প্রিন্ট
২৷ বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে-
1[(ক) “কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তা” অর্থ উপজেলা নির্বাহী কর্মকর্তা বা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বা তাঁহার সমমানের বা তদূর্ধ্ব পদমর্যাদার স্বাস্থ্য অধিদপ্তরের কোন কর্মকর্তা এবং এতদ্সংশ্লিষ্ট দায়িত্বপালনের জন্য কোন আইনের অধীন, বা সরকার কর্তৃক সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা, ক্ষমতাপ্রাপ্ত যে কোন বা সকল কর্মকর্তাও ইহার অন্তর্ভুক্ত হইবে;
2[(কক) 'কুম্ভি পাতা বা টেন্ডু পাতার বিড়ি' অর্থ কুন্তি পাতা বা টেন্ডু পাতায় মোড়ানো বা তৈরিকৃত বিড়ি এবং অন্য কোনো গাছের পাতা দ্বারা মোড়ানো বা তৈরিকৃত বিড়িও ইহার অন্তর্ভুক্ত হইবে, কিন্তু কাগজ দ্বারা মোড়ানো প্রচলিত বিড়ি ইহার অন্তর্ভুক্ত হইবে না;]
3[(খ) 'তামাক' অর্থ কোনো নিকোটিয়ানা টাবাকাম বা নিকোটিয়ানা রাসটিকার শ্রেণিভুক্ত উদ্ভিদ বা এতদসম্পর্কিত অন্য কোনো উদ্ভিদ বা উহাদের কোনো পাতা বা ফল, শিকড়, ডাল বা উহার কোনো অংশ;]
4[(গ) 'তামাকজাত দ্রব্য' অর্থ তামাক, তামাক পাতা বা উহার নির্যাস হইতে প্রস্তুতকৃত যে-কোনো দ্রব্য, যাহা চোষণ বা চিবানোর মাধ্যমে গ্রহণ করা যায় বা ধূমপানের মাধ্যমে শ্বাসের সহিত টানিয়া লওয়া যায় বা অন্য কোনোভাবে সেবন করা যায় এবং বিড়ি, সিগারেট, চুরুট, গুল, জর্দা, খৈনী, সাদাপাতা, সিগার, হুক্কা বা পাইপের ব্যবহার্য মিশ্রণ (mixture) এবং ইমার্জিং টোব্যাকো প্রডাক্টস যেমন: ই-সিগারেট (e-cigarette) বা ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম (ENDS), হিটেড টোব্যাকো প্রডাক্ট (HTP), নিকোটিন পাউচ, এবং সরকার কর্তৃক, সময় সময়, ঘোষিত অন্য কোনো নিকোটিন দ্রব্য, তাহা যে নামেই অভিহিত হউক না কেন, ইহার অন্তর্ভুক্ত হইবে;
ব্যাখ্যা-(১) 'ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম (ENDS)' অর্থ এইরূপ ইলেকট্রনিক ডিভাইস যাহার দ্বারা নিকোটিনযুক্ত বা নিকোটিন ব্যতীত ফ্লেভারযুক্ত পদার্থকে উত্তপ্ত করিয়া ধোঁয়া, বাষ্প বা এরোসল তৈরি করে এবং ব্যবহারকারী কর্তৃক শ্বাসের সহিত মুখে টানিয়া গ্রহণ করা হয়, যথা: ইলেকট্রনিক বা ই-সিগারেট, ই-হুক্কা ও সমগোত্রীয় ডিভাইস, তাহা যে নামেরই হউক না কেন, ইহার অন্তর্ভুক্ত হইবে;
(২) 'হিটেড টোব্যাকো প্রডাক্ট' অর্থ এইরূপ তামাকজাত দ্রব্য, যাহা ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে তাপ উৎপন্নপূর্বক নিকোটিন এবং অন্যান্য রাসায়নিকযুক্ত এরোসল উৎপন্ন করে এবং যাহা ব্যবহারকারী কর্তৃক শ্বাসের সহিত মুখে টানিয়া গ্রহণ করা হয়;]]
(ঘ) “ধূমপান” অর্থ কোন তামাকজাত দ্রব্যের ধোঁয়া শ্বাসের সহিত টানিয়া নেওয়া বা বাহির করা, এবং কোন প্রজ্বলিত তামাকজাত দ্রব্য ধারণ করা বা নিয়ন্ত্রণ করাও ইহার অন্তর্ভুক্ত হইবে;
5[***]
