প্রিন্ট

20/09/2026
ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬

ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬

( ২০২৬ সনের ১০৪ নং আইন )

প্রথম অধ্যায়

প্রারম্ভিক

সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১। (১) এই আইন “ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬” নামে অভিহিত হইবে।

(২) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা যেই তারিখ নির্ধারণ করিবে, সেই তারিখ হইতে এই আইন কার্যকর হইবে।

 

* এস, আর, ও নং ৩০৭-আইন/২০, তারিখ: ২০ আগস্ট, ২০৬ খ্রিষ্টাব্দ দ্বারা ০৫ ভাদ্র, ১৪ বঙ্গাব্দ মোতাবেক ২০ আগস্ট, ২০ তারিখ হইতে উক্ত আইন কার্যকর হইয়াছে।

সংজ্ঞা

২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে,-

(১) “অপারেটর” অর্থ শিল্পাঞ্চল রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান;

(২) “অনুমোদিত শিল্প” অর্থ এ আইনের অধীনে কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত শিল্প;

(৩) “অবকাঠামো” অর্থ রাষ্ট্রীয় খাতের এমন কোনো নূতন বা বিদ্যমান ভৌত বা অ-ভৌত পরিকাঠামো বা অবকাঠামো যাহার দ্বারা গণপণ্য বা গণসেবা বা উভয়ই সৃষ্টি হয় বা করা হয়;

(৪) “কর্তৃপক্ষ” অর্থ ধারা ৪ এ উল্লিখিত ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ;

(৫) “ক্ষুদ্রাকার পিপিপি প্রকল্প” অর্থ গাইডলাইন দ্বারা নির্ধারিত মানদণ্ড অনুযায়ী ক্ষুদ্রাকার পিপিপি প্রকল্পের শ্রেণিভুক্ত যে কোনো পিপিপি প্রকল্প;

(৬) “গণপণ্য” অর্থ এমন কোনো পণ্য যাহা সর্বসাধারণের জন্য রাষ্ট্রীয় খাতের অবকাঠামো হইতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উৎপাদিত বা উৎসারিত বা সৃষ্টি হয় বা করা হয়;

(৭) “গণসেবা” অর্থ এমন কোনো সেবা যাহা সর্বসাধারণের জন্য রাষ্ট্রীয় অবকাঠামো হইতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উৎপাদিত বা উৎসারিত বা সৃষ্টি হয় বা করা হয়;

(৮) “গভর্নিং বোর্ড” অর্থ ধারা ৭ এর অধীন গঠিত গভর্নিং বোর্ড;

(৯) “গাইডলাইন” বা “নির্দেশিকা” অর্থ এই আইনের অধীন প্রণীত গাইডলাইন;

(১০) “চুক্তিকারী কর্তৃপক্ষ” অর্থ কোনো মন্ত্রণালয় বা বিভাগ বা তদধীন কোনো দপ্তর বা অধিদপ্তর বা পরিদপ্তর, বা কর্পোরেশন বা সংবিধিবদ্ধ সংস্থা, স্থানীয় সরকার, বা অনুরূপ কোনো সংস্থা, বা কর্তৃপক্ষ;

(১১) “জিটুজি অংশীদারিত্ব” অর্থ বাংলাদেশ সরকার এবং অন্য কোনো দেশের সরকারের মধ্যে স্বাক্ষরিত কোনো দ্বিপাক্ষিক কাঠামো চুক্তি বা সমঝোতা স্মারক বা পারস্পারিক সহযোগিতার অধীন পিপিপি প্রকল্প বা অন্য কোনো প্রকল্প বাস্তবায়ন বা শিল্প প্রকল্প বা শিল্পাঞ্চল প্রতিষ্ঠা ও পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ সরকার বা তৎকর্তৃক মনোনীত কোনো সরকারি সংস্থা, কর্তৃপক্ষ বা প্রতিষ্ঠান বা কোম্পানি এবং অন্য কোনো দেশের সরকার বা তৎকর্তৃক মনোনীত উপযুক্ত কোনো সংস্থা বা প্রতিষ্ঠান বা কোম্পানি এর মধ্যে সম্পাদিত কোনো কোনো অংশীদারিত্ব বা উদ্যোগ;

(১২) “ডেভেলপার” অর্থ শিল্পাঞ্চলে ভৌত অবকাঠামো নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান;

(১৩) “তহবিল” অর্থ এই আইনের ধারা ৫৩ এ উল্লিখিত কর্তৃপক্ষের তহবিল;

(১৪) “নির্ধারিত” অর্থ বিধি, প্রবিধান, গাইডলাইন, নীতি বা আদেশ দ্বারা নির্ধারিত এবং অনুরূপ বিধি, প্রবিধান, গাইডলাইন বা নীতি প্রণীত না হওয়া পর্যন্ত সরকার কর্তৃক সরকারি গেজেটে আদেশ দ্বারা নির্ধারিত;

