকের পরিচয় সম্পর্কিত লিখিত, মুদ্রিত, চিত্রিত বা সংযুক্ত বিবরণ সংবলিত ছাপ।

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs