প্রিন্ট
প্রথম অধ্যায়
প্রারম্ভিক
২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই অধ্যাদেশে,-
(ক) “অবসায়ন” অর্থ ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১ এর ধারা ৬৫, ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫ এর ধারা ৪৮ এবং ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩ এর ধারা ৫১ এর অধীন অবসায়ন;
(খ) “আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান” অর্থ আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF), আন্তর্জাতিক পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংক (IBRD), আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (IDA), এশীয় উন্নয়ন ব্যাংক (ADB), ইসলামী উন্নয়ন ব্যাংক (IDB) এবং অনুরূপ প্রতিষ্ঠানসমূহ;
(গ) “আমানত” অর্থ সুদ বা মুনাফাভিত্তিক অথবা সুদ বা মুনাফাবিহীন চাহিবামাত্র বা অন্য কোনোভাবে পরিশোধের সকল শর্তসংবলিত কোনো সদস্য প্রতিষ্ঠান কর্তৃক স্থানান্তর বা রসিদের মাধ্যমে মেয়াদি বা চাহিদামাত্র প্রদেয় শর্তে গৃহীত অর্থ;
(ঘ) “আমানতকারী” অর্থ কোনো স্বাভাবিক ব্যক্তি (natural person) বা আইনি সত্তা (legal person) যাহার কোনো সদস্য প্রতিষ্ঠানে অন্তত একটি আমানত হিসাব রহিয়াছে;
(ঙ) “আমানত সুরক্ষা” অর্থ কোনো সদস্য প্রতিষ্ঠান অবসায়নের ক্ষেত্রে উহার আমানতকারীগণকে সুরক্ষিত আমানত পরিশোধের নিশ্চয়তা;
(চ) “আমানত সুরক্ষা তহবিল” বা “তহবিল” অর্থ ধারা ১০ এর অধীন গঠিত তহবিল;
(ছ) “আমানত সুরক্ষা বিভাগ” অর্থ ধারা ৫ এ উল্লিখিত বিভাগ;
(জ) “ট্রাস্টি বোর্ড” অর্থ ধারা ৮ এ উল্লিখিত ট্রাস্টি বোর্ড;
(ঝ) “তহবিলের ঘাটতি” অর্থ তহবিলের ব্যবহারযোগ্য স্থিতি এবং ধারা ১৬ এর উপ-ধারা (১), (২) এবং (৬) এ উল্লিখিত অর্থায়নে প্রয়োজনীয় টাকায় প্রকাশিত অর্থের পার্থক্য;
(ঞ) “নিরীক্ষক” অর্থ ফাইনান্সিয়াল রিপোর্টিং আইন, ২০১৫ (২০১৫ সনের ১৬ নং আইন) এর ধারা ২ এর দফা ১৩ বা ১৫-তে সংজ্ঞায়িত নিরীক্ষক বা নিরীক্ষা ফার্ম যিনি বা যাহা ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক তালিকাভুক্ত;
(ট) “প্রিমিয়াম” অর্থ এই অধ্যাদেশের অধীন সুরক্ষা প্রাপ্তি নিশ্চিতকরণের জন্য কোনো সদস্য প্রতিষ্ঠান কর্তৃক ধারা ১৩, ১৪ এবং ১৫ এর আওতায় প্রদত্ত অর্থ;
(ঠ) “ফাইন্যান্স কোম্পানি” অর্থ ফাইন্যান্স কোম্পানি আইন, ২০১৩ (২০২৩ সনের ৫৯ নং আইন) এর ধারা ২ এর দফা (১৭) তে সংজ্ঞায়িত ফাইন্যান্স কোম্পানি;
(ড) “বাংলাদেশ ব্যাংক” অর্থ Bangladesh Bank Order. 1972 (P.O. No. 127 of 1972) এর section 3 এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ ব্যাংক;
(ঢ) “ব্যাংক কোম্পানি” অর্থ Bangladesh Bank Order, 1972 (P.O. No. 127 of 1972) এর section 2 এর দফা (j) এর অধীন সংজ্ঞায়িত কোনো তফসিলি ব্যাংক;