(১৫) “চেয়ারম্যান” অর্থ কর্তৃপক্ষের চেয়ারম্যান;

(১৬) “সদস্য” অর্থ কর্তৃপক্ষের কোনো সদস্য;

(১৭) “নীতিমালা” অর্থ এই আইনের অধীন প্রণীত নীতিমালা;

(১৮) “পিপিপি প্রকল্প” অর্থ রাষ্ট্রীয় খাতের এমন কোনো প্রকল্প যাহা সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে বাস্তবায়নের জন্য গৃহীত;

(১৯) “প্রকল্প” অর্থ এমন কোনো কর্মকাণ্ড বা কর্মসূচি বা উভয়ের সমষ্টি যাহার মাধ্যমে নিম্নরূপ পরিকল্পনা বা কার্যক্রম গ্রহণ করা হয়। যথা:

(ক) নূতন কোনো অবকাঠামো নির্মাণ বা পরিচালনা বা উভয় করিবার পরিকল্পনা;

(খ) বিদ্যমান কোনো অবকাঠামো বিনির্মাণ বা পরিচালনা বা উভয় করিবার পরিকল্পনা;

(গ) দফা (ক) ও (খ) এ বর্ণিত উভয় কর্মকাণ্ড করিবার পরিকল্পনা;

(ঘ) কোনো অবকাঠামোর সুবিধার সহিত সংযুক্ত নহে এমন সকল পণ্য বা সেবা সরবরাহ; বা

(ঙ) কোনো চুক্তিকারী কর্তৃপক্ষের মালিকানাধীন বা আওতাধীন কোনো সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতকল্পে, নির্ধারিত আইনি কাঠামোর মাধ্যমে নির্দিষ্ট মেয়াদের জন্য উক্ত সম্পদের স্বল্প কিংবা দীর্ঘ মেয়াদী লীজ মূলে হস্তান্তর বা ব্যবহারের অধিকার প্রদান করার পরিকল্পনা;

(২০) “প্রকল্প কোম্পানি” অর্থ ধারা ৪১ এর অধীন গঠিত কোনো কোম্পানি এবং উক্ত অর্থে বেসরকারি অংশীদারও অন্তর্ভুক্ত হইবে;

(২১) “প্রণোদনা” অর্থ বিনিয়োগকে উৎসাহিত করিবার জন্য সরকার কর্তৃক, সময় সময়, প্রদত্ত বা ঘোষিত কোনো সাধারণ বা বিশেষ সুবিধা বা ভর্তুকি এবং উক্ত অর্থে পিপিপি খাতে ডেভেলপার/বিনিয়োগকারীকে আর্থিক ও নীতিগত সুবিধাও অন্তর্ভুক্ত হইবে এবং উক্ত প্রণোদনা বিনিয়োগকারী, ডেভেলপার, অপারেটর এর ক্ষেত্রেও প্রযোজ্য হইবে;

(২২) “প্রবিধান” অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধিমালা;

(২৩) “বেসরকারি অংশীদার” অর্থ চুক্তিকারী কর্তৃপক্ষ ব্যতীত চুক্তির অপর পক্ষ এবং উক্ত অর্থে প্রকল্প কোম্পানি বা উহার ইকুইটি সরবরাহকারী (Equity Provider) অন্তর্ভুক্ত হইবে;

(২৪) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি;

(২৫) “বেসরকারি খাত” অর্থ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত কিংবা সরকারের জন্য সংরক্ষিত হিসাবে ঘোষিত নহে এইরূপ কোনো শিল্প বা বাণিজ্যিক খাত;

(২৬) “ব্যক্তি” অর্থ প্রাকৃতিক সত্তাবিশিষ্ট কোনো ব্যক্তি এবং ইহাতে কোনো প্রতিষ্ঠান, কোম্পানি, অংশীদারি কারবার, কর্পোরেশন, ফার্ম, সমিতি, সংঘ বা ব্যক্তিসমষ্টি, সংবিধিবদ্ধ হউক বা না হউক, অন্তর্ভুক্ত হইবে;

(২৭) “মন্ত্রিসভা কমিটি” অর্থ Rules of Business, 1996 এর Rule 18 এর অধীন গঠিত Cabinet Committee on Economic Affairs;

(২৮) “শিল্প" (Industry) অর্থ মুনাফা অর্জন বা বাণিজ্যিক উদ্দেশ্যে পরিচালিত এমন কোনো প্রাতিষ্ঠানিক বা সংবিধিবদ্ধ উদ্যোগ, যেখানে প্রযুক্তি, শ্রম, মূলধন, মেধা সম্পদ বা যন্ত্রপাতির উল্লেখযোগ্য ব্যবহারের মাধ্যমে-