6[(ঙঙ) 'নিকোটিন' অর্থ প্রাকৃতিকভাবে উৎপাদিত বা কৃত্রিমভাবে বা অন্য যে-কোনো উপায়ে প্রস্তুতকৃত যে-কোনো প্রকারের নিকোটিন, তাহা কঠিন, তরল ও বায়বীয় যে প্রকারেই হউক না কেন;
(ঙঙঙ) 'নিকোটিন দ্রব্য' অর্থ মানুষের ব্যবহারের উদ্দেশ্যে প্রস্তুতকৃত নিকোটিনযুক্ত দ্রব্য বা উহার মিশ্রণ; তবে তামাক ব্যবহার পরিত্যাগে সহায়তার জন্য ঔষুধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক অনুমোদিত এবং রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী প্রদানের নিমিত্ত নির্ধারিত নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপির প্রয়োজনে ব্যবহৃত নিকোটিন দ্রব্য ইহার অন্তর্ভুক্ত হইবে না;]
7[(চ) পাবলিক প্লেস' অর্থ সরকারি-বেসরকারি মালিকানা নির্বিশেষে জনসাধারণ কর্তৃক সম্মিলিতভাবে ব্যবহার্য যে-কোনো স্থান যেমন: শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিস, আধা-সরকারি অফিস, স্বায়ত্তশাসিত অফিস ও বেসরকারি অফিস, গ্রন্থাগার, লিফট, আচ্ছাদিত কর্মক্ষেত্র (indoor work place), হাসপাতাল ভবন, ক্লিনিক ভবন ও ডায়াগনস্টিক সেন্টার ভবন, আদালত ভবন, বিমানবন্দর ভবন, সমুদ্রবন্দর ভবন, নৌ-বন্দর ভবন, রেলওয়ে স্টেশন ভবন ও প্লাটফর্ম, বাস টার্মিনাল ভবন, প্রেক্ষাগৃহ, প্রদর্শনী কেন্দ্র, থিয়েটার হল, বিপণী ভবন, যে-কোনো ধরণের হোটেল, রেস্টুরেন্ট, খাবার দোকান, কফি হাউজ এবং উল্লিখিত পাবলিক প্লেসমূহের প্রাঙ্গণ, কমিউনিটি সেন্টারসহ যে-কোনো ধরণের সামাজিক অনুষ্ঠানস্থল, পাবলিক টয়লেট, শিশুপার্ক, মেলা, পাবলিক পরিবহণে আরোহণের উদ্দেশ্যে যাত্রীদের অপেক্ষার জন্য নির্দিষ্ট সারিসহ সেবাগ্রহণের নিমিত্ত মানুষের যে-কোনো সারি অথবা সরকার বা স্থানীয় সরকার প্রতিষ্ঠান কর্তৃক, সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা, সময় সময় ঘোষিত অন্য যে-কোনো বা সকল স্থান;";
ব্যাখ্যা―পাবলিক প্লেস-এর সংজ্ঞার্থে অন্তর্ভুক্ত সকল ভবনের বারান্দা, প্রবেশ ও বহির্গমন গেইট এবং ভবন সংশ্লিষ্ট এলাকা তাহা আচ্ছাদিত বা উন্মুক্ত যেভাবেই হউক না কেন, ভবনের সামনে ও পেছনের মাঠ, উন্মুক্ত স্থান বা বাগানও ইহার অন্তর্ভুক্ত হইবে;]
(ছ) “পাবলিক পরিবহণ” অর্থ মোটর গাড়ী, বাস, রেলগাড়ী, ট্রাম, জাহাজ, লঞ্চ, 8[যান্ত্রিক ও অযান্ত্রিক] সকল প্রকার জন-যানবাহন, উড়োজাহাজ এবং সরকার কর্তৃক, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, নির্দিষ্টকৃত বা ঘোষিত অন্য যে কোন যান;
(জ) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; 9[***]
10[(ঝ) 'ব্যক্তি' অর্থ ব্যক্তি, কোম্পানি, সমিতি, সংস্থা বা ব্যক্তিসমষ্টি, সংবিধিবদ্ধ হউক বা না হউক, এবং তামাকজাত দ্রব্য উৎপাদনকারী বা পরিবেশনকারীও ইহার অন্তর্ভুক্ত হইবে;]
11[(ঞ) 'স্ট্যান্ডার্ড প্যাকেজিং' অর্থ তামাকজাত দ্রব্যের মোড়কের আকার (shape), আয়তন (size), মোড়কের উপাদান, মোড়কজাতকরণ এবং মোড়কে তামাকজাত দ্রব্যের পরিমাণ ও সংখ্যাসংক্রান্ত সরকার প্রদত্ত নির্দেশনা অনুযায়ী প্রস্তুতকৃত স্ট্যান্ডার্ড প্যাকেজিং।]