(ণ) “ব্রিজ ব্যাংক” অর্থ ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫ (২০২৫ সনের ১৯ নং অধ্যাদেশ) এর ধারা ৩ এর দফা (৩৪) এ সংজ্ঞায়িত ব্যাংক;
(ত) “রেজল্যুশন” অর্থ ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫ (২০২৫ সনের ১৯ নং অধ্যাদেশ) এর ধারা ৩ এর দফা (৩৭) এ সংজ্ঞায়িত রেজল্যুশন;
(থ) “রেজল্যুশনের কর্তৃত্ব” অর্থ ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫ (২০২৫ সনের ১৯ নং অধ্যাদেশ) এর ধারা ৫ এ বর্ণিত রেজল্যুশন কর্তৃত্ব;
(দ) “রেজল্যুশনের অধীন তফসিলি ব্যাংক” অর্থ ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫ (২০২৫ সনের ১৯ নং অধ্যাদেশ) এর ধারা ৩ এর দফা (৩৮) এ সংজ্ঞায়িত রেজল্যুশনের অধীন তফসিলি ব্যাংক;
(ধ) “সদস্য প্রতিষ্ঠান” অর্থ ব্যাংক কোম্পানি ও ফাইন্যান্স কোম্পানি;
(ন) “সংকটাপন্ন সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি (Distressed Asset Management Company)” অর্থ ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫ (২০২৫ সনের ১৯ নং অধ্যাদেশ) এর ধারা ২৮ এর উপ-ধারা (৪) এ উল্লিখিত সংকটাপন্ন সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি;
(প) “সুরক্ষা বহির্ভূত আমানত” অর্থ এই অধ্যাদেশের অধীন সুরক্ষিত নহে এইরূপ আমানত, যথা:-
(১) সরকারি আমানত অর্থাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদ এর অধীন প্রণীত Rules of Business, 1996 এর Schedule-I (Allocation of Business among the Different Ministries and Divisions) এর অধীন প্রতিষ্ঠিত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ এবং উহাদের আওতাধীন দপ্তর ও সংস্থার আমানত;
(২) সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানের আমানত;
(৩) সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর ধারা ২ এর দফা (১১), (১৮) ও (১৯) এ সংজ্ঞায়িত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, স্ব-শাসিত সংস্থা এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আমানত;
(৪) বিদেশি সরকারের আমানত;
(৫) বিদেশি সরকারের মালিকানাধীন প্রতিষ্ঠানের আমানত;
(৬) আন্তর্জাতিক সংস্থার আমানত;
(৭) সদস্য প্রতিষ্ঠানের আমানত; এবং
(৮) সদস্য প্রতিষ্ঠানের বৈদেশিক শাখা কর্তৃক সংগৃহীত আমানত;
(ফ) “সুরক্ষাযোগ্য আমানত” অর্থ ধারা ২ এর দফা (প) তে উল্লিখিত সুরক্ষা বহির্ভূত আমানত ব্যতীত অন্য সকল আমানত;
(ব) “সুরক্ষিত আমানত” অর্থ সুরক্ষাযোগ্য আমানতের সেই পরিমাণ অর্থ যাহা ধারা ২১ দ্বারা নির্ধারিত;
(ভ) “সুরক্ষিত আমানতকারী” অর্থ সদস্য প্রতিষ্ঠানে সুরক্ষাযোগ্য আমানত জমা রহিয়াছে এইরূপ কোনো আমানতকারী; এবং
(ম) “হস্তান্তর গ্রহীতা” অর্থ ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫ এর ধারা ২৮ এর উপ-ধারা (১) এ উল্লিখিত তৃতীয় পক্ষ এবং এই অধ্যাদেশের ধারা ২ এর দফা (ণ) তে সংজ্ঞায়িত ব্রিজ ব্যাংক।