(ক) কোনো কাঁচামাল, বস্তু বা সামগ্রীর আদি অবস্থার রূপান্তর, প্রক্রিয়াজাতকরণ বা সংযোজনের (Assembling) দ্বারা নতুন পণ্য উৎপাদন বা পণ্যের মূল্য বৃদ্ধি (Value Addition) করা হয়; অথবা

(খ) স্থায়ী বা মেধা সম্পদের বাণিজ্যিক ব্যবহারের মাধ্যমে রাষ্ট্রীয় নীতি দ্বারা স্বীকৃত কোনো সেবা বা অবকাঠামোমূলক কার্যক্রম সম্পাদন করা হয়।

(২৯) “শিল্প প্রকল্প” অর্থ এ আইনের ধারা ২ (২৮) এর অধীনে বর্ণিত শিল্পের অধীনে বাস্তবায়িত/বাস্তবায়নযোগ্য যে কোনো প্রকল্প;

(৩০) “সরকারি শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠান” অর্থ-

(ক) কোনো শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠান যাহা সরকারের মালিকানাধীন বা নিয়ন্ত্রণাধীন অথবা তৎকর্তৃক স্থাপিত, প্রতিষ্ঠিত, পরিচালিত বা গঠিত কোনো কর্পোরেশন, ট্রাস্ট, বোর্ড, কোম্পানি; অথবা

(খ) অন্য যে কোনো প্রকারের প্রতিষ্ঠান যাহা সরকার হস্তান্তর করিবার অধিকারী; এবং

(গ) দফা (ক) এ উল্লিখিত শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং দফা (খ) এ উল্লিখিত প্রতিষ্ঠানে সরকারের বা উক্তরূপ প্রতিষ্ঠানের কোনো অংশ, স্বত্ব, স্বার্থ বা পরিচালনা বা ব্যবস্থাপনার অধিকারসহ অন্য যে কোনো অধিকারও ইহার অন্তর্ভুক্ত হইবে;

(৩১) “সরকারি-বেসরকারি অংশীদারিত্ব” বা “পিপিপি” অর্থ চুক্তিকারী কর্তৃপক্ষ এবং কোনো বেসরকারি অংশীদারের মধ্যে পিপিপি চুক্তির ব্যবস্থা যাহার অধীন-

(ক) উক্ত বেসরকারি অংশীদার কোনো প্রকল্প বাস্তবায়ন, গণপণ্য উৎপাদন ও সরবরাহ, সরকারি কোন কার্য সম্পাদন, চুক্তিকারী কর্তৃপক্ষের পক্ষে সেবা প্রদান অথবা চুক্তিকারী কর্তৃপক্ষের মালিকানাধীন বা আওতাধীন কোনো সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার প্রতিশ্রুতি/দায়িত্ব গ্রহণ করে;

(খ) বেসরকারি অংশীদার দফা (ক) এ বর্ণিত কর্মকাণ্ড করিবার ক্ষেত্রে-

(অ) সরকারি তহবিল হইতে প্রকল্প বাস্তবায়ন, গণপণ্য, কার্য বা সেবার মূল্য গ্রহণ করে; বা

(আ) ক্রয়কারী ব্যবহারকারী বা সেবাগ্রহণকারীর নিকট হইতে তৎকর্তৃক (বেসরকারি অংশীদার) আদায়কৃত মাশুল/লেভি বা ফি গ্রহণ করে; বা

(ই) দফা (অ) এবং দফা (আ) এ উল্লিখিত গণপণ্য, কার্য বা সেবার মূল্য এবং মাশুল বা লেভি বা ফি সমন্বিতভাবে গ্রহণ করে; বা

(ঈ) চুক্তিকারী কর্তৃপক্ষকে উক্ত পিপিপি চুক্তির ব্যবস্থার শর্তানুসারে ফি, রয়্যালটি, মাশুল, লাভের অংশ, রাজস্বের অংশ বা অন্য যেকোনো প্রকার অর্থ প্রদান করে; এবং

(গ) সরকার বা চুক্তিকারী কর্তৃপক্ষ এবং বেসরকারি অংশীদার উক্ত পিপিপি চুক্তিয় ব্যবস্থার শর্তানুসারে উভয়ে নিজ নিজ ভূমিকা, দায়িত্ব, ঝুঁকি ও সুবিধা বণ্টন করে;

(৩২) “শিল্পাঞ্চল” অর্থ ধারা ১৬ এর অধীন সরকার কর্তৃক ঘোষিত কোনো শিল্পাঞ্চল এবং এই আইন প্রবর্তনের পূর্বের সকল ধরনের অর্থনৈতিক অঞ্চল, মুক্ত বাণিজ্য অঞ্চল, বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলও ইহার অন্তর্ভুক্ত হইবে;

আইনের প্রাধান্য

৩। আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের বিধানাবলি প্রাধান্য পাইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs